'একজন ভূত কী করে এত পুরস্কার জেতে?'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্ণবাদের অভিযোগ তুলে জার্মান জাতীয় দল ছাড়লেন মেসুত ওজিল। ছবি: এএফপি
বর্ণবাদের অভিযোগ তুলে জার্মান জাতীয় দল ছাড়লেন মেসুত ওজিল। ছবি: এএফপি
>ওজিলের অবসরকে নাটক বলায় বায়ার্ন মিউনিখ সভাপতি হোয়েনেসকে পাল্টা তির ছুড়লেন ওজিলের এজেন্ট এরকুত সগুত। বায়ার্ন সভাপতির উদ্দেশে এরকুত বলেন, একজন ভূত কী করে এত পুরস্কার জেতে আর এত সাফল্য পায়?

একদিকে বর্ণবাদের অভিযোগ তুলে মেসুত ওজিলের জার্মান দল থেকে অবসরের ঘোষণা। অন্যদিকে সেই সিদ্ধান্তকে ব্যর্থতা ঢাকার নাটক বলে দিয়ে বায়ার্ন মিউনিখ সভাপতি উলি হোয়েনেসের তির। ব্যাপারটা যে এখানেই থামবে না, তা আন্দাজ করা যাচ্ছিল আগে থেকেই। এবার পাল্টা তির ছুটে এল হোয়েনেসের দিকে। তবে সেটা ওজিল ছোড়েননি, ছুড়েছেন তাঁর এজেন্ট এরকুত সগুত। হোয়েনেস খুবই সস্তা ও গৎ বাঁধা মিথ্যা বলছেন বলে দাবি সগুতের।

জিতলে জার্মান আর হারলে অভিবাসী বলা হয়-এই দাবি করে গত রোববার জার্মান দল থেকে অবসরের ঘোষণা দেন মিডফিল্ডার ওজিল। যেটা শুনে বায়ার্ন মিউনিখ সভাপতি উলি হোয়েনেস বলেছেন, সর্বশেষ কবে ওজিল জার্মানির হয়ে ভালো খেলেছেন, সেটাই তিনি মনে করতে পারেন না। এই ব্যর্থতা ঢাকতেই অবসর-নাটক ফেঁদেছেন ওজিল!

কাল এক বিবৃতিতে হোয়েনেসকে পাল্টা আক্রমণ করে ওজিলের এজেন্ট সগুত বলেছেন, বায়ার্ন সভাপতি মূল বিষয়টা এড়িয়ে মন্তব্য করেছেন। বর্ণবাদ ও বৈষম্য যা প্রতিনিয়ত জার্মান সমাজে বেড়ে চলেছে, সেই প্রসঙ্গ এড়িয়ে গেছেন।এমনকি পারফরম্যান্স নিয়েও হোয়েনেস ওজিলের যে সমালোচনা করেছেন, সেটা ঠিক নয় বলে দাবি সগুতের, ‘২৩ গোল, ৪০ অ্যাসিস্ট, যা জার্মান রেকর্ড ও পাঁচবারের বর্ষসেরা জার্মান ফুটবলার, যার তিনবারই ২০১৪ সালের পরে। অথচ বায়ার্ন প্রধান দাবি করেছেন যে মেসুত নাকি কয়েক বছর ধরেই জাতীয় দলে ভূত হয়ে আছেন! একজন ভূত কী করে এত পুরস্কার জেতে আর এত সাফল্য পায়? ২০১৮ সালের বিশ্বকাপেও মেসুত প্রতি ৯০ মিনিটে যেকোনো খেলোয়াড়ের চেয়ে বেশি সুযোগ তৈরি করেছেন।’

এরপরই সগুত হোয়েনেসকে আসল আক্রমণটা করেছেন, ‘মেসুত যদি এতই খারাপ খেলোয়াড় হয়, তাহলে তাকে নিয়ে জোয়াকিম লো, আর্সেন ওয়েঙ্গার ও হোসে মরিনহো এত প্রশংসা করবেন কেন? এই তিন শীর্ষ কোচই মেসুতকে তার পজিশনে সেরাদের একজন বলে মন্তব্য করেছেন। এটা হাস্যকর যে তিনি (হোয়েনেস) নিজেকে এই তিনজনের চেয়ে বড় ফুটবল-বোদ্ধা মনে করেন। মেসুতকে নিয়ে হোয়েনেসের মন্তব্য পুরোই বানানো ও মিথ্যা। তাঁর মিথ্যাগুলো খুবই সস্তা, গৎ বাঁধা আর তথ্যগুলো ভিত্তিহীন।’

নিজের তুর্কি শিকড় আর ধর্ম নিয়ে ওজিলকে যে ভয়াবহ পরিস্থিতির শিকার হতে হয়েছে, হোয়েনেস সেটা অনুধাবন করতে ব্যর্থ হয়েছেন বলে দাবি সগুতের। মূল বিষয়টা আড়াল করতে গিয়েই বায়ার্ন সভাপতি মিথ্যার আশ্রয় নিয়েছেন বলে মনে করেন ওজিলের এজেন্ট, জার্মানিতে যারা বৈষম্যের শিকার হচ্ছে, ওজিল তাদের হয়ে কথা বলার সাহস দেখিয়েছেন। অভিবাসী, মুসলিম এবং আরও অনেকের হয়ে। হোয়েনেস এদের প্রতিনিধিত্ব করেন না। হোয়েনেস তাদের দলে পড়েন, যাদের এই সমস্যার মুখোমুখি হতে হয় না। তাঁরাই এই বিষয়কে লুকিয়ে রাখতে মিথ্যার আশ্রয় নেন।

অবশ্য শুধু হোয়েনেসই নন, ওজিলের সাম্প্রতিক পারফরম্যান্সের সমালোচনা করেছেন লোথার ম্যাথাউসও। গতকাল স্কাই স্পোর্টসের সঙ্গে এক সাক্ষাৎকারে ১৯৯০ বিশ্বকাপজয়ী জার্মান অধিনায়ক বলেছেন, ‘সর্বশেষ দুই বছর বা ১৮ মাসে সে জাতীয় দলকে সাহায্য করার মতো কিছুই তো করতে পারেনি। বিশ্বকাপে দুই ম্যাচেও সন্তোষজনক ছিল না। এখন তো অন্তত একটা তরুণ খেলোয়াড়ের সুযোগ তৈরি হলো। হয়তো ওর চেয়ে ভালো কেউই জায়গাটা নেবে।’
ওজিল বা তাঁর এজেন্ট কি এখন ম্যাথাউসকেও কিছু একটা জবাব দেবেন?