'এল লোকো'র পাগলাটে পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌসুমের প্রথম ম্যাচ। দুর্বল কাঁ-এর কাছে ১-০ গোলে হার। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে কী ধরনের প্রশ্নের মুখোমুখি হতে পারতেন অলিম্পিক মার্শেই কোচ? পরাজয়ের ব্যবচ্ছেদ, ভুল-শুদ্ধের বিশ্লেষণ, এই তো! কিসের কী? গত শনিবার মার্সেলো বিয়েলসা এক ঘোষণাতেই পুরো সংবাদ সম্মেলনকক্ষকে শ্মশানপুরীর মতো নিস্তব্ধ করে দিলেন। মৌসুম শুরু হতে না-হতেই মার্শেই কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন আর্জেন্টাইন কোচ।
মার্শেইয়ের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে গত মৌসুমেই। কদিন ধরে চুক্তির শর্ত নিয়ে ক্লাব সভাপতির সঙ্গে কথা চলছিল। গুঞ্জন ছিল, চুক্তির ব্যাপারে একমত হয়েও গেছে দুই পক্ষ। এরই মধ্যে সবাইকে হতবাক করে পদত্যাগের ঘোষণা দিলেন বিয়েলসা। পরশু সংবাদ সম্মেলনে নিয়ে আসা চিঠিটি থেকেই পড়ে শোনালেন, ‘এখানে আমার কাজ শেষ। আর্জেন্টিনায় ফিরে যাচ্ছি আমি।’ পদত্যাগের জন্য শেষ মুহূর্তে চুক্তির শর্ত পরিবর্তনে ক্লাবকে দোষারোপ করেছেন বিয়েলসা।
ঘটনায় নাটকীয়তা কিছুটা কম মনে করলেন কিনা, ‘এল লোকো’ তাই চিঠির মূল অংশটুকু পড়তে দিলেন একজন দোভাষীকে। এএফপি, রয়টার্স।