'কুৎসিত' পর্তুগালেও খুশি সান্তোস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্তুগালের ম্যাচে বেশির ভাগ সময় ডাগ-আউটেই বসে থাকেন। কপালে ভাঁজ ফেলা ফার্নান্দো সান্তোসকে দেখে মাঝেমধ্যে মনে হয়, যেন ভুল করে মাঠে চলে এসেছেন। তাঁর আসলে থাকার কথা ছিল কোনো করপোরেট অফিসে। করার কথা ছিল প্রতিষ্ঠানের লাভক্ষতির হিসাব-নিকাশ।
হিসাব তিনি ডাগ-আউটে বসেও করেন। পর্তুগালের ইউরোর ফাইনালে ওঠার পেছনে রোনালদো-নানিদের দুর্দান্ত গোলগুলোর যতটা অবদান, ততটাই সান্তোসের সাবধানী রণকৌশলেরও। হয়তো চিত্তাকর্ষক নয় সেই কৌশল, কারও কারও চোখে একটু বেশিই রক্ষণাত্মক। পর্তুগালের দিকে বাঁকা চোখে তাকানোর কারণও হয়তো এটিই।
তবে যতই সমালোচনা হোক, সত্যিটা হচ্ছে, ইউরোর ফাইনালে উঠে গেছে পর্তুগাল। দেশটির ফুটবল ইতিহাসে প্রথম শিরোপার পথে অপেক্ষা আর এক ম্যাচের, বাধা শুধু ফ্রান্স। সান্তোসের ওসব সমালোচনায় পাত্তা দেওয়ার সময় কোথায়! ইউরোর মাঝামাঝি সময়েই বলেছিলেন, ‘আমি স্বভাবগতভাবেই কুৎসিত, এর চেয়ে কুৎসিত হতেও আমার আপত্তি নেই।’ দলের এমন ফুটবলেই বরং খুশি ৬১ বছর বয়সী কোচ, ‘কতটা ভালো বা খারাপ খেলেছে, তা দিয়ে আমি দলকে বিবেচনা করি। কতটা সুন্দর বা কুৎসিত খেলেছে তা দিয়ে নয়।’
একই কৌশলে আজও সফল হলে পর্তুগালের ফুটবল ইতিহাসেই লেখা হয়ে যাবে সান্তোসের নাম। ফাইনালে পাশের ডাগ-আউটে যিনি থাকবেন, তারকাখ্যাতিতে তাঁর সঙ্গে সান্তোসের তুলনাই হয় না। ফ্রান্সের হয়ে বিশ্বকাপ-ইউরো সবই জিতেছেন দেশম, সান্তোসের জাতীয় দলেই খেলা হয়নি। খেলোয়াড়ি জীবন কেটেছে পর্তুগালের অখ্যাত দুই ক্লাব এস্তোরিল ও মারিতিমোয়।
কোচিংয়ে আসার গল্পটাও ব্যতিক্রমী। টেলিযোগাযোগ প্রকৌশলে ডিগ্রি আছে সান্তোসের, এস্তোরিলে খেলোয়াড়ি জীবনের শেষ দিকে এক হোটেলে খণ্ডকালীন চাকরি নেন। ওই হোটেলের মালিক ছিলেন আবার এস্তোরিলের সভাপতি। তিনিই সান্তোসকে অনুরোধ করেন দ্বিতীয় স্তরে থাকা ক্লাবটির ‘আপৎকালীন’ কোচ হওয়ার।
এস্তোরিলে ছিলেন সাত বছর, প্রথম বিভাগেও উঠিয়ে এনেছিলেন ক্লাবটিকে। এরপর হঠাৎই সান্তোসকে বরখাস্ত করে এস্তোরিল। পরে পর্তুগালের বড় তিন ক্লাব স্পোর্টিং লিসবন, বেনফিকা, পোর্তার কোচ হয়েছেন। ২০১০ সাল থেকে চার বছর ছিলেন গ্রিসের কোচ।
পর্তুগালের দায়িত্ব নেন ইউরো বাছাইপর্বের শুরুর দিকে। ২০১৪ বিশ্বকাপের গ্রুপ পর্বেই বিদায়ের পর ইউরো বাছাইপর্বেরও প্রথম ম্যাচে হেরে পর্তুগাল তখন দিশেহারা। রোনালদো-নির্ভরতা কমাতে তরুণদের জন্য জাতীয় দলের দরজা খুলে দেন। গত ১৮ মাসে ৫০ জন খেলোয়াড়কে নামিয়েছেন মাঠে। সবকিছুর ফল তো চোখের সামনেই, এখনো কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে হারেনি ‘সান্তোসের পর্তুগাল’। রয়টার্স।
ইউরো জয়ের মন্ত্রে উজ্জীবিত করেছেন সেই শুরু থেকেই। মিডফিল্ডার জোয়াও মারিও ফাইনালের আগে বিশ্বকে জানিয়ে দিলেন, ‘প্রথম দিন থেকেই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ের ধারণাটা দলের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন তিনি। আমরাও এখন আগের চেয়ে অনেক বেশি বিশ্বাস করি—এটা সম্ভব।’ এই বিশ্বাস সত্যি হলে সান্তোসের কৌশল নিয়ে আর কে প্রশ্ন তুলতে যাবে!