'কাগজপত্র তো দেখিনি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>ক্লাবের সঙ্গে চুক্তি কত দিনের, তা নির্দিষ্ট করে লেখা না থাকায় বিভ্রান্তিতে ফুটবলাররা। এমনই এক ঘটনায় চার ফুটবলারের সঙ্গে আবাহনীর এক বছরের নিষেধাজ্ঞায় পড়ে গেলেন জুয়েল রানা। কাল ঝিনাইদহের বাড়ি থেকে ফোনে এ নিয়ে কথা বললেন সম্ভাবনাময় এই উইঙ্গার

* আপনিসহ আরও চার ফুটবলারকে এক বছর নিষিদ্ধ করে আবাহনী বাফুফের কাছে চিঠি দিয়েছে? জানেন তো?
জুয়েল রানা: হ্যাঁ, খবরটা আপনাদের প্রথম আলোতেই দেখলাম।
* আবাহনী বলছে, আপনারা তাদের খেলোয়াড় হয়েও গোপনে অন্য দলে যোগ দিয়েছেন। আসলে ব্যাপারটা কী?
জুয়েল: আমরা তো জানি, আবাহনীর সঙ্গে আমাদের চুক্তি শেষ। ৭ জানুয়ারি লিগ শেষ হয়েছে, তার মানে ওই দিনই চুক্তি শেষ। এ কারণেই প্রিমিয়ার লিগে নবাগত দল সাইফ পাওয়ারটেককে (সাইফ স্পোর্টিং) কথা দিয়েছিলাম নতুন মৌসুমে ওই দলে খেলব।

জুয়েল রানা
জুয়েল রানা

* বিষয়টি তাহলে এত দূর গড়াল কেন?
জুয়েল: আমি জানি না। তবে সমস্যা তো কিছু আছেই। আমার একটা চোট ছিল। তাই এমআরআই করালাম। মাঝখানে আমার আব্বা অসুস্থ হয়ে গেলেন। এসব কারণে একটা দূরত্ব তৈরি হয়েছে।
* কিন্তু আবাহনীর সঙ্গে চুক্তি শেষ হয়ে গেলে ফিরেই বা এলেন কেন? মাঝখানে ১৩ দিন কোথায় ছিলেন?
জুয়েল: সাইফ স্পোর্টিং বলল, কোচ এসেছে, তোমরা এখানে আসো (বসুন্ধরার ক্যাম্পে)। তোমাদের সঙ্গে কথা বলে কোচ দল নিয়ে ক্যাম্প করতে কলকাতায় চলে যাবেন। এখানে এসে দুই দিন পর চলে যেয়ো। আমরা সেটাই করেছিলাম। তারপরও চেয়েছি আবাহনীর হয়ে এএফসি কাপ খেলতে।
* শুনলাম আপনাদের এএফসি কাপের দলে রাখতে আপনারা আবাহনীকে অনেক অনুরোধ করেছেন...
জুয়েল: হ্যাঁ, করেছি। কিন্তু আবাহনীর ম্যানেজার রুপা দা বললেন,  বিষয়টা ওপরের মহলে চলে গেছে। তাঁর কিছু করার নেই। তবু আমরা দু-তিন দিন ক্লাবে ছিলাম। এমনও বলেছি, এএফসি কাপে না খেলালেও অন্তত দলের সঙ্গে যেন রাখেন। কিন্তু রাখা হয়নি।
* ক্লাবের সঙ্গে আপনাদের চুক্তি কবে শেষ হয়েছে, সেটা নিয়ে ধোঁয়াশা অনেক। আবাহনী বলছে চুক্তি পরের মৌসুম পর্যন্ত, কাগজেও নাকি লেখা আছে। নতুন দলবদলের জন্য ফরম বিতরণের আগের দিন পর্যন্ত আপনারা পুরোনো দলের খেলোয়াড়। আপনারা সে কাগজ দেখেননি?
জুয়েল: না, দেখিনি। চুক্তির কাগজপত্র তো আবাহনী ক্লাব কাউকে দেয়নি। আমরা কাগজের কথা বলেছিলাম। বলল, সমস্যা নেই, সই করো।
* আপনারা নাকি কোনো কাগজপত্রই চাননি। তা ছাড়া আপনি কিসে সই করছেন, সেটা দেখা তো আপনার বড় দায়িত্ব...
জুয়েল: সই পেপারে করেছি, তখন তো দেখিনি চুক্তির ব্যাপারে কোথায় কী লেখা আছে। ভুল হয়েছে। আসলে এটা দেখা উচিত ছিল।
* আবাহনী এ-ও বলছে, চুক্তিই যদি শেষ হয়ে গেল, গত মাসে শেখ কামাল টুর্নামেন্টে আবাহনীর হয়ে আপনারা খেললেন কেন?
জুয়েল: আসলে আমি ছোট মানুষ তো। অত কিছু বুঝিনি। ভুল একটা হয়েছে।