'এল ক্লাসিকো'র পাঁচ কাহন...

‘এল ক্লাসিকো’ তো এখন এক বিরাট ব্র্যান্ডের নাম। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার এই দ্বৈরথের ব্র্যান্ডিংটা এমনভাবে হয়েছে, যা আলোড়ন তোলে দর্শক-হৃদয়ে, উদ্বেলিত করে ফুটবলপ্রেমীদের। ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি যখন ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ে একে অন্যের মুখোমুখি হন, তখন তা পরিণত হয় অন্যগ্রহের এক বিষয়ে। এই মৌসুমের প্রথম ‘এল ক্লাসিকো’ অনুষ্ঠিত হয়ে গেল কাল। রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুর এই ‘ক্লাসিকো’ আবারও উপহার দিয়েছে দারুণ কিছু মুহূর্ত। বার্সেলোনার বিপক্ষে রিয়াল মাদ্রিদের ৩-১ গোলে জয়ের এই ম্যাচ অন্য চোখে দেখিয়েছে অনেক কিছুই। প্রিয় পাঠক, আসুন, একবার চোখ বুলিয়ে নেওয়া যাক অন্য চোখে দেখা মৌসুমের প্রথম ক্লাসিকো-গাথার পাঁচ চুম্বক দিক...
ওই আসছে সুয়ারেজ
নাহ, কাউকে কামড়াতে নয়। বার্সেলোনার হয়ে এই মৌসুমে মাঠ মাতাতেই আসছেন লুইস সুয়ারেজ। কাল বিশ্বকাপের কামড়কাণ্ডের নিষেধাজ্ঞা কাটিয়ে প্রথম খেলতে নেমেছিলেন এই উরুগুইয়ান। বার্সার জার্সি গায়ে প্রতিযোগিতামূলক ফুটবলে নিজের অভিষেকটা স্মরণীয় করেই রেখেছেন তিনি। তাঁর পাসেই বার্সেলোনাকে এগিয়ে দিয়েছিলেন নেইমার। তাঁর আরও একটি দারুণ পাসে মেসি যদি পা লাগাতে পারতেন, তাহলে খেলার ফলটা হয়তো অন্যভাবেই লিখতে হতো। সব মিলিয়ে এল ক্লাসিকোয় সুয়ারেজ কিন্তু নিজের প্রভাবটা রেখেছেন দারুণভাবেই, কেবল বার্সেলোনাকেই জেতাতে পারেননি।
ক্যাসিয়াসের স্বস্তির ম্যাচ
বিশ্বকাপের পর থেকেই সময়টা খারাপ যাচ্ছে রিয়াল মাদ্রিদ গোলরক্ষক ইকার ক্যাসিয়াসের। সময়টা কিছুতেই নিজের দিকে ফেরাতে পারছিলেন বিশ্বের অন্যতম সেরা এই গোলরক্ষক। কাল অবশ্য কোচ কার্লো আনচেলত্তির আস্থার প্রতিদান বেশ ভালোভাবেই রেখেছেন এই অভিজ্ঞ গোলরক্ষক। মেসিকে গোলবঞ্চিত করেছে। তাঁর কমপক্ষে দুটো দুর্দান্ত সেভ রিয়ালের জয়ে রাখছে গুরুত্বপূর্ণ অবদান।
দুরন্ত নেইমার, নিষ্প্রভ মেসি
কাল এই মৌসুমে নিজের একাদশ গোলটি পেলেন নেইমার। সুয়ারেজের পাস থেকে গোলটি কিন্তু করেছেন দারুণই। পেপে ও দানি কারভাহালকে বোকা বানিয়ে যেভাবে তিনি বলটি গোলে ঠেলে দিলেন তা এককথায় ছিল অনন্য। কিন্তু নেইমারের তুলনায় কাল মেসি ছিলেন যথেষ্ট নিষ্প্রভই। রিয়ালের রক্ষণব্যূহের জাল ছিন্ন করতে না পারার ব্যর্থতা তো ছিলই, সেই সঙ্গে তাঁকে বহন করতে হচ্ছে দারুণ এক গোলের সুযোগ নষ্ট করার দায়ভারও। তবে ওই মিসটিতে মেসির ব্যর্থতা যতটা না থাকছে, এর চেয়েও বেশি চোখে পড়ছে ক্যাসিয়াসের কারিশমা।
বার্সার রক্ষণ-দুর্বলতা
বার্সেলোনার রক্ষণের দুর্বলতা যে এই মৌসুমেও দলটাকে ভোগাবে, সেটা কালকের ক্লাসিকোয় নতুন করে জানান দিয়ে গেল। তিন গোলের দুটোই রিয়াল করেছে সেট পিস থেকে। এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগে পিএসজির বিপক্ষে ম্যাচেও এই সেট পিস দুর্বলতা পরাজয়ের কারণ হয়েছিল বার্সেলোনার। কাউন্টার অ্যাটাকও যে বার্সেলোনার রক্ষণব্যূহকে কাঁপিয়ে দেয়, সেটারও নমুনা দেখা গেছে কাল। রিয়াল মাদ্রিদের সমতাসূচক গোলটি যে করিম বেনজেমা করলেন ইনিয়েস্তা ও মাচেরানোর দৃষ্টিকটু ভুল-বোঝাবুঝি থেকেই!
বেলকে মিস করছে না রিয়াল!
চোটের কারণে এই সপ্তাহটা মাঠের বাইরেই থাকতে হচ্ছে রিয়ালের ‘মিলিয়ন ডলার ম্যান’ গ্যারেথ বেলকে। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে বেলের অনুপস্থিতি কিন্তু একেবারেই অনুভব করছে না কার্লো আনচেলত্তির দল। বরং বেল না থাকায় আনচেলত্তি সানন্দেই ৪-৪-২ পদ্ধতি বেছে নিয়েছেন, যা গত এপ্রিলে কোপা দেল রে-তে বার্সেলোনার বিপক্ষে রিয়ালের দারুণ এক জয় এনে দিয়েছিল। তা ছাড়া মধ্যমাঠে বেলের জায়গায় ইসকো কিন্তু চালিয়ে নিচ্ছেন বেশ ভালোই। বেলকে ছাড়াই তো এই সপ্তাহে চ্যাম্পিয়নস লিগে লিভারপুল ও কাল বার্সেলোনার বিপক্ষে ছয়টি গোল পেল রিয়াল। মাঠের বাইরে বসে কী প্রমাদ গুনছেন গ্যারেথ বেল?