'এর চেয়ে বড় ফাজলামো হয় না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দর্শকশূন্য স্টেডিয়ামে হয়েছে অলিম্পিয়াকোস-উলভারহ্যাম্পটন ম্যাচ। ছবি: রয়টার্স
দর্শকশূন্য স্টেডিয়ামে হয়েছে অলিম্পিয়াকোস-উলভারহ্যাম্পটন ম্যাচ। ছবি: রয়টার্স

প্রতিপক্ষ অলিম্পিয়াকোসের মালিক ইভানজেলোস মারিয়াঙ্কিস করোনাভাইরাসে আক্রান্ত বলে কদিন আগে জানা গেছে। এমন একটা ক্লাবের তো খেলা পরের কথা, সব কার্যক্রম আপাতত বন্ধ করে দেওয়া উচিত। কিন্তু ম্যাচ স্থগিত রাখার শত অনুরোধ উপেক্ষা করেই সেখানেই কিনা ইউরোপিয়ান টুর্নামেন্টের একটা ম্যাচ চালু রেখেছে উয়েফা!

স্বাভাবিকভাবেই অলিম্পিয়াকোসের মাঠে খেলতে যাওয়া উলভারহ্যাম্পটনের তা পছন্দ হওয়ার কথা নয়। ম্যাচ শেষ পর্যন্ত খেলতে হয়েছেই উলভারহ্যাম্পটনকে। উয়েফা ম্যাচ স্থগিত না করলে এ ছাড়া তো আর কিছু করার উপায়ও নেই। কিন্তু এমন পরিস্থিতিতে ম্যাচ খেলতে হওয়ায় বেশ খেপেছেন উলভস কোচ নুনো এসপিরিতো সান্তো। স্প্যানিশ কোচের কথা, ‘মানুষ মারা যাচ্ছে, আর আমরা ফুটবল খেলছি!’

বিশ্বজুড়ে শতসহস্র প্রাণ কেড়ে নেওয়া করোনাভাইরাস যাতে আরও ছড়াতে না পারে, সে উদ্দেশ্যে একের পর এক ম্যাচ-টুর্নামেন্টই বাতিল হয়ে যাচ্ছে। উয়েফাও আজই তাদের দুই টুর্নামেন্ট চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগে আগামী সপ্তাহের সব ম্যাচ স্থগিত করেছে। কিন্তু সেটি আরও আগে কেন করল না, সেটিই প্রশ্ন। মানুষের জীবন যেখানে সংশয়ে, সেখানে অর্থই কি ছিল উয়েফার ভাবনায়—এমন প্রশ্নও উঠছে।

উলভারহ্যাম্পটন কোচ নুনো এসপিরিতো সান্তো। ছবি: রয়টার্স
উলভারহ্যাম্পটন কোচ নুনো এসপিরিতো সান্তো। ছবি: রয়টার্স

ইউরোপা লিগে কাল অলিম্পিয়াকোস-উলভারহ্যাম্পটন ম্যাচটি অবশ্য দর্শকশূন্য স্টেডিয়ামেই হয়েছে। কিন্তু অলিম্পিয়াকোসের মালিকই যেখানে করোনায় আক্রান্ত, সেখানে খেলোয়াড়দের স্বাস্থ্যও তো পড়েছে ঝুঁকিতে। তারওপর চারদিকে এত মৃত্যু-অসুস্থতা-শঙ্কার এই সংকটময় সময়ে ফুটবলের বিনোদনে মজে থাকার ইচ্ছাও তো খুব বেশি মানুষের নেই!

শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র ম্যাচটির আগে সে কারণেই বেশ খ্যাপা ছিলেন উলভস কোচ নুনো এসপিরিতো সান্তো। বিটি স্পোর্টসে বলেছেন, ‘আপনি এখানে ফুটবল ম্যাচ খেলছেন, আর বিশ্বজুড়ে কী হচ্ছে তা দেখছেন? মানুষ মারা গেছে, মরছে। এর মধ্যে আমরা একটা ফুটবল ম্যাচ খেলছি। এর চেয়ে বড় ফাজলামো হয় না।’