'কিন্তো পারতিদো' - চিন্তিত মেক্সিকো পারবে তো!

>টানা ছয় বিশ্বকাপে চতুর্থ ম্যাচ, অর্থাৎ শেষ ষোলোয় শেষ। মেক্সিকোর চোখ ‘কিন্তো পারতিদো’ বা পঞ্চম ম্যাচে। তাদের দৌড় যে শেষ ১৬ পর্যন্ত নয়, সেটাই প্রমাণের পালা আজ
পুরো মেক্সিকো যেন আচ্ছন্ন হয়ে আছে এই ম্যাচটা নিয়ে। প্রতিপক্ষ ব্রাজিল, সেটা একটা কারণ। এর চেয়েও বড় কারণ, এই ম্যাচটা বিশ্বকাপের শেষ ষোলো। মেক্সিকোকে বারবার কাঁদিয়ে যাওয়া ম্যাচ।
১৯৯৪ থেকে এই রাশিয়া বিশ্বকাপ পর্যন্ত প্রতিবারই গ্রুপ পর্ব থেকে শেষ ষোলোয় ওঠার গর্ব শুধু দুটি দলের-আজকের ম্যাচের দুই প্রতিপক্ষ ব্রাজিল ও মেক্সিকো। কিন্তু আগের ছয় বিশ্বকাপে প্রতিবারই শেষ ষোলোতেই থামতে হয়েছে মেক্সিকোকে। শেষ ষোলো, মানে গ্রুপ পর্বের তিনটির পর কোনো বিশ্বকাপের চতুর্থ ম্যাচ। এ কারণেই কি না, আজকের ম্যাচের আগে মেক্সিকোর আচ্ছন্নতার নাম হয়ে গেছে ‘কিন্তো পারতিদো’। বাংলায়-পঞ্চম ম্যাচ! টানা ২৪ বছরজুড়ে মেক্সিকোর আক্ষেপের নাম। সব মিলিয়ে আক্ষেপটা ৩২ বছরের। নিজেদের মাটিতে ১৯৮৬ বিশ্বকাপের পর কখনো যে শেষ ষোলো পার হতে পারেনি মেক্সিকো। খেলা হয়নি বিশ্বকাপের পঞ্চম ম্যাচে-কোয়ার্টার ফাইনালে।
অধিনায়ক আন্দ্রেস গুয়ারদাদোর কথাতেই মেক্সিকানদের অনুভূতিটা টের পাবেন, ‘বিশ্বকাপের পঞ্চম ম্যাচ খেলার ইতিহাস গড়ার চেয়ে ভালো স্মৃতি আর কিছু হতে পারে না। খেলোয়াড়দের মানসিকতা বিবেচনায় এবার আমরা ভিন্ন একটা দল। কিন্তু আমাদের মূল্যায়ন হবে আমরা (শেষ ষোলো) পার হতে পারি কি না, সেটির ভিত্তিতেই।’ প্রেরণারও অভাব নেই মেক্সিকোর, ‘পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি হওয়ার চেয়ে বড় প্রেরণা আর কী হতে পারে? আমাদের জীবনের সবচেয়ে বড় ম্যাচ এটি।’
উপলক্ষ যখন এত বড়, বড় একটা পারফরম্যান্সও তো চাই। সে জন্য মেক্সিকানদের চোখ থাকবে পুরোনো তারকার ওপরই-হাভিয়ের ‘চিচারিতো’ হার্নান্দেজ!
বয়স এখন আর সঙ্গ দিচ্ছে না। মাত্র ৩০ চলছে, তবে এই হার্নান্দেজকে দেখেই ২০১০ বিশ্বকাপের ছায়া মনে হতে বাধ্য। নিজের প্রথম সেই বিশ্বকাপে হার্নান্দেজের দারুণ পারফরম্যান্সেই মুগ্ধ হয়ে তাঁকে ম্যানচেস্টার ইউনাইটেডে নিয়ে গিয়েছিলেন সে সময়ের ইউনাইটেড কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন।
এ ক্লাব-ও ক্লাব ঘুরে এখন হার্নান্দেজের ঠিকানা ওয়েস্ট হাম, সেখানেও নিয়মিত নন একাদশে, এই হার্নান্দেজ সম্পর্কে যা বলার এটাই বলে। তবু তিনি ভরসা মেক্সিকোর। কার্লোস ভেলা, হিরভিং লোজানোদের ভিড়ে মেক্সিকোর অভিজ্ঞতম খেলোয়াড়দের একজন। ব্রাজিলের মতো একটা দলের বিপক্ষে তাঁর অভিজ্ঞতাই তো পথ দেখাতে পারে মেক্সিকোকে।
এই বিশ্বকাপে এরই মধ্যে একটা গোল পেয়েছেন। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গ্রুপের দ্বিতীয় ম্যাচে ২-১ গোলের জয়ে তাঁর সেই গোলে একটা মাইলফলকও হয়েছে ‘চিচারিতো’র। আন্তর্জাতিক ম্যাচে পেয়েছেন ৫০ গোল (১০৪ ম্যাচে) পাওয়া প্রথম মেক্সিকান তিনি।
আজ ‘জীবনের সবচেয়ে বড় ম্যাচে’ নামার আগে মেক্সিকোকে একটু ভয় দেখাচ্ছে গ্রুপ পর্বের শেষ ম্যাচে সুইডেনের বিপক্ষে ওভাবে ভেঙে পড়া। ৪-০ গোলে হারলেও অন্য ম্যাচে জার্মানি হেরে যাওয়ায় ভাগ্যক্রমে শেষ ষোলোয় আসে মেক্সিকো। তা আজ যখন ব্রাজিল নামের সবচেয়ে কঠিন পরীক্ষা, হার্নান্দেজ অভয়ের মন্ত্রই শোনাচ্ছেন, ‘আমরা শুধু স্বপ্নচারী নই। সে স্বপ্ন সত্যি করতে হাড়ভাঙা পরিশ্রমও করি। আমরা অসম্ভবকে সম্ভব করতে চাই।’
‘অসম্ভবের’ নাম? ওই যে, কিন্তো পারতিদো!