'একটুর জন্য'র হাহাকারে আর পুড়বে না আর্জেন্টিনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর্জেন্টিনার জার্সিতে বারবার হতাশ হয়ে ফিরেছেন মেসি, আর হতাশ হতে চান না তিনি। ফাইল ছবি
আর্জেন্টিনার জার্সিতে বারবার হতাশ হয়ে ফিরেছেন মেসি, আর হতাশ হতে চান না তিনি। ফাইল ছবি

ধরুন, নতুন কোনো রিপ ভ্যান উইংকেল জেগে উঠলেন আজ। বিশ বছর টানা ঘুমিয়ে জেগে উঠে কী চমকেই না যাবেন। কতটাই না বদলে গেছে পৃথিবী! উইংকেল বিশ বছরের গজানো দাড়িগোঁফের জঙ্গল সাফ করে একটু ধাতস্থ হলে আবিষ্কার করবেন, একটা জিনিস এখনো বদলায়নি। গত বিশ বছরে আর্জেন্টিনা যে জেতেনি কোনো ট্রফি!

৯৩’র কোপা আমেরিকাই সর্বশেষ কোনো টুর্নামেন্ট যেখানে আর্জেন্টিনার ফুটবলাররা ট্রফি উঁচিয়ে উল্লাস করতে পেরেছিল। এর মধ্যে একবার অলিম্পিক ফুটবলে সোনা জিতলেও সে তো আর জাতীয় দলের অর্জন নয়। টানা দুবার ট্রফি ছোঁয়ার নিশ্বাস দূরত্বে গিয়েও আর্জেন্টিনা পারেনি। দুবারই এই বেদনার আগুনে পুড়েছেন এ সময়ের সেরা ফুটবলার লিওনেল মেসি।
সেই মেসি বলছেন, এবার আর একটুর জন্য হাহাকারের হতাশায় পুড়তে হবে না আর্জেন্টিনাকে। দুটি ফাইনাল গিয়েও হেরে যাওয়ার হতাশাই হবে আর্জেন্টিনার শক্তি। মেসির চোখ এ বছর অনুষ্ঠেয় বিশেষ কোপা আমেরিকার দিকে।

আর্জেন্টিনা অধিনায়ক বলেছেন, ‘টানা দুই ফাইনালে এমন হার দুঃখজনক। দুবারই শিরোপাটা দুটি হাত ফসকে গিয়েছে। তবে আমরা একদিন কিছু জেতার স্বপ্নটা পূরণ করবই। আমাদের লক্ষ্য অনেক বড়। গত কিছুদিন আর্জেন্টিনা খুব ভালো খেলছে। আমরা অনেক উন্নতি করছি, দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে জিততে হলে এটা খুবই প্রয়োজন। আমি বিশ্বাস করি এবার আমরা ঘুরে দাঁড়াবই।’

গত দুটি ফাইনালে হারের জন্য ভাগ্যকেও দুষলেন মেসি। বিশ্বকাপ কিংবা কোপা আমেরিকার মতো বড় টুর্নামেন্টের ফাইনাল জিততে যে ভাগ্যটাও পাশে লাগে, ‘জার্মানির বিপক্ষে আমরা পেনাল্টি শ্যুটের কাছাকাছি চলে গিয়েছিলাম, যার জন্য আমরা মানসিকভাবে তৈরিও ছিলাম। আর চিলির বিপক্ষে আমরাই ভালো খেলেছি কিন্তু টাই ব্রেকারে হারতে হয়েছে আমাদের।’
তবে এভাবে আর ব্যর্থ হয়ে ফিরতে চান না মেসি। এ বছরকেই সেই লক্ষ্য পূরণে বেছে নিয়েছেন তিনি, ‘এ বছর আবারও কোপা আমেরিকা হবে এবং গতবারের তুলনায় আমাদের জেতার সুযোগটা আরও বেশি, কারণ আমরা এবার প্রস্তুত থাকব।’