'কথা নয়, কাজ দরকার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>ফুটবলের এখন চরম দুর্দিন। ভুটানের কাছে হেরে আন্তর্জাতিক অঙ্গন থেকে নির্বাসিত বাংলাদেশ। ফিফা র্যা ঙ্কিংয়ে নামতে নামতে ১৮৮। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের সমালোচনায় তাই সরব হয়ে উঠেছেন সাবেক ফুটবলারদের অনেেক। তাঁদেরই একজন গোলাম সারোয়ার টিপু। ফুটবল সংকট নিয়ে দুজনের সাক্ষাৎকার নিয়েছেন মাসুদ আলম
গোলাম সারোয়ার টিপু
গোলাম সারোয়ার টিপু

* ফুটবলের পতন শুরু অনেক আগেই। সেটাই সত্যি হলে কাজী সালাউদ্দিনকেই শুধু দুষছেন কেন?
গোলাম সারোয়ার টিপু: ফুটবল বাজে অবস্থায় পড়েছে অনেক দিন, এটা ঠিক। কিন্তু উন্নতির বদলে অবনতির দিকেই এগোচ্ছে। ফুটবলের জনপ্রিয়তায় আগে মানুষ মাঠে আসত। এটি ফুটবল ফেডারেশনের কৃতিত্ব নয়। জেলা বা আন্তজেলা পর্যায়ে কিছু খেলা হতো বলেই খেলোয়াড় সরবরাহ ছিল। শিক্ষিত ছেলেরা আসছিল ফুটবলে। সেই জায়গাটা ক্রমেই নষ্ট হচ্ছিল। এখন তো পতনের শেষ সীমায় দাঁড়িয়ে।
* হাফিজউদ্দিন আহমদ, আকমল হোসেন, হারুনুর রশিদ, এস এ সুলতানরা ফেডারেশনের নেতৃত্বে ছিলেন। তাঁরাও বলার মতো কিছু করতে পারেননি। সালাউদ্দিনের দোষটা তাহলে কোথায়?
টিপু: হ্যাঁ, আগের সংগঠকেরাও বলার মতো কিছু করতে পারেননি। হাজারো দুর্বলতা, অসংগতি এখনো আছে ফুটবলে। এসব দূর করার জন্যই তো সালাউদ্দিনের মতো একজন দৃশ্যপটে এসেছিল, যাকে সবাই সমর্থনও দিয়েছিল। ফেডারেশনকে সে একটা ট্র্যাকে নেবে, পরিকল্পনা করবে, আমরা ওপরের দিকে হাঁটব। সালাউদ্দিনের কাছে এটাই ছিল সবার আকাঙ্ক্ষা। কিন্তু সেটা পূরণ হয়নি।
* সালাউদ্দিনের আগের জমানায় তো লিগই অনিয়মিত হয়ে গিয়েছিল। তিনি তো তা-ও লিগটা মাঠে রেখেছেন নিয়মিত। এটাও কি কম?
টিপু: লিগ ছাড়া আরও অনেক দায়িত্ব আছে ফেডারেশনের। সেটা কতটা হলো, প্রশ্ন আছে। শুরুর দিকে ব্যক্তিগত উদ্যোগ বা খেলোয়াড়ি জীবনের ইমেজ পুঁজি করে সালাউদ্দিন যাঁর কাছেই গেছে, সম্মান পেয়েছে। করপোরেট হাউসগুলো তাকে সাহায্য করেছে প্রথম দিকে, এখন তো আর করতে চায় না।
* কেন চায় না। গলদটা কোথায়?
টিপু: কারণ ওর কথা ও কাজে মিল নেই। নিজের ইমেজ সে ব্যবহার করল অন্যভাবে। সব কৃতিত্ব নিজে নিতে চাইল, কারও সঙ্গে কিছু শেয়ার করতে চাইল না। চটকদার কথাবার্তা বলল। কিন্তু কথা নয়, কাজ দরকার।
* কোন জায়গায় মনে হয় তিনি ব্যর্থ?
টিপু: শুধু জাতীয় দল নিয়ে পড়ে থাকল সালাউদ্দিন। জাতীয় দল শক্তিশালী করতে পাইপলাইনে খেলোয়াড় তৈরি করেনি। ক্রিকেটের দিকে তাকান, ওদের পাইপলাইনে খেলোয়াড়ের অভাব নেই। সালাউদ্দিন এই কাজটাই করল না। উল্টো ভিশন ২০২২ ঘোষণা করে বসল।
* একটু উচ্চাভিলাষী মানুষ তিনি। এতে দোষের কী আছে?
টিপু: উচ্চাভিলাষ থাকুক। কিন্তু কথা হচ্ছে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখেছে সে। কেউ চাঁদে গেছে বলে আমিও যাব এটা ভাবলে হবে না। ২০২২ সালে বিশ্বকাপ খেলার ভিশন দিয়ে কোনো কাজই করেনি। আমাদের ফুটবলের কাঠামো কী, সালাউদ্দিন জানত না? এভাবে নিজের ইচ্ছামতো প্রোগ্রাম করল, ইচ্ছামতো বন্ধ হয়ে গেল।
* ব্যর্থতার জন্য শুধু সালাউদ্দিন একা দায়ী হবেন কেন? বাফুফের কমিটিতে অন্য সাবেেকরা কী করলেন?
টিপু: তারাও ব্যর্থ। দায় অবশ্যই একা সালাউদ্দিনের নয়। অবাক লাগে, এত এত সাবেক খেলোয়াড় ফেডারেশনে! সালাম, বাদল, আসলাম, রুপু...এঁরাও কিছু করতে পারেনি। আগে ফেডারেশনের কর্মকর্তাদের দিকে আঙুল তুলে বলা হতো, এদের কেউ সাবেক ফুটবলার নন। এঁরা কী বুঝবে ফুটবল? এখন তো যদু-মধু নেই, সব নামীদামি সাবেক ফুটবলার।
* কিন্তু সালাউদ্দিনের দাবি, আপনারা শুধু তাঁর সমালোচনাই করেন, ভালোটা দেখেন না....
টিপু: কোনটা অন্যায় সমালোচনা? সালাউদ্দিন তা বলুক। সে তৃণমূলে যায়নি, এটা বলা অন্যায়? ফুটবল নামতে নামতে কোথায় গেছে? এটা সে উপলব্ধি করছে কি না জানি না। তবে এখন মানুষ ফুটবলারদের দিকে ফিরেও তাকায় না। আমিও আছি সেই দলে। বাদল রায় বাফুফেতে যায়, ফেডারেশনের লোকেরা ওকে হয়তো সালাম দেয়, আর কোথাও দেয় কি না জানি না। দিলে সেটা ওর সৌভাগ্য।
* কিন্তু সালাউদ্দিন বলেন, মাঠে তিনি খেলে দিতে পারবেন না। খেলোয়াড়দের ব্যর্থতা নিয়ে কিছু বলেন না কেন?
টিপু: খেলোয়াড়দের কথা আর কী বলব, পরিশ্রমী মানসিকতাই হারিয়ে গেছে। ব্যক্তিগত নৈপুণ্য নেই, সাধারণ একটা বলও অনেকে ঠিকভাবে রিসিভ করতে পারে না। এসব বললে মামুনুলরা প্রেস কনফারেন্স করে বলবে, টিপু ভাইয়েরা কী করেছেন?
* ফেডারেশনে অন্য সাবেক ফুটবলাররা বলেন, সালাউদ্দিন কথা শোনেন না। এটা কি তাঁদের জন্য অজুহাত হতে পারে?
টিপু: সভাপতি কথা না শুনলে এত দিন ওরা বলেনি কেন? এখন বললে হবে না। ওরা তো নির্বাচিত। ওরা সভাপতির চাকুরে নয়। আমি বলব, অন্য সাবেেকরা হয় সালাউদ্দিনকে গাইড করতে পারেনি অথবা নিজেরা পুরো আত্মসমর্পণ করে বসেছিল। যেটিই হোক, কাজ করতে না পারলে ওদের গদি ছেড়ে দেওয়াই ভালো।
* ফুটবল তো ক্লাবকেন্দ্রিক খেলা। খেলোয়াড় তৈরির জন্য পরিচর্যার কাজটা তো বিশ্বজুড়ে ক্লাবগুলোই করে। আমাদের এখানে যে ক্লাবগুলো এর কিছুই করছে না, এ নিয়ে কিছু বলেন না কেন?
টিপু: ক্লাব চিরকালই নখরামি করেছে। পুল, জেন্টলম্যান অ্যাগ্রিমেন্ট ক্লাবেরই কাজ। এখনো ‘খেলব না’, ‘অমুক করব না’, ‘খেলা পেছাও’ এসব করছে ক্লাব। একটা ঘটনা বলি, একবার জাতীয় দল বাইরে যাচ্ছে। এক বড় দলের অফিশিয়াল তাঁর দলের খেলোয়াড়দের বললেন, ‘এত সিরিয়াস খেলার দরকার নেই। পা ঠিক রাখতে হবে। পয়সা কিন্তু ক্লাব দেয়।’ উদ্বেগটা হচ্ছে, বাফুফের কোনো নিয়ন্ত্রণ নেই ক্লাবের ওপর। থাকার কথাও নয়। ক্লাবের লোকেরাই যে ফেডারেশন চালায়।
* সালাউদ্দিন সরে গেলেই কি ফুটবলের সুদিন ফিরবে বলে মনে করেন?
টিপু: সালাউদ্দিন সরলে সমাধান দেখি না। ফুটবল এমন জায়গায় গিয়েছে, এখান থেকে টেনে তোলা কঠিন। নতুন কেউ এসে রাতারাতি কিছু করতে পারবে না। কারও হাতে জাদুর চেরাগ নেই। আমি বলব, সালাউদ্দিনই ওর বাকি সময়টা থাকুক। তবে সত্যিকারের ফুটবল উন্নয়নে কাজ করতে হবে।
অারও পড়ুন : ‘এখন ইউটার্ন নিয়েছি’