'এল ক্লাসিকো' খেলবেন মেসি?

এল ক্লাসিকোর বাকি আর পাঁচ দিন। আন্তর্জাতিক বিরতি থেকে ফিরেই ২১ নভেম্বর সান্তিয়াগো বার্নাব্যুতে ‘মহারণে’ নেমে পড়বে দুই স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। তার আগে বড় একটা সুখবরই পেল বার্সা। পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরেছেন লিওনেল মেসি। এল ক্লাসিকোতে আর্জেন্টাইন ফরোয়ার্ডের মাঠে নামার সম্ভাবনাও কিছুটা উজ্জ্বল হয়েছে এতে।
গত ২৬ সেপ্টেম্বর বাঁ পায়ের হাঁটুতে চোট পেয়েছিলেন মেসি। এর ঠিক সাত সপ্তাহ পর এই প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন করলেন। বার্সার ওয়েবসাইটে জানানো হয়েছে, শনি ও রোববার বার্সার যুবদল ‘বি’র সঙ্গে দুটি সেশনে অনুশীলন করেছেন মেসি। ২৮ বছর বয়সী ফরোয়ার্ডের সঙ্গে অনুশীলন করেছেন মিডফিল্ডার ইভান রাকিতিচ ও গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেনও।
দলের অনুশীলনে ‘খুশি ও উজ্জীবিত’ মেসিকে পেয়ে খুশি বার্সা ‘বি’ কোচ জেরার্ড, ‘লিও পুরো অনুশীলন করেছে। ওকে চনমনে দেখাচ্ছিল। ওর সেরে ওঠার প্রক্রিয়াটা ভালোভাবেই এগোচ্ছে।’
আন্তর্জাতিক বিরতি থেকে খেলোয়াড়েরা ফেরার পর আগামী মঙ্গলবার মূল দলের প্রথম অনুশীলনেও থাকবেন বার্সার নাম্বার টেন। তবে অনুশীলনে ফিরলেও বার্নাব্যুতে বার্সার জার্সিতে মেসির নামার সম্ভাবনা নিয়ে কিছুটা সংশয় এখনো রয়েই গেছে। গুঞ্জন শোনা যাচ্ছে, বার্নাব্যুর অ্যাওয়ে ডাগআউটে থাকবেন মেসি, নামবেন ম্যাচের শেষ দিকে। তবে কতক্ষণ খেলতে পারবেন এ নিয়ে ধোঁয়াশা থাকছেই।
স্প্যানিশ দৈনিক এল কনফিডেন্সিয়াল বলছে, ক্লাসিকোতে শেষ ৩০ মিনিট মাঠে থাকবেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। তবে মুন্দো দেপোর্তিভোর ভাষ্য, আগামী পাঁচ দিন সবকিছু ঠিকঠাক চললে মেসিকে ৯০ মিনিটই দেখা যাবে মাঠে।
তবে মেসির পুনর্বাসনের প্রক্রিয়া দেখাশোনা করা আর্জেন্টিনা জাতীয় দলের ডাক্তার হোমেরো দি অগুস্তিনো মনে করেন, এল ক্লাসিকোতে মেসিকে মাঠে নামানোর সম্ভাবনা কম। ক্যাদেনা টিভিতে এক সাক্ষাৎকারে অগুস্তিনো বলেছেন, ‘মেসি এল ক্লাসিকো খেলতে পারবে বলে মনে হচ্ছে না। মাত্রই চোট থেকে উঠেছে এমন একজনকে নিয়ে বার্সা কোচ লুইস এনরিকে ঝুঁকি না-ও নিতে পারেন। ওর এখনো চোটের আশঙ্কা আছে। সমস্যাটা হয় যখন ও ইনস্টেপে (পায়ের ভেতরের অংশ) বলে শট নেওয়ার চেষ্টা করে। এতে আবারও চোটে পড়ার শঙ্কা তৈরি হবে।’
স্থায়ী চোটে পড়ার শঙ্কা তো আছেই, মেসিকে নিয়ে লুইস এনরিকে ‘অযথা’ ঝুঁকি না নেওয়ার আরেকটি কারণ হতে পারে নেইমার-সুয়ারেজের ফর্ম। দুজন মিলে মেসির অভাবটা বুঝতে তো দেন-ই নি, উল্টো যেন বার্সাকে করে তুলেছেন আরও ভয়ংকর। লাস পালমাস ম্যাচে চোট পেয়ে মেসি মাঠ ছাড়ার সময়ে বার্সা ছিল লিগে দ্বিতীয় স্থানে, শীর্ষে থাকা দল থেকে ১ পয়েন্ট পিছিয়ে। আর এল ক্লাসিকোতে বার্সা খেলতে নামবে লিগের শীর্ষে থেকেই, দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের চেয়ে ৩ পয়েন্ট এগিয়ে।
এটা সত্যি, এভাবে এগিয়ে যাওয়ার পেছনে অন্য দলগুলোর ফর্মে অধারাবাহিকতাও একটা কারণ। তবে বার্সা যে নিজেদের কাজটা গুছিয়ে নিতে পেরেছে, সে তো নেইমার-সুয়ারেজের কারণেই। এই জায়গায় নেইমারকে কিছুটা এগিয়ে রাখা যায়। মেসিহীন ১০ ম্যাচে ১০ গোলের পাশাপাশি ৬ অ্যাসিস্ট করেছেন ব্রাজিল ফরোয়ার্ড। হয়ে উঠেছেন বার্সার আক্রমণের নেতা। ‘প্রায় ফিট’ মেসির চেয়ে এল ক্লাসিকোতে তাই হয়তো আগুনে ফর্মে থাকা নেইমারের হাতেই বার্সার আক্রমণের ব্যাটনটা তুলে দেবেন কোচ এনরিকে।
সব মিলিয়ে মনে হচ্ছে, সুস্থ হয়ে উঠলেও রিয়াল ম্যাচে মেসির জায়গা হবে বার্সার বেঞ্চেই। এল ক্লাসিকোর সর্বোচ্চ গোলদাতাকে শেষ ৩০ মিনিটে খেলতে দেখার আশা নিয়েই ম্যাচটা দেখার মানসিক প্রস্তুতিটা শুরু করে দিতে পারেন। তথ্যসূত্র: বিবিসি, ইএসপিএন, মার্কা, ওয়াশিংটন পোস্ট, এএস।