
সিলেটে গত ১৩ নভেম্বর শুরু হয়েছে বাফুফের অনেক স্বপ্নের ফুটবল একাডেমি। নতুন এক দিগন্ত খুলে গেছে একদল কিশোরের সামনে। এই কদিনে একাডেমিতে থাকার অভিজ্ঞতার কথা জানাল অনূর্ধ্ব-১৩ বিভাগে ঠাকুরগাঁওয়ের কিশোর জাকির হোসেন
:কেমন কাটছে একাডেমির দিনগুলো?
জাকির হোসেন: শুরুর দিকে একটু খারাপ লাগত। মনে হতো কবে বাড়ি ফিরে যাব। আস্তে আস্তে ভালো লাগা শুরু হয়। এখন আমরা সবাই ছুটিতে বাড়িতে এসেছি। কিন্তু আবার সিলেটে গিয়ে অনুশীলন শুরু করতে চাই।
:তোমাদের প্রাত্যহিক রুটিনটা একটু বলবে?
জাকির: প্রতিদিন সকাল সাড়ে সাতটায় অনুশীলন শুরু। দুপুর পর্যন্ত স্যাররা নানা রকম কৌশল শেখান। বিকেলে সেই কৌশল ম্যাচের সময় দেখাতে হয়। সন্ধ্যায় খাওয়ার পর রাত সাড়ে আটটা পর্যন্ত পড়াশোনা। এরপর নয়টার মধ্যে ঘুমাতে যাই। একাডেমির চারপাশে কোনো বাড়িঘর নেই। চারদিকে সুনসান। রাত নয়টার সময় মনে হয় গভীর রাত।
:একাডেমির চারপাশে নাকি শিয়াল ডাকে। তোমরা কি শুনতে পেয়েছ কখনো?
জাকির: হ্যাঁ। রাত একটু বাড়তে শুরু করলেই শিয়াল ডাকে। প্রথম দিন অনেক ভয় লেগেছিল আমার। এখন আর ভয় লাগে না। সাহস হয়ে গেছে।
:তোমরা কী উপলক্ষে ছুটিতে বাড়ি গিয়েছ?
জাকির: বার্ষিক পরীক্ষার জন্য বাড়ি এসেছি। পরীক্ষা শেষ হলে আবার সিলেটে যাব।
:এভাবে কি প্রতিবার পরীক্ষার সময় বাড়িতে যেতে হবে?
জাকির: না, এবারই শেষ। স্যাররা বলেছেন, সিলেটের একটি স্থানীয় স্কুলে আমাদের ভর্তি করে দেবেন। সেখানে ওই স্কুলের স্যাররা এসে আমাদের পড়াশোনা দেখিয়ে যাবেন। পরীক্ষার সময় ওই স্কুলে গিয়ে পরীক্ষা দিয়ে আসলেই চলবে।
:অবসরে তোমরা বন্ধুরা মিলে কী কর?
জাকির: দুপুরে সব বন্ধু একত্র হই। অনেক মজা করি। একেক দিন একেক জনের রুমে গিয়ে বসি। এরপর বলি দোস্ত, তোমার আজকের খেলাটা কেমন হয়েছে? কেউ বলে আজ আমার খেলা ভালো হয়েছে। কেউ বলে, ভালো খেলতে পারিনি। কাল আবার ভালো খেলব। এরপর বিভিন্ন রকমের গল্প করি। গান গাই।
:তোমরা কি গান গাইতে পার?
জাকির: যে যেমন পারে তেমন গায়। সবাই একসঙ্গে গলা মিলিয়ে গান গাই। একজন আরেকজনকে বলি, দোস্ত তুই একটা গান কর। এভাবে সবাই গান করে। আসলে একাডেমিতে আমরা আনন্দেই থাকি। স্যাররা আমাদের কোনো কষ্ট বুঝতে দেন না। শুধু মা-বাবার কথা মনে পড়লে একটু মন খারাপ হয়।
:একাডেমির খাবার-দাবার কেমন লাগছে?
জাকির: বাড়ি থেকে একাডেমির খাবার ভালো। কোনো সমস্যা নেই। এখন পর্যন্ত কেউ অসুস্থ হয়নি। হালকা জ্বর-টর হলে প্রাথমিক চিকিৎসা দেন স্যাররাই। টুকটাক ওষুধ খেলেই সব সেরে যায়।
:এবার বলো বাড়ি ফেরার পর তোমাকে কে কী বলেছে?
জাকির: আমার অনেক বন্ধুবান্ধব আছে এখানে। সবার একটাই কথা, তুই কীভাবে সুযোগ পেয়েছিস একাডেমিতে? আমরাও তোর মতো একাডেমিতে যেতে চাই। এখানে আমি বড় ভাইদের সঙ্গে আগে ফুটবল খেলতাম। আমি ফুটবল খেলা শুরুর আগে ওই ভাইদের খেলার জন্য বল কুড়িয়ে আনতাম। এবার সেই ভাইয়েরা দেখা হলে বলেছে, তুমি ভালো করে খেলবে।