'কালো তালিকা' নেই দুঙ্গার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরশু ব্রাসিলিয়ায় এক অনুষ্ঠানে ব্রাজিল কিংবদন্তি জিকোর সঙ্গে কোচ দুঙ্গা l রয়টার্স
পরশু ব্রাসিলিয়ায় এক অনুষ্ঠানে ব্রাজিল কিংবদন্তি জিকোর সঙ্গে কোচ দুঙ্গা l রয়টার্স

এত সমালোচনার পরও গোঁয়ার্তুমি করে নিজের সিদ্ধান্তে অটল ছিলেন লুইস ফেলিপে স্কলারি। ম্যাচের পর ম্যাচ ব্যর্থ প্রমাণিত হওয়ার পরও বিশ্বকাপে তিনি ফ্রেডকে খেলিয়ে গেছেন। দুঙ্গাও কি সেই পথেই হাঁটবেন? দল নির্বাচনের ক্ষেত্রে ফর্ম বাদ দিয়ে নিজের পছন্দটাকেই বেশি গুরুত্ব দেবেন?

দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর ১৯ আগস্ট প্রথমবারের মতো ব্রাজিল দল ঘোষণা করবেন কার্লোস দুঙ্গা। তবে সেই ঘোষণার বেশ আগেই খেলোয়াড় বেছে নেওয়ার ক্ষেত্রে নিজের দর্শনটা স্পষ্ট করে দিলেন ব্রাজিল কোচ। না, তাঁর নিজের পছন্দ নয়, গুরুত্ব দেবেন খেলোয়াড়ের ফর্মটাই। পরশু ব্রাসিলিয়ায় এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘একজন খেলোয়াড়ের সামর্থ্য কতটুকু সেই ধারণার ওপর ভিত্তি করে কাউকে দলে ডাকা হবে না। বরং ওই সময়ে তাদের ফর্ম কেমন যাচ্ছে সেটাই দেখা হবে।’

ফ্রেডের মতো স্কলারির অধীনে ব্যর্থ হয়েছেন জো, সিজাররাও। ফ্রেড অবশ্য এরই মধ্যে আন্তর্জাতিক ফুটবল থেকেই অবসর নিয়েছেন। দাবি উঠেছে জো, সিজারদেরও দল থেকে বাদ দেওয়ার। তবে আগে থেকেই কাউকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে রাখেননি বলে জানিয়েছেন ব্রাজিল কোচ, ‘বিশ্বকাপের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে আমি কোনো কালো তালিকা করিনি। আসলে ফুটবলটাও আমাদের জীবনের মতো, কাজের মতো। এখানেও আমি যোগ্যতা, দক্ষতা এসবই বেশি দেখব।’

পারফরম্যান্স দিয়ে তাই ব্রাজিল দলে জায়গা করে নেওয়ার সুযোগটা সবারই থাকছে বলে নিশ্চিত করেছেন দুঙ্গা, ‘আমরা সবার পারফরম্যান্সই দেখব। যারা বিশ্বকাপে খেলেছে, যাদের খেলার সম্ভাবনা ছিল কিন্তু খেলতে পারেনি সবার ওপর চোখ আছে আমার। ব্যক্তিগত সম্পর্ক, বন্ধুত্ব কিংবা বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে কাউকে দলে ডাকা হবে না।’

দ্বিতীয় দফায় দুঙ্গার অধীনে ব্রাজিল প্রথম ম্যাচটা খেলবে ৫ সেপ্টেম্বর মায়ামিতে কলম্বিয়ার সঙ্গে। ৯ সেপ্টেম্বর নিউজার্সিতে পরের প্রীতি ম্যাচের প্রতিপক্ষ ইকুয়েডর। পরের মাসে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার কথা সেলেসাওদের। সেই ম্যাচটি হবে চীনে। এএফপি, আইএএনএস।