'কলম্বাস-ভুত' তাড়াল মেক্সিকো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কেজের গোলের পর মেক্সিকো খেলোয়াড়দের উদ্‌যাপন। ছবি: এএফপি।
মার্কেজের গোলের পর মেক্সিকো খেলোয়াড়দের উদ্‌যাপন। ছবি: এএফপি।

ম্যাচের পর মেক্সিকো অধিনায়ক রাফায়েল মার্কেজের প্রথম প্রতিক্রিয়া, ‘সম্ভবত এখন ওদের (যুক্তরাষ্ট্রে অবৈধভাবে থাকা মেক্সিকান অভিবাসী) একটু খারাপ সময় যাচ্ছে। অস্থির একটা সময় কাটাচ্ছে ওরা। এই জয় অন্তত কিছু সময়ের জন্য হলেও এখানে (যুক্তরাষ্ট্রে) যা হয়েছে, তা ভুলে থাকতে ওদের সাহায্য করবে।’

মেক্সিকো-যুক্তরাষ্ট্র এমনিতেই কনক্যাকাফ অঞ্চলের সবচেয়ে বড় দুই প্রতিদ্বন্দ্বী। ম্যাচটা বিশ্বকাপ বাছাইপর্বের বলে একটু-আধটু বাড়তি উত্তেজনাও আসতেই পারে। কিন্তু কাল ওহাইওর কলম্বাসে যুক্তরাষ্ট্র-মেক্সিকো ম্যাচ যে রাজনৈতিক রূপ নিয়েছে, সেটিও কি খুব বেশি অভাবিত ছিল?
নির্বাচনী প্রচারণায় যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বাস করা মেক্সিকান অভিবাসীদের তাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এমনকি মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের সীমান্তে দেয়ালও বানানোর পরিকল্পনার কথা বলেছিলেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট, সেটিও মেক্সিকোরই টাকায়।
মজার ব্যাপার, ট্রাম্প নির্বাচিত হলেন, তার দুই দিন পরই কলম্বাসে কাল মুখোমুখি হলো মেক্সিকো-যুক্তরাষ্ট্র। এবং তাতে ফুটবল মাঠে দেয়াল হয়ে থাকা একটা রেকর্ড গুঁড়িয়ে দিয়েই জিতল মেক্সিকো। কলম্বাসে কাল যুক্তরাষ্ট্রকে হারিয়েছে ২-১ গোলে।
তা ইতিহাসটা কী? কাল ম্যাচ যেখানে হলো, সেই কলম্বাসে ২০০১ সাল থেকে শুরু করে এর আগে যতবারই মুখোমুখি হয়েছে দুই দল, প্রতিবারই মেক্সিকো হেরেছে ২-০ গোলে। নিজেদের জন্য বিব্রতকর হয়ে ওঠা ‘ধারা’টা ভেঙেছেন মার্কেজ-হার্নান্দেজরা। আরেকটা রেকর্ডও গড়েছেন, ১৯৭২ সালের পর বিশ্বকাপ বাছাইপর্বে যুক্তরাষ্ট্রের মাটিতে এটি মেক্সিকোর প্রথম জয়।
আগের রেকর্ডের কারণে এই মাঠে যুক্তরাষ্ট্র-মেক্সিকো ম্যাচ হলেই সেটির শিরোনাম হয়ে ওঠে ‘দোস আ চেরো’ (দুই-শূন্য)। ম্যাচের আগে ৫০ হাজার যুক্তরাষ্ট্র সমর্থকও কাল সমস্বরে গেয়েছিলেন, ‘দোস আ চেরো, দোস আ চেরো’। তবে কাল, প্রথমবারের মতো, মাঠ ছাড়ার সময়ে অতিথি মেক্সিকোর সমর্থকেরাও দিলেন পাল্টা জবাব। স্টেডিয়াম ছাড়লেন গাইতে গাইতে, ‘দোস আ উনো, দোস আ উনো’ (দুই-এক)।
গোল করতে না পারার ভূতটা কাল মেক্সিকো তাড়ায় ২০ মিনিটে, মিগুয়েল লাউনের গোলে। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলটি শোধ করে দেন যুক্তরাষ্ট্রের ববি উড। এরপর শেষ মুহূর্তে মার্কেজ-ঝলক। গোলখরা পর একই ম্যাচে কলম্বাসে জয়খরাও কাটাল মেক্সিকো।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের বাতাস এই ম্যাচে না লেগে পারে না। ম্যাচের পর ‘এল ত্রি’ অধিনায়ক মার্কেজকে প্রশ্নও করা হয়, নির্বাচনী ক্যাম্পেইনে ট্রাম্পের অমন মন্তব্যগুলোর পর এই জয় ‘আরও মধুর’ হয়ে উঠেছে কি না। মার্কেজের উত্তরটা তো শুরুতেই জানলেন।
তবে রাজনৈতিক ইস্যু প্রেসিডেন্ট পর্যায়ের আলোচনার ব্যাপার, মার্কেজ বরং খুশি ফুটবল মাঠেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে ‘দোস আ চেরো’র ভূত তাড়াতে পেরে, ‘অনেক দিন আমরা এখানে একটা ভালো ম্যাচ খেলতে পারিনি। অনেক খুশি আমরা, জয়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণও ছিল।’ সূত্র: টেলিগ্রাফ, ইএসপিএন।