
তাঁর গোলেই ২৮ বছর পর এশিয়ান গেমসে জয় পেল বাংলাদেশ। মামুনুল ইসলাম অন্যদের চেয়ে একটু বেশিই উচ্ছ্বসিত ছিলেন কাল। ইনচন থেকে ফোনে কথা বলার সময় সেটি ধরাও পড়ল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দলের অধিনায়কের কণ্ঠে
অভিনন্দন। কথা রেখেছেন আপনি। আফগানিস্তান ম্যাচটাকেই পাখির চোখ করে গিয়েছেন এশিয়াডে...
মামুনুল ইসলাম: সবাইকে ধন্যবাদ। আমি বলে এসেছিলাম আফগানিস্তান ম্যাচটাই আমাদের আসল ম্যাচ। সেই ম্যাচে গোল করে দলকে জেতাতে পেরে দারুণ খুশি লাগছে।
এখন তো শেষ ম্যাচে হংকংকে হারাতে পারলে দ্বিতীয় রাউন্ডে যাওয়াও সম্ভব। কী মনে হয়, পারবেন?
মামুনুল: আফগানিস্তানের বিপক্ষে জয়টা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। আমরা অবশ্যই চেষ্টা করব সুযোগটা কাজে লাগাতে। অসম্ভব মনে হচ্ছে না। র্যাঙ্কিংয়ের দিক থেকে হংকং (১৬১) বাংলাদেশের (১৭০) কাছাকাছিই। কাজেই হংকংকে হারিয়ে আমরা দ্বিতীয় রাউন্ডে উঠে ইতিহাস গড়তে চাই।
দলের অন্য খেলোয়াড়েরা কী বলছেন, তাঁরাও কি আপনার মতো ইতিহাস গড়ার দিকে তাকিয়ে?
মামুনুল: সবাই আশাবাদী। আজ (গতকাল) প্রথমার্ধে আমরা ভালো খেলেছি। কিছু সুযোগও এসে যায়। দ্বিতীয়ার্ধে আমি গোল করি, শেষ মুহূর্তে জামাল খালি পোস্টে বল পাঠাতে পারল না, নইলে ২-০ গোলে জিতি। আফগানিস্তান সাফ চ্যাম্পিয়ন। ওদের বিপেক্ষ এই জয়ের পর দলের সব খেলোয়াড়ই প্রতিজ্ঞা করেছে, হংকংকে হারাবই।
কিন্তু তার আগে উজবেকিস্তানের সঙ্গে কঠিন ম্যাচ। ওই ম্যাচটাও কিন্তু গুরুত্বপূর্ণ।
মামুনুল: অবশ্যই সেটা আমরা জানি। তবে উজবেকিস্তান কঠিন একটা দল। আমাদের চেয়ে অনেক এগিয়ে। আজ যেভাবে খেললাম, এভাবে হিসাব কষে খেলতে হবে ওই ম্যাচটাও। আমরা মাঠে এক শ ভাগেরও বেশি দেব। বাকিটা সৃষ্টিকর্তার ইচ্ছা। আমরা দেশবাসীর দোয়া চাই।
মিশু চোট নিয়ে ফিরে এসেছেন। রক্ষণে তাঁর অভাব কতটা অনুভব করেছেন?
মামুনুল: মিশু আমাদের রক্ষণের সেরা খেলোয়াড় ছিল। ওর অভাব পুরোপুরি কাটিয়ে ওঠা যায়নি। অন্যরা ভালো খেললেও মিশু থাকলে আরও ভালো হতো। ও দেশে ফেরার সময় অনেক কান্নাকাটি করেছে। আমরা এই জয়টা মিশুকে উৎসর্গ করলাম। জাহিদ এসে পৌঁছেছে, আশা করি আক্রমণে ভালো ফল আসবে।
কোচ ডি ক্রুইফ কী বলছেন? তাঁর পরিকল্পনা কী?
মামুমুল: কোচখুশি। সামনের ম্যাচ নিয়ে ভাবতে শুরু করেছেন। আমাদের বলেছেন, আফগানিস্তানকে হারানোই শেষ নয়। পরের দুটি ম্যাচেও ভালো করতে হবে। কোচ আজ প্রতি-আক্রমণে যাওয়ার কৌশলই নিয়েছিলেন। বল কেড়ে দ্রুত আক্রমণ। সেটা কাজেও দিয়েছে।
আফগানিস্তান দলের প্রতিক্রিয়া কেমন দেখলেন?
মামুনুল: স্বাভাবিকভাবেইওরা হতাশ। এ সুযোগে একটা কথা বলে রাখি, ফুটবল ফেডারেশন আমাদের এখানে পাঠিয়েছে সাত দিন আগে। এখানে দিনে গরম, রাতে ঠান্ডা। এই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পেরেছি আমরা। যেটা ম্যাচেও প্রভাব ফেলেছে। আফগানিস্তান এসেছে ভেঙে ভেঙে। এই জায়গায় ওদের চেয়ে সুবিধা পেয়েছি আমরা। তা ছাড়া নেপালকে দেশে এনে অনুশীলন ম্যাচ খেলার ফলও পেলাম আমরা।
আপনার নিজের কথা বলুন। কদিন আগে অ্যাটলেটিকো ডি কলকাতায় সই করেছেন। সময়টা ভালোই যাচ্ছে আপনার?
মামুনুল: হ্যাঁ, এটা আমার জন্য উজ্জীবিত হওয়ার মতোই ব্যাপার। তবে এখানেই থেমে থাকতে চাই না। বাংলাদেশ দলকে এশিয়াডের দ্বিতীয় রাউন্ডে নেওয়ার লক্ষ্যে মাঠে এক শ ভাগেরও বেশি দেব।