'এসব ইশতেহার বাস্তবায়ন হবে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

১৯৮২ সালে কাজী সালাউদ্দিনের সঙ্গে জেল খেটেছেন আবাহনী-মোহামেডান ম্যাচে গোলমালের জেরে। তারপর লম্বা সময়, সালাউদ্দিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল গোলাম রাব্বানী হেলালের। তবে সাম্প্রতিক কয়েক বছরে দূরত্ব তৈরি হয়েছে তাঁদের মধ্যে। এবার তো বাফুফের নির্বাচনে কাজী সালাউদ্দিনের বিরুদ্ধে সভাপতি পদে প্রার্থীই হয়েছেন। তবে এককভাবে। কেমন দেখছেন সবকিছু? ভোটের হিসাব-নিকাশই বা কী? নির্বাচিত হলে কী করবেন হেলাল? এসবের উত্তরই খোঁজা হলো এই সাক্ষাৎকারে—
* ভোটের মাঠে আপনার দৃশ্যমান কোনো কর্মকাণ্ড তো দেখা যাচ্ছে না।
গোলাম রাব্বানী হেলাল: দৃশ্যমান মানে কী? মিছিল, মিটিং, বক্তৃতা দেব? আমি বক্তৃতা ভালো পারি না। আমার সঙ্গে কথা হচ্ছে কাউন্সিলরদের। এর বাইরে কী করব বলুন?
* দুটি পরিষদ অনুষ্ঠান করছে, সমাবেশ করছে। আপনি করছেন না এ কারণেই এই প্রশ্ন।
হেলাল: সব লোক থাকে ঢাকার বাইরে। তা ছাড়া এটা তো জাতীয় নির্বাচন না। হ্যাঁ, আমি কাউন্সিলরদের কাছে গিয়ে ভোট চাইতে পারি। সমাবেশ তো করতে পারি না।
* আপনি নিজে ভোটার নন। নিজেকে নিজে ভোট দেওয়ার আনন্দ থেকে বঞ্চিত হচ্ছেন। এটাকে কীভাবে দেখছেন?
হেলাল: ফুটবল ফেডারেশনের বিদায়ী কমিটির কর্মকর্তারাও তো ভোটার নন। ভোটার ১৩৪ জন। তাঁরাই ঠিক করবেন সব।
* আপনি নিজের জয়ের ব্যাপারে কতটা আশাবাদী?
হেলাল: কাউন্সিলররা তাঁদের ভোটটা যদি জেনুইনলি দেন, আমাকে দেবেন। সেই আশা নিয়েই নির্বাচনে এসেছি। দেখা যাক ভোটাররা কী করেন।
* সবাই তো বলছেন, প্রতিদ্বন্দ্বিতা সালাউদ্দিন পরিষদ আর ‘বাঁচাও ফুটবল’ পরিষদের মধ্যে।
হেলাল: শুনুন, বাঁচাও ফুটবলের সভাপতি প্রার্থী কামরুল আশরাফ খান যদি তাঁর নিজের ও মনজুর কাদেরের ভোটের বাইরে তৃতীয় ভোটটা পান, তাহলে সেটা হবে টাকার বিনিময়ে।
* এমনটা কেন মনে হচ্ছে আপনার?
হেলাল: মানুষ তাঁকে ভোট দেবে কেন? আপনি হেডলাইন দিতে পারেন, কাউন্সিলররা বিব্রতকর অবস্থায়। কারণ একজন প্রার্থী এই অঙ্গনেরই লোক নন, তিনি টাকা ছড়াচ্ছেন।
* কোনো প্রমাণ আছে আপনার হাতে?
হেলাল: এসব কাজে প্রমাণ থাকে না। সবাই জানে। একটা প্রশ্ন করি, ধরুন আপনি একজন কাউন্সিলর। টাকার বিনিময় ছাড়া আপনি কেন তাঁকে ভোট দেবেন, এটাই তো বোঝাতে পারবেন না। একজনকে ধরে এনে বললাম, প্লেন চালান। এটা হয় নাকি?
* উনি তো বলছেন, নির্বাচন হলে ফুটবলে টাকার সমস্যা হবে না। কালও বললেন, এক শ জন শিল্পপতি এক কোটি টাকা করে দিলে এক শ কোটি টাকা হয়।
হেলাল: এটা তো আমাদের ফা-ও (ফা হচ্ছে ফারুক ইকবাল, আবাহনী ক্লাবে থাকত) বলতে পারে। যে কেউ বলতে পারে। বললেই তো আর হয়ে যায় না। এসব কত শুনেছি! আমি তো দুই পক্ষেরই ইশতেহার দেখলাম। কোনোটাই আসলে বাস্তবায়ন হবে না।
* এত নৈরাশ্যবাদী কেন আপনি?
হেলাল: নৈরাশ্যবাদী না, আমি বাস্তববাদী। ও রকম বক্তৃতা দেওয়া যায়। বক্তৃতার ধরন দেখেও আমি বিস্মিত। কামরুল আশরাফকে প্রথম দিন সংবাদ সম্মেলনে পরিচয় করিয়ে দেওয়ার পর জাতীয় দলের দুজন খেলোয়াড় বললেন, উনি নাকি মোহামেডান আর শেখ জামালের সদস্য। এটা ডাহা মিথ্যা। তাঁকে কাউন্সিলর বানিয়ে আমি এনেছি আমাকে ভোট দিতে। কিন্তু উনি নিজেই দাঁড়িয়ে গেছেন। এটা হয় নাকি?
* আপনার নির্বাচনী ইশতেহার কী?
হেলাল: আমার একটাই ইশতেহার, ঢাকায় খেলোয়াড় আনতে হবে। সেটা করতে পারলে সব সমস্যার সমাধান হবে।
* কীভাবে ঢাকায় খেলোয়াড় আনবেন, একটু বলবেন?
হেলাল: বছরে চার মাস আমি প্রতিটি জেলায় ক্যাম্প করব। কোচ পাঠাব। এতে খেলোয়াড় তৈরি হবে, খেলার মান ভালো হবে। জাতীয় দল ভালো খেলবে। এই একটা উদ্যোগেই অনেক প্রাপ্তি দেখব আমরা।
* কাজী সালাউদ্দিনের সঙ্গে আপনি কাজ করতে এসেছিলেন। কিন্তু পারেননি। দূরত্ব তৈরি হলো কেন?
হেলাল: এটা মতের অমিল। আমি বলেছি, জেলা পর্যায়ে যেতে হবে, ক্যাম্প করতে হবে। উনি আমার কথা শোনেনি, শুনেছেন অন্যদের কথা। যারা ওনাকে বলেছে, এসব ফুটবল ফেডারেশনের কাজ নয়। ফেডারেশন এসব কেন করবে? যেটা আপনারাও জানেন।
* অনেকের সঙ্গে আপনিও বলেন, সালাউদ্দিন আট বছরে আটজন খেলোয়াড়ও তৈরি করতে পারেননি। খেলোয়াড় তৈরির করার মূল দায়িত্ব ক্লাবের। কিন্তু ক্লাবের দায়িত্বহীনতা নিয়ে কিছু বলছেন না কেন?
হেলাল: আমাদের এই ফুটবলের যে মান, এতে কষ্ট করে ক্লাবগুলো যে ক্যাম্প করে কোটি কোটি টাকা খরচ করে ওটাই অনেক। আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করেন। বাংলাদেশের প্রেক্ষাপট তো দেখতে হবে। ফেডারেশনের কাজটা এখানে অনেক। পাতানো খেলতে খেলতে আজ ফুটবলটাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে? ফেডারেশনের লোকেরাই এসব করেছেন।
* সবকিছু মিলিয়ে নির্বাচনী হাওয়া কী বুঝছেন?
হেলাল: ওটা তো ভোটাররা ঠিক করবেন।
* গত নির্বাচনে জ্যেষ্ঠ সহসভাপতি পদে হেরে আপনি আর ফেডারেশনে আসেননি চার বছর। কেন?
হেলাল: আমি হেরে যাওয়ার পর ব্যাপারটা এমন দাঁড়ায় যে, আমার সঙ্গে কথাও আর বলা যাবে না। তার মানে আমি কেউ না। হারের পরও আমি বলেছি, আমি স্পনসর এনে দেব। তারপরও ডাক পাইনি। ফেডারেশনে নানা কাণ্ডকারখানা আছে।
* একজন সভাপতি প্রার্থী তো সরে গেছেন। আপনি শেষ পর্যন্ত থাকবেন তো?
হেলাল: সরে যাওয়ার চিন্তা এখনো নেই। অনেকে কথা বলার চেষ্টা করছে। তবে শেষ পর্যন্ত সমর্থন দিতে হলে সালাউদ্দিন ভাইকেই দেব, কোনভাবেই কামরুল আশরাফকে নয়।