'কাহিলেরও তো দুটি হাত, দুটি পা'

ফিফা র্যাঙ্কিং, অর্জন, খেলার মান, তারকা ফুটবলার—অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশের দূরত্ব যেন এক মহাসাগর। চারবার বিশ্বকাপ খেলা দল, এশিয়ার বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে রাতারাতি এ দূরত্ব ঘোচানো সম্ভব নয়, এটা সত্য। আবার এও ঠিক, ফুটবল এমনই খেলা, যেকোনো কিছুই ঘটতে পারে সেকেন্ডের ভগ্নাংশে। বাংলাদেশের প্রধান সম্বল হতে পারে এ আপ্তবাক্য। এ কারণে বাংলাদেশ অধিনায়ক মামুনুল ইসলাম বলছেন, ম্যাচটি রোমাঞ্চকর, ভীতিকর নয়।
আগামীকাল পার্থের ওভালে মাঠে নামার আগে একটিই আলোচনা, সকারুদের আক্রমণ সামলাতে পারবে লাল সবুজের দল? মামুনুল প্রতিশ্রুতি দিচ্ছেন, প্রাণপণ লড়াই চালাবে তাঁর দল, ‘সবাই জানে অস্ট্রেলিয়া কতটা উঁচু পর্যায়ের দল। তবে বাংলাদেশও লড়াই করবে। দারুণ এক ম্যাচই দেখবে সবাই...আমাদের জন্য এটি গুরুত্বপূর্ণ ম্যাচ।’
র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার অবস্থান ৬১ নম্বরে, বাংলাদেশের সেখানে ১৭০। ব্যবধান যতই হোক না কেন মামুনুল মোটেও ভয় পাচ্ছেন না সকারুদের। বরং অস্ট্রেলিয়ার মতো বড় দলের বিপক্ষে খেলতে পেরে রোমাঞ্চিত, ‘এটা রোমাঞ্চকর, মোটেও ভীতিকর নয়। ফুটবল খেলাটাই ১১ বনাম ১১ জনের।’
অস্ট্রেলিয়া দলে রয়েছে টিম কাহিলের মতো তারকা ফুটবলার। কাহিলের মতো তারকাদের বিপক্ষে খেলতে নামার আগেই ‘কাহিল’ হতে নারাজ মামুনুলরা। কাহিল তো আর ভিনগ্রহের কেউ নয়। প্রত্যয়ী মামুনল বললেন, ‘তারও দুটি হাত আছে, দুটি পা। আমার চেয়ে সে হয়তো ভালো খেলোয়াড়। তবে আমরা প্রত্যেকে নিজেদের সেরাটাই ঢেলে দেব।’
কোচ লোডভিক ডি ক্রুইফও মানছেন দুই দলের ব্যবধান। তবে এও জানিয়ে রাখছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে আট ঘাঁট বেঁধেই নামবে তাঁর শিষ্যরা, ‘অবশ্যই তারা এশিয়ার এক নম্বর দল। প্রচুর অভিজ্ঞতাসম্পন্ন দুর্দান্ত এক দল। ইউরোপে খেলা দারুণ খেলোয়াড় রয়েছে তাদের দলে। এ ম্যাচে আমরা আন্ডারডগ হিসেবেই নামব। তবে আমাদেরও নিজস্ব কৌশল রয়েছে। প্রতিপক্ষকে ভালোভাবে বিশ্লেষণ করেছি। উজ্জীবিত হয়ে ভালো ফলের প্রত্যাশা নিয়েই মাঠে নামব।’
এ ম্যাচের ফল কী হতে পারে? দুই দলের শক্তিমত্তার বিচারে যা-ই অনুমান করা হোক না কেন, বাংলাদেশ দলের ডাচ কোচ মনে করিয়ে দিলেন ফুটবলের সেই আপ্ত বাক্যটি, ‘আপনাকে মানতে হবে, ফুটবলে যেকোনো কিছুই ঘটতে পারে। কিরগিজস্তানের বিপক্ষে তাদের সর্বশেষ ম্যাচ দেখেছি (অস্ট্রেলিয়া জিতেছিল ২-১ ব্যবধানে)। ম্যাচটি অস্ট্রেলিয়ার জন্য কঠিনই করে তুলেছিল কিরগিজস্তান। ফুটবলে যেকোনো কিছুই ঘটতে পারে। আমার খেলোয়াড়েরা মোটেও ভীত নয়। তারা সমীহ করছে বটে, কিন্তু এখানে কেউ পর্যটক হিসেবে ঘুরতে আসেনি।’ তথ্যসূত্র: সিডনি মর্নিং হেরাল্ড।