'এমসিএন'ও কম কী!

নেইমারের সৌভাগ্য দেখে রীতিমতো হিংসাই হতে পারে অন্য ফুটবলারদের! যেখানেই যাচ্ছেন, পাশে তাল মিলিয়ে খেলার মতো অনেক ফুটবলার পেয়ে যাচ্ছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
এত দিন ছিলেন বার্সেলোনায়, সেখানে পাশে পেয়েছেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেজকে। ‘এমএসএন’খ্যাত যে ত্রয়ী অনেকের চোখেই সর্বকালের অন্যতম সেরা। এই মৌসুমে বার্সেলোনা-অধ্যায় শেষ করে নেইমার এসেছেন পিএসজিতে। এখানে তাঁকে ঘিরেই দুর্দান্ত আরেকটি ত্রয়ী গড়ে উঠেছে। নেইমার, কিলিয়ান এমবাপ্পে ও এডিনসন কাভানি—এমসিএন!
বার্সেলোনার ত্রিরত্নের মতো পিএসজির ‘প্রিন্সরা’ও একসঙ্গে সর্বকালের অন্যতম সেরা ত্রয়ী গড়ে তুলতে পারবেন কি না, তা বলবে ভবিষ্যৎ। তবে বর্তমান যা বলে তা হলো, এই ত্রয়ী মাঠে একসঙ্গে থাকা মানেই গোল! কদিন আগে লিগে মেৎজের বিপক্ষে প্রথমবার একসঙ্গে মাঠে নেমে পিএসজিকে জিতিয়েছিলেন ৫-১ গোলে। পরশু সেল্টিকের মাঠে হলো ত্রিরত্নের চ্যাম্পিয়নস লিগ অভিষেক। এখানেও গোলবন্যা! পিএসজি জিতেছে ৫-০ গোলে।
পরশু এর চেয়েও বড় জয় পেয়েছে চেলসি। আজারবাইজানের ক্লাব কারাবাগকে নিজেদের মাঠে উড়িয়ে দিয়েছে ৬-০ গোলে। জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড ও বায়ার্ন মিউনিখও। নিজেদের মাঠে দুটি দলেরই জয় ৩-০ গোলে, ইউনাইটেড হারিয়েছে বাসেলকে, বায়ার্ন আন্ডারলেখটকে।
কিন্তু নজর বেশি ছিল পিএসজির ওপরই। প্যারিসের ক্লাবটিকে চ্যাম্পিয়নস লিগ জেতানোর স্বপ্ন নিয়েই দলবদলের বিশ্ব রেকর্ড ভেঙেচুরে বার্সা ছেড়েছেন নেইমার। সেই অভিযানের প্রথম ধাপে নেতৃত্বও দিলেন তিনি। ১৯ মিনিটে নেইমারকে দিয়ে শুরু গোল-উৎসব, তাঁর পাস থেকেই ৩৪ মিনিটে দ্বিতীয় গোল এমবাপ্পের। কাভানিই বা বাদ থাকেন কেন! ৪০ মিনিটে পেনাল্টি থেকে তিনিও করলেন ম্যাচে নিজের প্রথম গোল। পিএসজির শেষ দুটি গোল এসেছে ম্যাচের শেষ ১০ মিনিটে, একটি সেল্টিক ডিফেন্ডার মিকেল লুস্টিগের আত্মঘাতী, অন্যটি কাভানির দ্বিতীয়।
জয়, গোল-উৎসব, শুরু থেকেই ত্রিরত্নের দুর্দান্ত ফর্ম—পিএসজি যেন শুরু থেকেই উড়ছে। ফরাসি দৈনিক লা পারিসিয়েন-এরশিরোনাম, ‘বার্তা দিল এমসিএন!’ পিএসজি কোচ উনাই এমেরির কথায়ও যেন থাকল প্রচ্ছন্ন হুমকি, ‘ওরা মাত্র কয়েকটা ম্যাচই একসঙ্গে খেলেছে। তবে এই দলটা আরও অনেক উন্নতি করবে।’
চেলসি কোচ আন্তোনিও কন্তেও চাইলে এমন কথা বলতেই পারেন। কারাবাগের বিপক্ষে বড় জয়টা যে এসেছে মোরাতা-লুইজ-মোজেসদের ছাড়াই। প্রথমার্ধে পেদ্রো ও অভিষিক্ত দাভিদে জাপাকস্তার গোলে এগিয়ে যায় চেলসি, দ্বিতীয়ার্ধে গোল-উৎসবে যোগ দেন সিজার আজপিলিকেতা, তিমু বাকায়োকো ও মিচি বাৎশুয়াই। অন্য গোলটি আত্মঘাতী। তবে নজর কেড়েছে জাপাকস্তার গোলটি। নিজেদের অর্ধে গোলকিপার কোর্তোয়ার পাস ধরে ডান দিক ধরে এগিয়ে যান চেলসির নতুন রাইটব্যাক। কারাবাগ বক্সের ডান দিক থেকে এসে ক্রস করতে চেয়েছিলেন, কিন্তু বল জড়িয়ে যায় জালে!
ইউনাইটেড কোচ হোসে মরিনহোর অবশ্য জিতেও মন খারাপ থাকার কথা। ম্যাচের ১৮ মিনিটেই যে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন পল পগবা! তাতেও অবশ্য ইউনাইটেডের জয় ঠেকাতে পারেনি বাসেল। মারুয়ান ফেলাইনি, রোমেলু লুকাকু ও মার্কাস রাশফোর্ডের গোলে দুর্দান্ত জয়ই পেয়েছে তারা।
ইউনাইটেডের মতো ৩-০ গোলে জিতেও তৃপ্ত নন বায়ার্ন মিউনিখের বায়ার্নের কোচ-খেলোয়াড় কেউই। ম্যাচের ১২ মিনিটে বক্সে রবার্ট লেভানডফস্কিকে ফাউল করে লাল কার্ড দেখেন আন্ডারলেখটের সভেন কুমস! ওই পেনাল্টি থেকে গোল করেন লেভা। কিন্তু বাকি ৭৮ মিনিটে ১০ জনের আন্ডারলেখটের বিপক্ষেও মাত্র ২ গোল! একটি থিয়াগো আলকান্তারার, অন্যটি জশুয়া কিমিখের। সবাই মানছেন, বায়ার্নের আরও উন্নতি করতে হবে।
উন্নতিটা আসলে দ্রুতই করতে হবে কার্লো আনচেলত্তির দলকে। গ্রুপে পরের ম্যাচটা যে পিএসজির মাঠে! উয়েফা, এএফপি।