'এল ক্লাসিকো'র জন্য নতুন নয় ইমোজি

‘এল ক্লাসিকো’র জন্য তৈরি হচ্ছে ফুটবল বিশ্ব। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার এ দ্বৈরথের অপেক্ষায় থাকে সমর্থক দল। উত্তেজনাটা থামছে না শুধু ভক্তদের মাঝে, খুদে ব্লগসাইট টুইটারও নেমে পড়েছে ‘এল ক্লাসিকো’ উদ্যাপনে। শুধু এই ম্যাচের জন্য নয়টি ইমোজি বানিয়েছে টুইটার!
ইউরোপিয়ান ফুটবল মানেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড়। ম্যাচের প্রতিটি মুহূর্তে ফেসবুক আর টুইটারে নিজেদের মতামত প্রকাশ। সে কাজটা টুইটারে যেন একটু রঙিন ভাবে করা যায় সে জন্যই ইমোজির আবির্ভাব। রিয়ালের সাদা ও বার্সার নীল-মেরুন মিশিয়ে তৈরি করা হয়েছে হ্যাশট্যাগ এল ক্লাসিকোর লোগো। তবে এ ইমোজির ভাগ্যে সমালোচনাই বেশি জুটেছে। কোনো পক্ষকেই খুশি করতে পারেনি টুইটার। তবে রিয়াল ও বার্সা দুই দলই বার্নাব্যুতে মাঠে নামার আগে এই ইমোজির সর্বোচ্চ ব্যবহার করে নিচ্ছে।
এ ছাড়া রিয়ালকে সমর্থন দিতে তৈরি হয়েছে ‘হালা মাদ্রিদ’, বার্সার ক্ষেত্রে ‘ফোর্সাবার্সা’। আর যদি ম্যাচ ঘুরিয়ে দেওয়া খেলোয়াড়দের নিয়ে টুইট করতে চান তাহলে প্রিয় খেলোয়াড়দের নাম লিখে হ্যাশট্যাগ দিলেই হলো। দুই দলের ছয় খেলোয়াড়ের ক্ষেত্রে তাদের অনুকরণে তৈরি করা কার্টুন চলে আসবে টুইট বার্তায়।
মেসি, রোনালদো তো আছেনই। দুই দলের দুই ‘নম্বর নাইন’ বেনজেমা-সুয়ারেজকেও পাচ্ছেন নতুন ইমোজিতে। আর অবশ্যই যে দুজনকে ছাড়া ‘এল ক্লাসিকো’র কথা ভাবা যায় না, সেই রামোস-পিকেও আছেন ইমোজি রূপে।
মজার ব্যাপার, যেহেতু এই ম্যাচে খেলার সম্ভাবনা খুব কম, তাই নেইমার ও গ্যারেথ বেল বাদ পড়েছেন ইমোজি তালিকা থেকে। তো আর অপেক্ষা কেন, টুইটারে ঢুকুন আর প্রিয় ক্লাব ও তারকার ইমোজি দিয়ে জানিয়ে দিন নিজের সমর্থনের কথা। সূত্র: দ্য সান।