'এন-এস'-এর হলো বাকি শুধু 'এম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্সেলোনার এখন যা সাফল্য, সেটির বেশি কৃতিত্ব কার? কিছু ভাবার আগেই অনেকের ঠোঁটের ডগায় হয়তো উত্তরটা চলে আসবে—‘এমএসএন’!
লিওনেল মেসি ও নেইমারের সঙ্গে ২০১৪ সালে এসে লুইস সুয়ারেজও যোগ দেওয়ার পর বার্সার আক্রমণভাগ সত্যিই হয়ে ওঠে ধারালো ত্রিফলা। সেটাকেই ধরে রাখার প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছে বার্সেলোনা।
নেইমারের সঙ্গে চুক্তিটা ২০২১ সাল পর্যন্ত বাড়িয়ে নেওয়া হয়েছে অক্টোবরে। মেসি ও সুয়ারেজের সঙ্গে চুক্তির নবায়ন নিয়েও কথা হচ্ছিল কিছুদিন ধরে, এর মধ্যে চুক্তিটা ২০২১ সাল পর্যন্ত নবায়ন করেছেন সুয়ারেজ। কাতালান ক্লাবটি এখন শুধু মেসির সইয়ের অপেক্ষায়, যদিও সেটি নিয়ে ধোঁয়াশা আছে।
বার্সেলোনা আপাতত খুশি সুয়ারেজ চুক্তি বাড়িয়ে নেওয়ায়। ২০১৪ সালে ক্লাবে যোগ দিয়ে ১১৬ ম্যাচে উরুগুইয়ান স্ট্রাইকার করেছেন ৯৭ গোল! ২৯ বছর বয়সীকে ধরে রাখতে বার্সা এতই মরিয়া যে চুক্তিতে ‘রিলিজ ক্লজ’ রেখেছে ২০০ মিলিয়ন ইউরো! এতে সুয়ারেজও খুশি। তবে বার্সা স্ট্রাইকার এখনো পুরোপুরি খুশি হওয়ার অপেক্ষায়, ‘তখনই পুরো সন্তুষ্ট হব, যখন মেসিও চুক্তি নবায়ন করবে।’
বিশ্লেষকদের মত, দুই ‘বন্ধু’ নেইমার ও সুয়ারেজের চুক্তি আগেভাগে বাড়িয়ে বার্সা হয়তো মেসিকেও চুক্তি নবায়নে প্রলুব্ধ করছে। সুয়ারেজ অবশ্য সেভাবে ভাবছেন না, ‘আমার চুক্তি নবায়ন মেসির জন্য কোনো বার্তা নয়। নিজের জন্য কোনটি ভালো, সেটি খুব ভালোভাবেই বুঝবে ও।’
সুয়ারেজের চুক্তি নবায়নের দিনেই সামনে এসেছে ‘ত্রিরত্নে’র বন্ধুত্বের আরেকটি উদাহরণ। দিয়েছেন নেইমার। ২০১৩ সালে বার্সায় আসার পর দলে মানিয়ে নিতে নেইমারকে কীভাবে সাহায্য করেছেন মেসি, সিএনএনকে সেটি বলেছেন নেইমার, ‘এখানে যখন এলাম, শুরুর দিকের সময়টা আমার ক্যারিয়ারের সবচেয়ে সুন্দরতম ছিল না মোটেই। মেসিই তখন আমাকে সাহায্য করেছে। ও দেখেছে আমি হতাশ, মাথা নিচু করে আছি, সময়টাও ভালো যাচ্ছিল না। তখন ও আমাকে বলল, সহজভাবে চালিয়ে যেতে, খুশি থাকতে, যেভাবে খেলতে অভ্যস্ত সেভাবেই খেলে যেতে।’ ইএসপিএন, এএফপি।