'একদিন না একদিন আর্জেন্টিনায় ফিরব'

২০১৫ সালের ব্যালন ডি’অর জিতে নিয়েছেন লিওনেল মেসি। পঞ্চমবারের মতো এই ট্রফি জেতার আগে বার্সেলোনার হয়ে গত বছরে জিতেছেন পাঁচটি শিরোপা। কাতালান ক্লাবটির হয়ে সাফল্যের চূড়ায় উঠলেও নিজের শেকড়কে ভোলেননি আর্জেন্টাইন তারকা। এখনো ইচ্ছা রাখেন আর্জেন্টিনায় ফেরার।
ব্যালন ডি’অর জেতার পর ফিফাকে দেওয়া সাক্ষাৎকারে উঠে এল সেই ইচ্ছার কথাই, ‘আর্জেন্টিনার ক্লাব ফুটবলে খেলার স্বপ্ন আমার ছোটবেলা থেকেই। পরিস্থিতির কারণে সেটি হয়নি, ইউরোপে আসতে হয়েছে আমাকে। তবে আশা করি, একদিন না একদিন আমি ফিরব।’
আর্জেন্টিনার ফুটবলে আপাতত না ফিরলেও আর্জেন্টিনার ক্লাবের বিপক্ষে ঠিকই খেলে ফেলেছেন মেসি। ক্লাব বিশ্বকাপ ফাইনালেই রিভার প্লেটের বিপক্ষে বার্সেলোনাকে জেতানোর পথে প্রথম গোলটিও দিয়েছিলেন তিনি। এ নিয়ে রিভার প্লেটের সমর্থকদের রোষের মুখেও পড়তে হয়েছিল তাঁকে। মেসি কিন্তু খুব স্বাভাবিকভাবেই নিয়েছেন সেই ঘটনা, ‘আমি জানি তারা কত কষ্ট করে খেলা দেখতে এসেছিল। ম্যাচটি দেখার জন্য সবাই আগ্রহ নিয়ে বসেছিল। আর আমি একজন আর্জেন্টাইন হয়েও কিনা প্রথম গোলটা করলাম, উৎসবটা মাটি করে দিলাম।’
যে গোলকে নিয়ে এত ঘটনা, যার কারণে প্লেট-সমর্থকেরা থুতু নিক্ষেপ করলেন মেসির দিকে, সেই গোলের পর কিন্তু উদ্যাপন করেননি মেসি। উল্টো হাত তুলে খানিকটা ক্ষমা চাওয়ার ভঙ্গিও করেছিলেন। কিন্তু মেসি সেটিকেও খুব গুরুত্ব দিতে চাইলেন না, ‘আমি জানি না সেটাকে পুরোপুরি দুঃখ প্রকাশ করা বলা যায় কি না, কাছাকাছি কিছু একটা ছিল।’
ক্লাবের হয়ে তো সবই জিতলেন, আর্জেন্টিনার হয়ে কি শিরোপাশূন্যই থাকবেন মেসি? এই প্রশ্নে আশাবাদী মেসি, ‘আমি জানি না কবে হবে সেটা, কিন্তু আমরা বেশ কিছু ফাইনাল খেলেছি। এবার আমাদের কিছু জেতার সময় এসেছে, এটা আমাদের প্রাপ্য।’ এএফপি, ফিফাডটকম।