'এল ক্লাসিকো'র কিছু ভিন্ন দিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোববার রাতের ‘এল ক্লাসিকো’র একটি দৃশ্য ছবি: এএফপি
রোববার রাতের ‘এল ক্লাসিকো’র একটি দৃশ্য ছবি: এএফপি

লিগ শিরোপার পথে এটি বার্সার বিশাল এক পদক্ষেপই। কাল ন্যু ক্যাম্পে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে বার্সেলোনা এখন অপেক্ষায় স্প্যানিশ লিগের আরও একটি শিরোপার। নিঃসন্দেহে কাল রাতের নায়ক উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ। তাঁর গোলেই যে বার্সা অনেক দূর গেল দারুণ এক গৌরবগাথার পথে। বছরের প্রথম এই ‘এল ক্লাসিকো’ ফুটবল রোমাঞ্চের পসরা নিয়েই হাজির হয়েছিল নিখাদ ফুটবলপ্রেমীদের মধ্যে। রাত জেগে খেলা তো দেখা হলো, এবার না হয় জেনে নিন ন্যু ক্যাম্পে আনন্দ-উত্তেজনার এই ৯০ মিনিটের কিছু ভিন্নধর্মী দিক...

সুয়ারেজে ‘ক্ষতবিক্ষত’ রিয়াল
বিশ্বকাপে ইতালীয় ডিফেন্ডার জর্জো চিয়েলিনির কাঁধে কামড় বসিয়ে বিশ্বময় সমালোচিত হয়েছিলেন সুয়ারেজ। ফুটবলের বাইরে থাকতে হয়েছিল গোটা চার মাস। তাঁকে বার্সেলোনা কেন এতগুলো টাকা দিয়ে দলে ভেড়াল-এই প্রশ্নের উত্তর দিতে দিতে এক প্রকার ক্লান্তই ছিলেন বার্সেলোনার কর্মকর্তারা। গত অক্টোবরে এই রিয়াল মাদ্রিদের বিপক্ষে ‘ক্লাসিকো’ দিয়েই তাঁর বার্সা-অভিষেক। সে ম্যাচটায় অবশ্য বার্সেলোনাকে হারতে হয়েছিল ৩-১ গোলে। নিজেকে প্রমাণের জন্য মরিয়া ছিলেন এই উরুগুইয়ান স্ট্রাইকার। কিন্তু বার্সা সমর্থকদের মন চিরদিনের জন্য জয় করে নিতে তিনি যে সেই রিয়াল মাদ্রিদকেই বেছে নেবেন, সেটা কে ভেবেছিল। পাঁচ মাস পর মৌসুমের আরেক ‘ক্লাসিকো’য় তিনি দাঁত বসালেন রিয়ালের শরীরে। তাঁর জয়সূচক গোলটিই যে রিয়ালকে ব্যথাতুর করে তুলেছে। অনেক সময় আসল কামড়ের চেয়েও পারফরম্যান্সের কামড় ভয়ংকর হয়ে দেখা দিতে পারে। সুয়ারেজ কাল সেটাই প্রমাণ করেছেন।

রোনালদো ‘দ্বৈরথ’ জিতেছেন, মেসি জিতেছেন ‘যুদ্ধ’
কাল রিয়াল-বার্সা ম্যাচের মধ্যে চলছিল আরও এক গুরুত্বপূর্ণ লড়াই। মেসি-রোনালদো লড়াই। ব্যক্তিগত পারফরম্যান্সে একে অন্যের ছাড়িয়ে যাওয়ার লড়াই। সে লড়াইয়ে দারুণভাবেই জিতেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাঁর দারুণ এক গোল ন্যু ক্যাম্পকে স্তব্ধ করে দিয়েছিল ম্যাচের প্রথমার্ধেই। অপর দিকে গোল পাননি মেসি। এটা তো রোনালদো কাছে এক ধরনের পরাজয়ই! কিন্তু তাতে কি! দলের জয়ে চূড়ান্ত ‘যুদ্ধ’টা জয় যে করলেন তিনিই।

জেরার্ড পিকে’র বদলে যাওয়া
মৌসুমের শুরুটা একেবারেই তথৈবচ ছিল জেরার্ড পিকের জন্য। একের পর এক বাজে পারফরম্যান্স তাঁকে নিয়ে গিয়েছিল আত্মবিশ্বাসের তলানিতে। দল থেকে বাদও পড়তে হয়েছে তাঁকে। সেন্টার ব্যাক হিসেবে আস্থার আর কিছুই অবশিষ্ট ছিল না তাঁকে ঘিরে। কিন্তু নতুন বছরের সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই নিজেকে আমূলে পাল্টে ফেলেছেন পিকে। আবারও হয়ে উঠেছেন আস্থার প্রতিমূর্তি হয়ে। পিকের এই ‘বদলে যাওয়া’ দারুণ প্রভাব রাখছে বার্সেলোনার খেলায়। আগের পিকেকে পেয়েই তো সর্বশেষ ১৯ ম্যাচের ১৮ টিতেই জয় পেয়েছে দলটি।

মাদ্রিদের ‘মদরিচ আশা’
গত কিছু দিন রিয়াল মাদ্রিদের যে পারফরম্যান্স, সে তুলনায় ন্যু ক্যাম্পের প্রথম ঘন্টাটা ছিল কোচ কার্লো আনচেলত্তির জন্য আশা জাগানিয়াই। এর মূল কারণ অনেকেই বলছেন লুকা মদরিচের মধ্যমাঠে ফেরা। ক্রোট এই ফুটবলার কাল মধ্যমাঠের দখলটা নিজের পায়ে নিয়ে রিয়ালের আক্রমণগুলোকে দারুণভাবেই ভূমিকা রাখছিলেন। রিয়ালের একমাত্র গোলটিও লুকা মদরিচের বাড়িয়ে দেওয়া বলেই। দীর্ঘ দিন সাইড লাইনে বসে কাটানো মদরিচ অবশ্য নিজের পারফরম্যান্সটা বেশিক্ষণ ধরে রাখতে পারেননি। তাঁর রঙ হারানোয় রঙ হারিয়েছে রিয়ালও। তবে কালকের ‘এল ক্লাসিকো’ প্রমাণ করে দিয়ে গেছে। আগামী দিনগুলোয় মদরিচ রিয়ালের গুরুত্বপূর্ণ অস্ত্রই হয়ে উঠবেন।

ছায়া থেকে বেরোতে পারছেন না বেল-নেইমার
বিরাট হই চই ফেলেই রিয়াল-বার্সা, দুই শিবিরে নাম লিখিয়েছিলেন গ্যারেথ বেল ও নেইমার। কিন্তু বেশ অনেক দিন হয়ে গেলেও এঁরা দু’জন এখনো নিজেদের পরিপূর্ণভাবে মেলে ধরতে পারেননি। দু’জনেই এখনো পড়ে আছেন মেসি-রোনালদোর ছায়াতেই। কালকের ম্যাচটি আবারও যেন সেই ব্যাপারটিই নতুন করে প্রমাণ দিয়ে গেল। বেল অবশ্য নিজেকে দুর্ভাগা ভাবতেই পারেন, তাঁর একটি গোল অফ সাইডের অজুহাতে বাতিল হওয়াতে। কিন্তু নেইমার ছিলেন একবারেই ব্যর্থ। তথ্যসূত্র: এএফপি।