'কলম্বিয়া-দুঃখ' ভুললেন নেইমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেইমার ও লুয়ানের দুই গোলেই কাল কলম্বিয়াকে হারাল ব্রাজিল অলিম্পিক দল, চলে গেল সেমিফাইনালে l রয়টার্স
নেইমার ও লুয়ানের দুই গোলেই কাল কলম্বিয়াকে হারাল ব্রাজিল অলিম্পিক দল, চলে গেল সেমিফাইনালে l রয়টার্স

দুই বছর আগে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ভেজা চোখে মাঠ ছেড়েছিলেন নেইমার। গত বছরের কোপার স্মৃতিটা তো আরও টাটকা। জেসন মুরিলোকে ঢুস মেরে দেখেছিলেন লাল কার্ড, ব্রাজিলও হেরে গিয়েছিল ম্যাচটা। কলম্বিয়ার সঙ্গে জড়িয়ে থাকা ওই দুই অভিজ্ঞতা এবার অন্তত ভুলতে পারবেন নেইমার। কাল কলম্বিয়াকে ২-০ গোলে হারিয়েই যে অলিম্পিকের শেষ চারে চলে গেছে ব্রাজিল! আর একটি গোল করিয়ে ও আরেকটি করিয়ে তাতে বড় অবদান রেখেছেন ব্রাজিল অধিনায়ক।
অলিম্পিকের সঙ্গে কোপা ও বিশ্বকাপকে অবশ্য মেলানো যাবে না। অনূর্ধ্ব-২৩ বছর বয়সীদের টুর্নামেন্ট এটি, বড় বড় মুখও নেই। কিন্তু ব্রাজিলের কাছে এবারের আসরটা অন্য রকম। অলিম্পিকে ফুটবলের সোনা কখনো পাওয়া হয়নি। নিজেদের মাঠে এবার সেই আক্ষেপ ঘোচানোর জন্য নেইমার কোপা আমেরিকার স্বপ্নও বিসর্জন দিয়েছেন। কিন্তু প্রথম তিন ম্যাচে সেভাবে খুঁজে পাওয়া যায়নি ব্রাজিল অধিনায়ককে। ডেনমার্কের সঙ্গে কিছুটা ঝলক দেখানোর পর নিজেকে চেনালেন কোয়ার্টার ফাইনালে।
কিন্তু আগের দুবারের মতো কলম্বিয়ার সঙ্গে এই ম্যাচটাও নেইমারের জন্য ভুলে যাওয়ার মতো হতে পারত। গোল করেও হয়ে যেতে পারতেন খলনায়ক। ১২ মিনিটে ফ্রি-কিক থেকে গোলে রিওর অ্যারেনা করিন্থিয়ানসের গ্যালারিতে উল্লাসের ঢেউ তুলেছিলেন। কিন্তু ৪০ মিনিটে নেইমার বাজে একটা ফাউল করে বসেন কলম্বিয়ার একজনকে। দুই দলই এরপর মাঠে জড়িয়ে পড়ে সংঘর্ষে। সেটা অবশ্য বেশি দূর গড়ায়নি। নেইমার পার পেয়ে গেছেন হলুদ কার্ড দেখেই। বারুদে ঠাসা প্রথমার্ধে মোট ২১টি ফাউল হয়েছে, হলুদ কার্ড দেখেছেন মোট পাঁচজন।
বিরতির পর সেই উত্তেজনা অবশ্য অনেকটাই থিতিয়ে পড়ে, ব্রাজিলও ম্যাচের লাগামটা নিজেদের হাতে নিয়ে নেয়। ৮৩ মিনিটে নেইমারের পাস থেকেই বক্সের বাইরে করা দুর্দান্ত চিপে লুয়ান নিশ্চিত করেছেন ব্রাজিলের জয়। গ্রেমিওর এই ফরোয়ার্ড এখন স্বপ্ন দেখছেন শেষ পর্যন্ত যাওয়ার, ‘আমরা এই স্বপ্নই দেখছিলাম। পথটা সহজ ছিল না, তবে আমরা সোনাটা চাই।’
সেই পথে সেমিফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ হন্ডুরাস। তবে ফাইনালটা ফিরিয়ে আনতে পারে দুই বছর আগের স্মৃতি। ওদিকে পর্তুগালকে ৪-০ গোলে বিধ্বস্ত করে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি উঠে গেছে সেমিফাইনালে! ১৯৮৮ সালের পর এবারই প্রথম অলিম্পিক ফুটবলে খেলতে এসেছে জার্মানরা। অলিম্পিকের সুখস্মৃতি বলতে সেই ১৯৭৬ মন্ট্রিয়ল অলিম্পিকে সোনা, তবে সেটি ছিল পূর্ব জার্মানির। ঐক্যবদ্ধ জার্মানির সামনেও তাই প্রথমবারের মতো অলিম্পিক-শ্রেষ্ঠত্বের হাতছানি।
সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ নাইজেরিয়া। সেটিতে জিতলেই ফাইনালে দেখা হয়ে যেতে পারে ব্রাজিলের সঙ্গে। মিনেইরোতে বিশ্বকাপ সেমিফাইনালে ৭-১ গোলের ওই ম্যাচের স্মৃতিও উঁকি দিয়ে যাচ্ছে। কোয়ার্টার ফাইনালে দুই দল যেমন খেলেছে, তাতে সেই দ্বৈরথের পুনরাবৃত্তি হতেই পারে! এএফপি।