'কামড়-ধারা' রাখেনি বার্সা?

বলে-কয়ে তো কাউকে কামড়ান না লুইস সুয়ারেজ। মাথা গরম করেই আগে কয়েকবার এই কাণ্ড ঘটিয়েছেন। তবে ভবিষ্যতে যে ঘটাবেন না সেই নিশ্চয়তা দিতে পারবে না কেউ। একটু ঝুঁকি তাই থেকেই যায়। আর সেটি মাথায় রেখেই তাঁকে লিভারপুলের কাছ থেকে কিনেছে বার্সেলোনা। তবে গুঞ্জন আছে, যাতে আর কাউকে না কামড়াতে পারেন সে জন্য সুয়ারেজের চুক্তিতে ‘বাইট ক্লজ’ নামে কামড়সংক্রান্ত একটা আলাদা ধারা যোগ করে দিয়েছে বার্সেলোনা! যে অনুযায়ী, ভবিষ্যতে এমন কাণ্ড ঘটালে মোটা অঙ্কের জরিমানা গুনতে হবে তাঁকে।
এটা স্প্যানিশ সংবাদমাধ্যমের গুঞ্জন। সিএনএন-এর সঙ্গে সাক্ষাৎকারে এটাকে শুধুই গুঞ্জন বলে উড়িয়ে দিতে চেয়েছেন বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ। তবে তাঁর বলার ধরনের জন্যই শেষ পর্যন্ত ব্যাপারটাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বার্সা সভাপতির দাবি, ‘না, ও রকম কোনো ধারা যোগ করা হয়নি চুক্তিতে। যদি থাকতও তাহলেও আমরা সেটা বলতাম না। তবে আসলেই এমন কোনো ধারা নেই।’
কেন নেই সেটির ব্যাখ্যাও দিয়েছেন বার্তোমেউ, ‘বিশ্বকাপে কামড়-কাণ্ডের আগেই সুয়ারেজের সঙ্গে আমাদের কথাবার্তা হয়ে গিয়েছিল। বিশ্বকাপের পর সে শুধু চুক্তিপত্রে সই করেছে। ওই ঘটনার পর আর আমরা সিদ্ধান্তটা পুনর্বিবেচনা করিনি। সে তো জানেই যে সে ভুল করেছে। এর জন্য সে ক্ষমাও চেয়েছে। আমাদের কাছে সেটাই বেশি গুরুত্বপূর্ণ।’ বার্সেলোনার জার্সি গায়েও যদি আবার কাউকে কামড়ে দেন, সে ক্ষেত্রে তাঁর বিষয়ে ক্লাবের অবস্থান কী হবে? এমন প্রশ্নের জবাবে অবশ্য খুব সতর্ক বার্সা সভাপতি, ‘এখন সবাই এই প্রশ্নটাই করছে। কী হতে পারে বা না হতে পারে সেটা ধরে নিয়ে তো আগে থেকে এভাবে কিছু বলা যায় না। আমরা শুধু জানি যে ওর সঙ্গে চুক্তি করা মানে এখন থেকে ওর সব দায়িত্বও আমাদেরই।’
বিশ্বকাপে ইতালিয়ান ডিফেন্ডার জর্জো কিয়েলিনিকে কামড়ে দেওয়ায় সুয়ারেজকে চার মাসের জন্য ফুটবলের সব ধরনের কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করেছে ফিফা। সঙ্গে আন্তর্জাতিক ফুটবলে ৯ ম্যাচের নিষেধাজ্ঞা। ২৯ বছর বয়সী উরুগুইয়ান স্ট্রাইকার অবশ্য শাস্তি কমানোর জন্য আবেদন করেছিলেন ফিফার কাছে। কিন্তু ফিফা সেই আবেদন নাকচ করে দিয়েছে। শেষ ভরসা হিসেবে সুয়ারেজ শরণাপন্ন হয়েছেন আন্তর্জাতিক ক্রীড়া আদালতের (সিএএস)। আগামীকাল লুসানে তাঁর আপিলের শুনানি। শেষ পর্যন্ত যদি সেই আবেদনও বিফল হয়, তাহলে বার্সেলোনার হয়ে অভিষেকের জন্য অপেক্ষাটা বাড়বে সুয়ারেজের। বার্সা সভাপতিকে অবশ্য তা নিয়ে খুব উদ্বিগ্ন মনে হচ্ছে না। তিনি বরং সুয়ারেজকে ন্যু ক্যাম্পে দীর্ঘদিন ধরে রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী, ‘আমরা অনেক আগে থেকেই জানতাম, সুয়ারেজ এই ক্লাব, এই শহর সবই খুব পছন্দ করে। ওর এজেন্টও তো পেপ গার্দিওলার ভাই (পেরে গার্দিওলা)। বার্সেলোনা তার হৃদয়ে অনেক আগে থেকেই। অন্য অনেক ভালো প্রস্তাব ফিরিয়ে দিয়ে সে বার্সেলোনাকে বেছে নিয়েছে এটাও আমাদের জানা।’ স্কাই স্পোর্টস, গোলডটকম।