>ফুটবলের এখন চরম দুর্দিন। ভুটানের কাছে হেরে আন্তর্জাতিক অঙ্গন থেকে নির্বাসিত বাংলাদেশ। ফিফা র্যা ঙ্কিংয়ে নামতে নামতে ১৮৮। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের সমালোচনায় তাই সরব হয়ে উঠেছেন সাবেক ফুটবলারদের অনেেক। তাঁদেরই একজন গোলাম সারোয়ার টিপু। ফুটবল সংকট নিয়ে দুজনের সাক্ষাৎকার নিয়েছেন মাসুদ আলম

* জাতীয় দলের র্যাঙ্কিং সব দেশেরই ওঠা-নামা করে। তবে আপনার সময়ে জাতীয় দলের র্যাঙ্কিং সর্বোচ্চ ১৩৮ থেকে ৫০ ধাপ নেমে এখন ১৮৮। সবাই বলছে, ফুটবলের এখন মুমূর্ষু দশা...
কাজী সালাউদ্দিন: র্যাঙ্কিং ওঠা-নামা করে সব দেশেরই। এটা বড় কোনো ব্যাপার নয়। আসলে একেকটি দেশের একেক প্রজন্ম আসে। সব প্রজন্মই ভালো করে না। সেটি হলে ব্রাজিল প্রতি বিশ্বকাপেই চ্যাম্পিয়ন হতো, কিংবা জার্মানি। এসব দলের সঙ্গে বাংলাদেশের তুলনা করছি না, তবে সব সময় আপনি ভালো করবেন না।
* এই পতনের কারণ কী?
সালাউদ্দিন: অনেক কারণ। প্রথমত, জাতীয় দল একটা অন্তর্বর্তী সময় পেরোচ্ছে। সিনিয়ররা ভালো করতে পারছে না। নতুনেরা মানিয়ে নিতে পারেনি। অথচ এরাই দশ মাস আগে বঙ্গবন্ধু কাপের ফাইনালে খেলেছে। এসএ গেমসে চ্যাম্পিয়ন হয়েছে ২০১০ সালে। তা ছাড়া আমাদের এখানে দেড়-দুই বছর অনেক নাটক দেখেছি। অস্ট্রেলিয়া ম্যাচের আগের দিন চা পানের কথা বলে ক্যাম্প থেকে প্লেয়ার নিয়ে গেছে একটি ক্লাব (শেখ জামাল ধানমন্ডি)। মানে খেলোয়াড়দের অনুশীলন করতে দেবে না। এটা পৃথিবীর কোথাও হয় না। এসব ক্ষতি করেছে আমাদের।
* কিন্তু জাতীয় দলের ক্যাম্প থেকে একটা ক্লাব কীভাবে খেলোয়াড় নিতে পারল?
সালাউদ্দিন: আমার শক্তি ছিল না, তাই ক্লাব আমার ওপর জোর করেছে। নির্বাচনের আগে তারা বন্দুক নিয়ে হোটেলে এসেছে। এগুলো খেলোয়াড়দের ভুল বার্তা দিয়েছে। আমি বলব, দু-তিনটি ক্লাব আমার ইউনিটি ভেঙে ফেলেছে।
* ক্লাবের চাপ সামলে বা ক্লাবগুলোকে সঙ্গে নিয়ে দেশের ফুটবলকে আপনি এগিয়ে নেবেন, এই প্রত্যাশার সঙ্গে প্রাপ্তি তো মেলেনি...
সালাউদ্দিন: সামনে মিলবে। আগে হয়নি, কারণ আমরা জাতীয় দলের পেছনে কোটি কোটি টাকা খরচ করে দেখলাম, ওটা কাজ করেনি। সেটা থেকে শিক্ষা নিয়ে এখন আমরা ইউটার্ন নিয়েছি। সাড়ে তিন বছর আছে হাতে, সর্বাত্মক চেষ্টা করব। এই সময় সফল হলে ভালো, নইলে চলে যাব। একটু ধৈর্য ধরতে বলব সবাইকে।
* ভুটানের কাছে এই প্রথম হেরে এশিয়ান কাপের বাছাইপর্বে যেতে পারেনি বাংলাদেশ। আগামী তিন বছর ফিফা-এএফসির ম্যাচ নেই। এই নির্বাসনের জন্য লোকে আপনাকেই দুষছে। দায় এড়াতে পারবেন?
সালাউদ্দিন: দায় নিচ্ছি আমি। তবে শুধু আমার নয়, খেলোয়াড়, ক্লাব সবারই দায় আছে।
* আপনি প্রায়ই বলেন, ‘আমি মাঠে খেলে দিতে পারব না।’ কথাটা ঠিক। কিন্তু জাতীয় দলের জন্য পোশাক পাল্টানোর মতো কোচ বদল আর নানা নাটকই হয়েছে বেশি।
সালাউদ্দিন: আমি আমার কাজটা করেছি। কোচ এনেছি, প্রয়োজনীয় সব দিয়েছি। ম্যাচের ৫-৬ দিন আগেও দল পাঠিয়েছি পরিবেশের সঙ্গে মানিতে নিতে। তারপরও কিছু একটা হয়তো ভুল ছিল। যে কারণে সম্প্রতি ফল আসেনি।
* শেরেবাংলা কাপ জাতীয় ফুটবল, অনূর্ধ্ব-১৯ সোহরাওয়ার্দী কাপ হচ্ছে না অনেক দিন। তাহলে খেলোয়াড় আসবে কোত্থেকে?
সালাউদ্দিন: আপনি বলছেন উঠান ঝাড়া, বাথরুম সাফ, বিছানা তৈরি, পাক করা, খাওয়ানো সবই আমি করব! গোটা দেশের কাজটা কি আমার একার! জেলা কী করছে? তৃণমূল, জেলা, জাতীয় দল সবই আমি করব? তাহলে আমি একাই থাকি ফুটবলে!
* সবকিছু না-ই করলেন, কিন্তু স্কুল ফুটবল আয়োজন তো ফেডারেশনের দায়িত্ব। এটাও গত ছয় বছরে করেনি বাফুফে।
সালাউদ্দিন: স্কুল ফুটবল শুরু করেছিলাম। এরপর আর আমাদের করার দরকার পড়েনি, কারণ সরকার বঙ্গবন্ধু-বঙ্গমাতা নামে পৃথিবীর সবচেয়ে বড় টুর্নামেন্ট করছে।
* ওটা প্রাথমিক স্কুলের টুর্নামেন্ট। ফেডারেশন করবে হাইস্কুল পর্যায়ে। নইলে হাইস্কুলপড়ুয়া ছেলেরা নিজেদের তুলে ধরবে কোথায়?
সালাউদ্দিন: আমাদের এখানে হাইস্কুল পর্যায়ে হয় না। স্কুলপর্যায় বলতে প্রাথমিকই বোঝায়। প্রাইমারি স্কুল থেকে বেরোলে ক্লাব নিয়ে যায়।
* কী বলছেন, প্রাথমিক দূরের কথা, ক্লাবগুলো তো হাইস্কুলের ছেলেদেরই নেয় না! কোনো ক্লাবের যুবদল আছে নাকি! যা-ই হোক, প্রিমিয়ার লিগটা আপনি নিয়মিত মাঠে রেখেছেন এটা ভালো। কিন্তু তৃণমূল অবহেলিতই রয়ে গেছে।
সালাউদ্দিন: লিগ নিয়মিত হওয়া খুব দরকার। নইলে অনেকে খেলা ছেড়ে দেবে। তাই এটার ওপর জোর দিয়েছিলাম। আগের ফেডারেশনের সময় তো লিগের জন্য আন্দোলন করতে হয়েছে ফুটবলারদের। আর ৪৫ বছরে কে কবে তৃণমূলে গেছে, বলুন তো?
* সেভাবে কেউই যায়নি। কিন্তু আপনার কাছে মানুষের প্রত্যাশা বেশি। এ কারণেই এত কথা।
সালাউদ্দিন: আগের পলিসি কাজ না করায় এখন আমি নতুন পলিসিতে যাচ্ছি। ১০ ডিসেম্বর সব জানিয়ে দেব। এসব প্রোগ্রাম বাস্তবায়ন করতে না পারলে মনে করব, আমার এখানে থাকার আর দরকার নেই।
* কিন্তু সাড়ে আট বছর তো কম সময় ছিল না আপনার জন্য। ব্যর্থতার দায় নিয়ে আপনার পদত্যাগের দাবি তো উঠতেই পারে...
সালাউদ্দিন: দেশবাসী আমাকে চার বছর থাকার ম্যান্ডেট দিয়েছে। আমি পদত্যাগ করব না, আমি পালিয়ে যাওয়ার লোক নই। আমাকে ধাক্কা দিয়েও কেউ সরাতে পারবে না। আমি মনে করি, আমার সামনে যে সময়টা আছে, তা কাজে লাগাতে পারব। সোহরাওয়ার্দী, শেরেবাংলা কাপ সবই করব সামনে। না পারলে চলে যাব। কাউকে তা বলতেও হবে না।
* আপনি ভিশন ২০২২ বিশ্বকাপ ঘোষণা করে দিলেন, কিন্তু এখন তো ওই প্রসঙ্গ তোলাটাই হাস্যকর।
সালাউদ্দিন: ওটা একট ড্রিম। সব ড্রিমই পূরণ হবে, তা নয়। তবে ২০২২ আসতে আরও ছয় বছর। প্লিজ, ডোন্ট ফরগেট।
* ভুটানের কাছে হারের পরও এ কথা বলছেন?
সালাউদ্দিন: হ্যাঁ, বলছি। ভিশন ২০২২ ঘোষণার সময়ই আমি বলেছিলাম, আমরা এশিয়ান সেরা ২০-এ যেতে পারলে সেটা হবে বিরাট সাফল্য। তাই এখন আমি পরিকল্পনা করছি যুবভিত্তিক। যেভাবে অনূর্ধ্ব-১৬ মেয়েরা ভালো করেছে।
* অনূর্ধ্ব-১৬ সাফজয়ী দলটিকে পরিচর্যার ঘোষণা দিলেও কার্যকর হয়নি। ওই দলের গোলরক্ষক ফয়সাল আহমেদ হতাশায় পুলিশের কনস্টেবল পদে যোগ দিয়েছেন। গত দুই বছরে অনূর্ধ্ব-১৪ দলকে দুবার বিদেশে খেলতে পাঠালেন না। কেন?
সালাউদ্দিন: যুবাদের সঙ্গে কাজ করতে গিয়ে দেখলাম, ৪-৫টা ছেলের সম্ভাবনা ছিল, কিন্তু ওরা পয়সা পেয়ে ক্লাবে চলে গেছে। বাকিদের তেমন প্রতিভা নেই! অনূর্ধ্ব-১৪ দলকে বিদেশে পাঠানোর কারণটাই বুঝি না। তেমন দলও ছিল না আমাদের। অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ নিয়ে ক্লাব কাজ না করায় এখন আমরা করব। বর্ষপঞ্জিতে সব পাবেন।
* বাফুফের বর্ষপঞ্জি তো কাগজে–কলমেই থাকে। অনেক কিছুরই বাস্তবায়ন হয় না।
সালাউদ্দিন: এবার হবে। আমি বলছি, আর্থিক সহযোগিতাসহ ক্যালেন্ডার ফলো হবে।
* সিলেট বিকেএসপিতে একাডেমিটাও তো হলো না। এক বছরেই বন্ধ। এটা নিয়ে কী বলবেন?
সালাউদ্দিন: বাস্তব অবস্থাটা বুঝতে হবে। সিলেট বিকেএসপিতে পুরো কাঠামো ছিল না। পাঁচ বছরের জন্য কোনো স্পনসরও আসতে চায়নি। সরকারও চাইছিল ফেরত নিয়ে নিতে।
* ফেডারেশনের আর্থিক স্বচ্ছতা নিয়েও তো একটি পক্ষ প্রশ্ন তুলেই যাচ্ছে।
সালাউদ্দিন: এটা মিথ্যা। ফিফার কাছে ১০০টা চিঠি পাঠানো হলো নির্বাচনের আগে। অথচ ফিফা বলে গেছে, এখানে তারা কিছু পায়নি। আর দুর্নীতি কেউ প্রমাণ করতে পারলে জেলে যাব আগেই বলেছি।
* আপনি বাফুফের সভাপতি হওয়ার পর অনেক বড় বড় স্পনসর এসেছে। কিন্তু দেখা যাচ্ছে কোনো স্পনসরই বেশি দিন থাকছে না। কেন?
সালাউদ্দিন: আমার এখানকার একটা গ্রুপের সঙ্গে কিছু সাংবাদিক ও ক্লাব কর্মকর্তা স্পনসরকে ভয় দেখিয়ে বলেছে আমার এখানে যোগ না দিতে। আমি ওটার টেপ শুনিয়ে দিতে পারব।
* ফেডারেশনের অনেকেই বলেন, তাঁদের কিছুই আপনি জানান না। টিমওয়ার্ক নেই, ফুটবল উন্নয়ন নিয়ে আলোচনা হয় না।
সালাউদ্দিন: এটা ফেডারেশনের রাজনীতি। আর কিছু বলার নেই।
অারও পড়ুন : ‘কথা নয়, কাজ দরকার’