'ওয়েঙ্গার দাদু' টিকিয়া আছেন!

ফুটবলে কোচ নাকি দুই রকম। একদল বরখাস্ত হয়েছে, আরেক দল বরখাস্ত হতে যাচ্ছে। বার্ন ফিলিপসের এই অমর উক্তি আবার আর্সেনাল কোচের সামনে বলতে যাবেন না। আর্সেন ওয়েঙ্গার ‘নেক্সট জোকস প্লিজ’ বলে উড়িয়ে দেবেন। কোচ আসে কোচ যায় তত্ত্ব সবচেয়ে বেশি খাটে যে লিগে, সেখানেই টানা ২০ বছর ধরে একটি দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন। ওয়েঙ্গারের সামনে এ ধরনের কথা না বলাই ভালো।
কিছুদিন আগেই ব্রেন্ডন রজার্সকে বরখাস্ত করল লিভারপুল। রজার্সের বরখাস্তের খবরে দুঃখ প্রকাশ করেছেন ওয়েঙ্গার। খুব পরিচিত এক খবর। গত দুই দশকে কোচ ছাঁটাই নিয়ে তো কম কথা বলেননি ওয়েঙ্গার! গত দুই দশকে প্রিমিয়ার লিগে অনেক কিছুই ঘটেছে। অনেক পরাশক্তি হারিয়ে গেছে, নতুন অনেক পরাশক্তির উদয় হয়েছে। কিন্তু আর্সেনাল ঠিকই পুরোসময় জুড়ে শিরোপা প্রত্যাশীদের তালিকায় থেকেছে।
এই বিশাল সময়ে আর্সেনালের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে যদি কেবল পাঁচটি দলকেও (ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল, চেলসি, ম্যানচেস্টার সিটি এবং টটেনহাম হটস্পার) বেছে নেওয়া হয়, তবে মজার একটি বিষয় দেখা যাচ্ছে। এই সময়ে পাঁচটি ক্লাব তাদের ডাগ আউটে মোট ৫১ জন কোচকে দাঁড়াতে দেখেছে! কিন্তু রয়ে গেছেন ওয়েঙ্গার। এই সময়ের বিশাল অংশজুড়ে ইউনাইটেডের দায়িত্বে ছিলেন অ্যালেক্স ফার্গুসন। না হলে তালিকায় কোচের সংখ্যা কেবল ৫১ না হয়ে আরও বাড়তেই পারত!
এই ফরাসির কোচের এমন দীর্ঘ মেয়াদে টিকে থাকার রহস্যটা কী? কেন এক দশক ধরে লিগ শিরোপা জিততে ব্যর্থ হওয়ার পরও তাঁকে বরখাস্ত করার সাহস দেখায় না আর্সেনাল? এ প্রশ্নের উত্তর পাওয়া যাবে আর্সেনালের গত বিশ বছরের ইতিহাস ঘাঁটলে।
দায়িত্ব পেয়েই আর্সেনালকে লিগের তৃতীয় স্থানে তুলে এনেছিলেন ওয়েঙ্গার। আর পরের বছর তো ক্লাবকে লিগ এবং কাপ এর ডাবল জিতিয়ে দিয়েছিলেন। প্রথম আট বছরেই প্রিমিয়ার লিগ জিতেছেন তিনবার। সর্বশেষ যখন লিগ জিতল আর্সেনাল, সেবার তো লিগে অজেয়ই ছিল ‘গানার’রা। ইংলিশ লিগে এক শ বছরে আর কোনো দল অপরাজিত চ্যাম্পিয়ন হতে পারেনি।
এরপর কেটে গেছে ১১ বছর। এ সময়ে প্রিমিয়ার লিগ শিরোপা আর জেতা হয়নি আর্সেনালের। এর পেছনে কারণ হিসেবে অনেকে আর্সেনালের নতুন স্টেডিয়াম বানানোর পেছনে দেদার টাকা খরচ হয়ে যাওয়ার কথা বলেন। বাজেট স্বল্পতায় অনেক দিন ধরে শিরোপা প্রত্যাশী দল গড়তেই হিমশিম খেয়েছেন ওয়েঙ্গার। কিন্তু তারকার ছড়াছড়ি নেই, বরং নতুন উঠতি প্রতিভাদের নিয়ে দল গড়েও আর্সেনাল গত বিশ বছরে লিগের শীর্ষ চার দলের মধ্যে স্থান করে নিয়ে সব সময়। ওয়েঙ্গার আর্সেনালকে টানা ১৮ বছর চ্যাম্পিয়নস লিগের চূড়ান্ত পর্বে তুলে এনেছেন। এমন এক ম্যানেজার হাতছাড়া করার মতো পাগলামি করবে কোন ক্লাব!
অথচ যখন আর্সেনালের দায়িত্ব পেলেন, অনেকেই ভ্রু কুঁচকেছিল। ইংলিশ পত্রিকা ইভেনিং স্ট্যান্ডার্ডের শিরোনামই তো—‘আর্সেন? ইনি আবার কে?’ তখনকার ‘গানার’ অধিনায়ক টনি অ্যাডামসও নিজে ছিলেন সন্দেহবাতিকদের তালিকায়। অ্যাডামস পরে স্বীকার করেছিলেন, ‘প্রথমে আমি ভেবেছিলাম, এই ফরাসি ভদ্রলোক ফুটবলের কী জানেন? ইতি তো স্কুল মাস্টারদের মতো চশমা পরে ঘুরে বেড়াচ্ছেন। এই লোক ঠিকমতো ইংরেজিই বলতে পারে তো?’
কদিন আগে আর্সেনালের দায়িত্ব নেওয়ার ১৯ বছর পূর্তি হলো ওয়েঙ্গারের। আজ ১৯ বছরে আর্সেনালকে ১৫টি শিরোপা জিতিয়ে নিজেকে ক্লাবের সর্বকালের সেরা কোচ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন ‘ভালোভাবে ইংরেজি বলতে না পারা’ এই ফরাসিই। ‘ফরাসি স্কুলমাস্টার’ খেলা বোঝেন কি না, তার উত্তর নিশ্চয় পেয়ে গেছেন অ্যাডামস। আর্সেন ওয়েঙ্গার হয়ে উঠেছেন ‘আর্সেনাল ওয়েঙ্গার’!
সেই আর্সেনাল এভারটনকে হারিয়ে পরশু উঠে এসেছিল পয়েন্ট টেবিলের শীর্ষে। গুঞ্জন শোনা যাচ্ছে, ৬৬ বছর বয়সী ওয়েঙ্গার নাকি এবারই বিদায় নেবেন। শিরোপা জিতে ওয়েঙ্গার মাথা উঁচু করে বিদায় নিলে ইংলিশ ফুটবলই হয়তো খুশি হবে।