'এল বিচিত্রিতা'
ভাগ্যবান
১৯৯৩-৯৪ মৌসুমে রিয়াল মাদ্রিদকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল বার্সেলোনা। সে ম্যাচে বার্সার হয়ে খেলেছেন মাইকেল লাউড্রপ। পরের মৌসুমেই বার্সাকে ঠিক ৫-০ গোলে হারিয়ে বদলা নিয়েছিল রিয়াল। সেবার লাউড্রপ খেলেছেন রিয়ালের হয়ে! ১৯৯৪ সালে বার্সা ছেড়ে রিয়ালে যোগ দিয়েছিলেন তিনি।
দ্বিখণ্ডিত
রিয়াল বনাম বার্সেলোনা প্রশ্নে পুরো স্পেন আসলে দুই ভাগ হয়ে যায়। ২০০৭ সালে স্পেনের সামাজিক গবেষণাকেন্দ্র একটি জরিপ করেছিল। তাতে দেখা যায়, স্পেনের ৩২ শতাংশ মানুষ রিয়ালকে সমর্থন করেন, ২৫ শতাংশ মানুষ সমর্থন করেন বার্সেলোনাকে। তৃতীয় সর্বোচ্চ ৫ শতাংশ মানুষের সমর্থন পায় ভ্যালেন্সিয়া।
শ্রদ্ধার স্যালুট
মাত্র তিনজন বার্সেলোনা খেলোয়াড়কে পুরো সান্তিয়াগো বার্নাব্যু দাঁড়িয়ে শ্রদ্ধা জানিয়েছিল খেলা দেখে মুগ্ধ হয়ে। ১৯৮৩ সালে ডিয়েগো ম্যারাডোনা। ২০০৫ সালে রোনালদিনহো। গত মৌসুমে আন্দ্রেস ইনিয়েস্তা। স্প্যানিশ লিগের কেতা অনুযায়ী লিগ চলার সময়ই কোনো দলের চ্যাম্পিয়নশিপ নিশ্চিত হলে পরের ম্যাচে প্রতিপক্ষ দল ও সমর্থকেরা গার্ড অব অনার জানায়। যাকে বলে ‘এল পাসিও’। এল ক্লাসিকোতে ‘এল পাসিও’র ঘটনা ঘটেছে তিনবার। দুবার পেয়েছে রিয়াল, আরেকবার বার্সা।
বোতলের ফাইনাল
১৯৬৮ সালে রিয়াল মাদ্রিদকে ১-০ গোলে হারিয়ে কোপা ডেল রের ফাইনাল জিতেছিল বার্সেলোনা। বার্নাব্যুতে হওয়া সে ম্যাচে রেফারি আন্তোনিও পক্ষপাতিত্ব করছেন অভিযোগে মাঠে বোতল ছুড়তে শুরু করেন রিয়াল সমর্থকেরা। জেনারেল ফ্রাঙ্কো বোতলভর্তি মাঠেই ট্রফি তুলে দিয়েছিলেন বার্সা অধিনায়কের হাতে।