‘এই জয়টা ৩ পয়েন্টের চেয়েও বেশি কিছু।’
কতটা তৃপ্তি নিয়ে কথাগুলো বলেছিলেন টটেনহাম হটস্পার কোচ মরিসিও পচেত্তিনো, তা অনুমান করাই যায়। চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডকে ৩-১ গোলে হারানো, সেটিও আবার ওয়েম্বলিতে! যে ভেন্যুকে অপয়া বলেই এত দিন মনে হচ্ছিল টটেনহাম-ভক্তদের কাছে!
তৃপ্ত ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলাও। ফেইনুর্ডের মাঠে সিটির ৪-০ গোলের জয়ে একটা ব্যক্তিগত মাইলফলক ছুঁয়েছেন সিটির আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। ইউরোপিয়ান প্রতিযোগিতায় সব মিলিয়ে ৫০তম গোলটি পরশু পেলেন ‘কুন’। তবে ইংল্যান্ডের আরেক দল লিভারপুলের খুশি হওয়ার কোনো কারণই নেই। দুর্দান্ত খেলেও রক্ষণের ভুলে পয়েন্ট হারিয়েছে অলরেডরা, সেভিয়ার সঙ্গে ঘরের মাঠে ড্র করেছে ২-২ গোলে।
তবে টটেনহামের জয়, আর তাদের ‘ওয়েম্বলি-জুজু’ কাটানোটাই সবচেয়ে আলোচিত। ক্লাবের নিয়মিত মাঠ হোয়াইট হার্ট লেনে নতুন স্টেডিয়াম হচ্ছে, এই মৌসুমে ওয়েম্বলিই টটেনহামের মাঠ। অবশ্য গত মৌসুমেও চ্যাম্পিয়নস লিগের ম্যাচগুলো স্পাররা খেলেছিল ওয়েম্বলিতেই। কিন্তু ইংল্যান্ডের জাতীয় স্টেডিয়াম যেন এত দিন আপন ভাবেনি টটেনহামকে! গত মৌসুমে মোনাকো ও বেয়ার লেভারকুসেনের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকেই বিদায় হয় স্পারদের, হারে তারা এফএ কাপের সেমিফাইনালেও। এই মৌসুমেও লিগে দুই ম্যাচের একটিতে হার, অন্যটি ড্র। সব মিলিয়ে সর্বশেষ ১২ ম্যাচে ৮ হার! জুজুই তো!
সেটি টটেনহাম তাড়াল হ্যারি কেনের সৌজন্যে। জোড়া গোল করেছেন ইংলিশ স্ট্রাইকার। তাঁর গোল দুটি অবশ্য ম্যাচের শেষ দুই গোল। ৪ মিনিটে হিউং মিন সনের গোলে এগিয়ে যায় টটেনহাম, ৭ মিনিট পরই বক্সের বাইরে থেকে বাঁ পায়ের বাঁকানো শটে ডর্টমুন্ডকে সমতায় ফেরান আন্দ্রিই ইয়ারমোলেঙ্কো। এরপর ‘কেন-শো’। ১৫ মিনিটে করলেন নিজের প্রথম গোল, ৬০ মিনিটে দ্বিতীয়টি। দুটিতেই দেখিয়েছেন তাঁর দুর্দান্ত ফিনিশিং দক্ষতা।
তা ওয়েম্বলি-জুজু তাড়ানো গেল, তার ওপর কঠিন গ্রুপে (রিয়াল মাদ্রিদের সঙ্গে) প্রথম ম্যাচেই জয় নিয়ে একটু এগিয়ে থাকাও হলো। পচেত্তিনো স্বভাবতই খুশি, ‘আশা করি, এই জয়ের পর জুজু নিয়ে কথা বন্ধ হবে। টুর্নামেন্টে ভালো শুরু করাও দরকার ছিল।’ কেনেরও প্রশংসা করলেন, ‘ও দুর্দান্ত, আমার চোখে বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার।’
গার্দিওলারও তাঁর দুই স্ট্রাইকারকে নিয়ে খুশি হওয়ার কথা। আগুয়েরো মাইলফলক পেরিয়েছেন—ইউরোপিয়ান প্রতিযোগিতায় ৮৪ ম্যাচে ৫০ গোল হলো তাঁর। গোল পেয়েছেন গ্যাব্রিয়েল জেসুসও। এদিন জোড়া গোল করে ‘স্ট্রাইকার’ বনে গেছেন ডিফেন্ডার জন স্টোনসও! ইংলিশ ডিফেন্ডারের প্রশংসা করেছেন গার্দিওলা, তবে সিটি কোচ বেশি খুশি দলের পারফরম্যান্সে, ‘আমরা আক্রমণাত্মক খেলেছি। দৌড়েছি অনেক, বিশেষ করে ডান দিক দিয়ে। ম্যাচ জেতার মতো যথেষ্ট সুযোগও তৈরি করেছি।’
রক্ষণ সামলে সিটির ডিফেন্ডারদের এভাবে গোলও করতে দেখে লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপের দুঃখটা আরও বাড়ারই কথা। তাঁর ডিফেন্ডাররা যে গোল আটকানোর কাজটাই ঠিকঠাক পারছে না! দুই মৌসুম পর চ্যাম্পিয়নস লিগে ফেরার ম্যাচে ৫ মিনিটেই রক্ষণে গলদ! ডিফেন্ডার ডেয়ান লভরেনের শিশুতোষ ভুলের সুযোগে গোল করলেন সেভিয়ার উইসাম বেন ইয়েডার। রবার্তো ফিরমিনো ও মোহামেদ সালাহর গোলে প্রথমার্ধেই ২-১-এ এগিয়ে যায় লিভারপুল। ফিরমিনো পেনাল্টি মিস করায় সেটি প্রথমার্ধেই ৩-১ হয়নি। সেটিই পরে দুঃখ বাড়াল ক্লপের দলের। ৭২ মিনিটে গোল করে সেভিয়াকে সমতায় ফেরান হোয়াকুইন কোরেয়া। এএফপি, উয়েফা।
একনজরে
টটেনহাম ৩: ১ ডর্টমুন্ড
রিয়াল মাদ্রিদ ৩: ০ অ্যাপোয়েল
পোর্তো ১: ৩ বেসিকতাস
লাইপজিগ ১: ১ মোনাকো
শাখতার ২: ১ নাপোলি
ফেইনুর্ড ০: ৪ ম্যান সিটি
লিভারপুল ২: ২ সেভিয়া
মারিবর ১: ১ স্পার্তাক মস্কো
* প্রথমে স্বাগতিক দল