'ওয়েলসের ইতিহাসে সেরা রাত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়েলসের পারফরম্যান্সে গর্বিত রায়ান গিগস। ছবি-এএফপি
ওয়েলসের পারফরম্যান্সে গর্বিত রায়ান গিগস। ছবি-এএফপি

সেই ১৯৫৮ সালে একবার বিশ্বকাপে খেলা। বড় মঞ্চে এত দিন ওটাই ছিল ওয়েলসের একমাত্র উপস্থিতি। তারপর থেকে প্রতীক্ষা। অবশেষে ৫৮ বছর পর সেই প্রতীক্ষা শেষ হয় ওয়েলসের। সুযোগ মেলে এবারের ইউরোতে খেলার। আর প্রথমবারের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলতে এসেই নতুন ইতিহাস গড়ল ওয়েলস। গত রাতে বেলজিয়ামকে ৩-১ গোলে হারিয়ে উঠে গেল ইউরোর সেমিফাইনালে। দেশটির ফুটবল–ইতিহাসে এখন পর্যন্ত এটাই সবচেয়ে বড় অর্জন। আর এ জন্যই গত রাতটাকে নিজেদের ফুটবল–ইতিহাসের সেরা রাত বলেছেন সাবেক ওয়েলস ফুটবলার রায়ান গিগস।

১৯৯১ থেকে ২০০৭ পর্যন্ত দেশের হয়ে ৬৪ ম্যাচ খেলেছেন গিগস, দীর্ঘদিন নেতৃত্বও দিয়েছেন দেশকে। কিন্তু তিনি এবং তাঁর প্রজন্মের খেলোয়াড়েরা যা করতে পারেননি, সেটিই করে দেখিয়েছেন গ্যারেথ বেল-অ্যারন রামসে আর অ্যাশলি উইলিয়ামসরা। ফিফা র‍্যাঙ্কিংয়ে ইউরোপের সেরা দলটিকে হারিয়ে জায়গা করে নিয়েছেন ইউরোর শেষ চারে। দুর্দান্ত এই জয়ে খুশি আত্মহারা ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি রায়ান গিগসও, ‘আমি দারুণ গর্বিত। কোনো সন্দেহ ছাড়াই এটি ওয়েলসের ফুটবল ইতিহাসে সেরা রাত। ফিফা র‍্যাঙ্কিংয়ে ২ নম্বরে থাকা দলটিকে এমন সাধারণ বানিয়ে ম্যাচ জেতা অসাধারণ ব্যাপার। এটাই এখন পর্যন্ত আমাদের সেরা পারফরম্যান্স।’

এত দাপটের সঙ্গে খেলে ম্যাচ জিতেছেন, এটা এখনো যেন বিশ্বাস হচ্ছে না ওয়েলস কোচ ক্রিস কোলম্যানের। আবেগাপ্লুত হয়ে বলেছেন, ‘এমন রাত শুধু স্বপ্নেই দেখা যায়। কিন্তু আপনি জানেন না, সত্যিই এমন কিছুর অভিজ্ঞতা হবে কি না। যদি আপনি খুব সৌভাগ্যবান হন, তবেই সেই স্বাদ পাবেন। অবিশ্বাস্য লাগছে আসলেই।’ এএফপি