'কঠিন' প্রতিপক্ষকেই পেল বার্সা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যে মাঠে থমকে যায় বার্সেলোনা। ছবি: রয়টার্স
যে মাঠে থমকে যায় বার্সেলোনা। ছবি: রয়টার্স

গত মৌসুমে স্প্যানিশ লিগে সান্তিয়াগো বার্নাব্যু জয় করে ফিরেছিল বার্সেলোনা। জয় নিয়ে ফিরেছিল অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠ থেকেও। কিন্তু লুইস এনরিকের দল থমকে গিয়েছিল সান সেবাস্তিয়ানে। রিয়াল সোসিয়েদাদের মাঠ থেকে হেরে এসেছিল তারা ১-০ গোলে। কোপা ডেল রের কোয়ার্টার ফাইনালে এই সোসিয়েদাদকেই প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বার্সা। 

লিওনেল মেসিরা ‘কঠিন’ প্রতিপক্ষই পেয়েছে শুধু গত ম্যাচের রেকর্ডের কারণে নয়। সোসিয়েদাদের মাঠে যে ২০০৭ থেকেই জয়হীন বার্সেলোনা। এই ৯ বছরে সান সেবাস্তিয়ানে ৮টি ম্যাচ খেলেছে তারা। এর মধ্যে তিনটিই হেরে গেছে, বাকি ৫টি ম্যাচ ড্র। তবে টানা তৃতীয় শিরোপার সন্ধানে থাকা বার্সেলোনার জন্য ভালো খবর, দ্বিতীয় লেগের ম্যাচটি নিজেদের মাঠে খেলবে তারা। আগামী বৃহস্পতিবার প্রথম লেগের ম্যাচটি হবে সোসিয়েদাদের মাঠে। যে মাঠে তাদের নিকট অতীতের রেকর্ড রিয়াল​-অ্যাটলেটিকোর মাঠের চেয়েও বাজে।
রিয়াল মাদ্রিদ অবশ্য খুশি হতে পারে। প্রতিপক্ষ হিসেবে সেল্টা ভিগোকে পেয়েছে তারা। দলটির বিপক্ষে সবশেষ পাঁচ ম্যাচের সব কটিতেই জিতেছে রিয়াল। এই পাঁচ ম্যাচে তারা গোল করেছে ১৯টি, খেয়েছে মাত্র ৫টি। নিজেদের মাঠে আগামী বুধবার প্রথম লেগের ম্যাচটি খেলবে রিয়াল। দ্বিতীয় লেগের ম্যাচটি হবে ২৫ জানুয়ারি।
রিয়ালের নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের প্রতিপক্ষ এইবার। আরেকটি লড়াই হবে আলাভেস আর প্রথমবারের মতো কোপা ডেল রের শেষ আটে ওঠা আলকরকনের মধ্যে। সূত্র: গোল।