'এখন ভোরের দিকে যাচ্ছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজী জোসিমউদ্দিন জোসি
কাজী জোসিমউদ্দিন জোসি

২০০৭ সালে চালু হওয়া পেশাদার ফুটবল লিগটা আজও ব্যর্থতার উপাখ্যান হয়ে আছে ঐতিহ্যবাহী মোহামেডানের কাছে। এমনকি এখন আর শিরোপা লড়াইয়েও সেভাবে থাকতে পারে না দলটি। তবু ২৪ জুলাই নবম পেশাদার লিগ শুরুর আগে হতাশায় ভেঙে পড়ছেন না মোহামেডান কোচ কাজী জোসিমউদ্দিন জোসি

l মোহামেডান কোচ হিসেবে শিরোপা জেতার কথা বলতে পারলেন না আজকের (কালকের) সংবাদ সম্মেলনে। মোহামেডানের সাবেক ফুটবলার হিসেবে এটা আপনাকে কতটা কষ্ট দেয়?

জোসিমউদ্দিন জোসি: ব্যক্তিগতভাবে আমি ব্যথিত। পুরো মোহামেডান পরিবারই বলতে পারেন ব্যথিত। চেষ্টা করেও আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি। তবে মধ্যরাত পেরিয়ে আমরা এখন ভোরের দিকে যাচ্ছি। নিশ্চয়ই আমরা চ্যাম্পিয়ন হব, আমাদের সমর্থকেরা আনন্দ-উৎসব করবেন।
l সেই ভোর কি এবার আসবে?
জোসি: এবারই আসুক, সেটা আমি চাই। কিন্তু বাস্তবতা বুঝতে হবে। পালের হাওয়া কোন দিকে যাচ্ছে, সেটাও দেখার। দুই আবাহনীর সঙ্গে শেখ রাসেল এবার শিরোপার বড় দাবিদার। শেখ জামালকেও বাইরে রাখা যাবে না। তবু আমরা নিজেদের সেরাটা দেব, কিছু করতে সর্বাত্মক চেষ্টাই হবে আমাদের সাফল্যের হাতিয়ার।
l ভালো করার কথা সব দলই বলছে। কিন্তু মোহামেডানের কাছ থেকে তো সমর্থকেরা চ্যাম্পিয়ন হওয়ার কথা শুনতে চায়।
জোসি: চ্যাম্পিয়ন হতে চাই, কথাটা বলতে পারলে আমার খুব ভালো লাগত। কিন্তু আপনারা নিজেদের চোখ দিয়ে বিশ্লেষণ করলে দেখতে পাবেন, এ বছর মোহামেডান টিমের অবস্থাটা আসলে কী? আমি যদি বলি, হ্যাঁ, চ্যাম্পিয়ন হব তাহলে সেটা অপ্রাসঙ্গিক শোনাবে। চ্যাম্পিয়ন হওয়ার মতো দল মোহামেডান গড়েনি। এটা অপ্রিয় হলেও সত্য কথা, ধ্রুব সত্য কথা। তবে আমি এতটুকু আশা করি, আমাদের এই দল দর্শকদের মন কাড়তে সর্বাত্মক চেষ্টা করবে।

l অনেকে এখন রহমতগঞ্জ, বিজেএমসির চেয়ে খুব একটা আলাদা ভাবে না মোহামেডানকে। যদিও সাদা-কালো জার্সির ওজন অনেক বেশি। জার্সির ভারে কত দূর যাওয়া আসলে সম্ভব?

জোসি: জার্সির একটা আশীর্বাদ তো থাকেই। তবে মাঠে ভালো খেলার বিকল্প নেই। আমরা সবাই মিলে আসলে মোহামেডানকে এগিয়ে নিতে চাই। গতবার আমার অধীনে মোহামেডান তৃতীয় হয়েছে। আশা করি, এবারও আমরা ভালো করব। আমি সেরা তিনে থাকতে পারলে খুশি হব।

l এবার মোহামেডানের এই দল থেকে জাতীয় দলের ৩৩ জনের ক্যাম্পে ডাক পেয়েছেন মাত্র একজন। এটা কি মোহামেডানের ঐতিহ্যের সঙ্গে যায়?

জোসি: আমাদের টিমটা আসলে নবীনদের নিয়ে গড়া। নবীনেরা ভালো করলে নিশ্চয়ই সামনে জাতীয় দলে ডাক পাবে। আসলে এখন আমরা প্রতিযোগিতার দৌড়ে দুই আবাহনী আর শেখ রাসেলের চেয়ে পিছিয়ে আছি। এটার কারণ অনেক। খেলোয়াড়সংকট থাকায় চাইলেই এখন আর খুব শক্তিশালী দল গড়া যায় না। খেলোয়াড়-স্বল্পতা এখন তীব্র, মানসম্মত খেলোয়াড় তো আরও কম।

l যা-ই হোক, লিগের জন্য প্রস্তুতিটা তাহলে কেমন আপনার দলের?

জোসি: প্রস্তুতিতে কিছুটা পিছিয়ে আছি। রমজানের পর ক্যাম্প বন্ধ ছিল। ১০ তারিখ থেকে শুরু হয়েছে। হাতে যে কদিন সময় আছে তা কাজে লাগিয়ে টিম কম্বিনেশনটা তৈরি করছি।