'কোনো কাজ অসম্পূর্ণ রেখে যাচ্ছি না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>সর্বকালের সেরা কি না, সে আলোচনায় না গিয়েই বলা যায় ভিসেন্তে দেল বস্ক অর্জনে ছাপিয়ে যাচ্ছেন সবাইকে। একমাত্র কোচ হিসেবে চ্যাম্পিয়নস লিগ, ইউরো ও বিশ্বকাপ জেতার কৃতিত্ব তাঁর। স্পেনের কোচ হিসেবে তাঁর দায়িত্বের মেয়াদ শেষ হয়ে যাবে ৩১ জুলাই। এরই মাঝে অবসরের ঘোষণা দিয়ে দিয়েছেন দেল বস্ক। বিদায়বেলায় ফিফা ডটকমের সঙ্গে কথা বলেছেন স্পেন কোচ হিসেবে নিজের সাফল্য, ব্যর্থতা ও স্পেনের ফুটবল নিয়ে—
ভিসেন্তে দেল বস্ক
ভিসেন্তে দেল বস্ক

* স্পেনের কোচ হিসেবে ৮ বছরের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। কেমন কেটেছে সময়টা?
ভিসেন্তে দেল বস্ক: ভালো-মন্দ মিলিয়ে প্রায় সবকিছুই ছিল। আমরা অনেক কিছুই জিতেছি, আবার অনেক হারের দুঃখও পেতে হয়েছে। এটা খেলারই অংশ। তবে বিবেকের কাছে আমি পরিষ্কার। স্প্যানিশ ফুটবলের প্রতি আমার দায়িত্ব আমি পালন করতে পেরেছি।
* বিদায়বেলায় এমন কোনো অনুভূতি হচ্ছে কি, যা আপনাকে আচ্ছন্ন করে রেখেছে? স্বস্তি, হতাশা কিংবা সন্তুষ্টি?
দেল বস্ক: স্পেন দলকে কোচিং করাতে পারাটাই আমার আনন্দ ছিল। আমরা বেশ কিছু ভালো বছর পার করেছি। এর মধ্যে অবশ্য ব্রাজিল বিশ্বকাপ ও ফ্রান্সে এবারের ইউরোও আছে, যেখানে আমরা ভালো করিনি। আমার পুরো সময়টিই বিশ্লেষণ করি। আমি জানি, অনেক ভালো কিছু ছিল এ সময়ে। বড় টুর্নামেন্টের জন্য বাছাইপর্বে আমরা ৩৬টি ম্যাচ খেলেছি। ৩৩টি জিতেছি, হেরেছি মাত্র একটিতে। এটি খুব গুরুত্বপূর্ণ একটি পরিসংখ্যান। আমরা স্পেনের খেলার ধরন ধরে রেখেছি, সেটিকে আরও শক্তিশালী করেছি। এ ধরনটি এখন সবাই চেনে।
* দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ জয় যে আপনার সেরা সাফল্য, সেটি নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু শিরোপা বাদে কোন কাজটি নিয়ে আপনি সবচেয়ে বেশি গর্বিত?
দেল বস্ক: আমি মনে করি, এ খেলাটায় খেলোয়াড়েরাই সবকিছু। তাদের আচরণ ছিল অসাধারণ। তারা শুধু মাঠের চ্যাম্পিয়নই ছিল না, অনেক উদাহরণও তৈরি করেছে। আমরা চেষ্টা করেছি এটি সব সময় ধরে রাখতে এবং আমার ধারণা, অধিকাংশ সময় আমরা সেটা করতেও পেরেছি।
* আপনার কি কোনো আক্ষেপ আছে?
দেল বস্ক: না, সত্যিই আমার কোনো দুঃখ নেই। আমি বলছি না, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তার সবগুলো পালন করতে পেরেছি। কারণ সেটি করা অসম্ভব। আরেকটি বিশ্বকাপ কিংবা ইউরো জেতা বস্তুত অসম্ভব ছিল। তবে আমি কোনো কাজ অসম্পূর্ণ রেখে যাচ্ছি না। ২০০৮ সালে লুইস অ্যারাগোনেস যা রেখে গিয়েছেন, সেটি আমরা ধরে রাখতে পেরেছি।
* আপনি সব সময় অ্যারাগোনেসের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। একটু বুঝিয়ে বলবেন আপনি তাঁর কাছ থেকে কী পেয়েছিলেন এবং আপনি আপনার উত্তরসূরির জন্য কী রেখে যাচ্ছেন?
দেল বস্ক: আমরা একটি খেলার ধরন পেয়েছিলাম এবং সেই সঙ্গে পথচলার বিস্তারিত রূপরেখাও দেওয়া ছিল। তবে প্রত্যেক কোচ তাঁর দলকে নিজের মতো করেই খেলান। সেটি তাঁর বেড়ে ওঠা, চরিত্র, মানসিকতার ওপর নির্ভর করে। দুজন কোচ কখনোই এক রকম হতে পারেন না। কিন্তু ২০০৮ সালে যে পরিকল্পনাটি দেওয়া ছিল, সেটি পরিপূর্ণ ছিল। আমার ধারণা, এখনো আমরা সঠিক পথেই আছি।
* ফুটবল-বিশ্বের স্মরণশক্তি খুব দুর্বল। আপনি নিজেই এর স্বাদ পেয়েছেন। ২০১২ সালে আপনি ফিফার বর্ষসেরা কোচ হয়েছিলেন এবং সাফল্য অনেক প্রশস্তিও টেনে এনেছিল। আবার যখনই ফল খারাপ হতে থাকল, সবাই সমালোচনা করতে শুরু করল। কীভাবে সামলেছেন এটি?
দেল বস্ক: হারলে সমালোচনা হওয়াটাই স্বাভাবিক। ফুটবলে আমরা দুই ক্ষেত্রেই (প্রশস্তি ও সমালোচনা) বাড়াবাড়ি করি, সবাই তা জানে। যারা সব সময় স্পেন দলের সমালোচনা করে, তাদের সঙ্গে তো আর লড়তে পারবেন না। তবে আমি অখুশি নই। খারাপের চেয়ে ভালো স্মৃতিই বেশি তৈরি করেছি, ভালোবাসা পেয়েছি।
* স্পেন নিজস্ব একটি ধরনে খেলে সাফল্য পেয়েছে। কিন্তু ২০১৪ বিশ্বকাপ ও ২০১৬ ইউরোর পর তো এটি নিয়ে এখন প্রশ্ন উঠে গেছে। আপনার কী ধারণা, এবার কি নতুন কিছু চেষ্টা করা উচিত? নাকি জাভি হার্নান্দেজের মতো আপনিও মনে করেন এটি অপরিবর্তনীয়?
দেল বস্ক: নতুন কোচকেই এ সিদ্ধান্ত নিতে হবে। এ ব্যাপারে আমার কোনো কথা বলাই উচিত না। আমি এর বাইরে থাকতে চাই। যে-ই আসবে, সে-ই সিদ্ধান্ত নেবে এবং সঠিক কাজটিই করবে।
* আপনার উত্তরসূরির জন্য কোনো উপদেশ কি আছে?
দেল বস্ক: না, না, না, কখনোই না। আমরা সবাই ফুটবলকে ভিন্ন চোখে দেখি এবং আমার চোখে যা সঠিক, তা পরের জনের কাছে ভালো না-ও লাগতে পারে। নতুন কোচকে পূর্ণ স্বাধীনতা দেওয়া উচিত।
* কী মনে হয়, অবসরের পর জীবনটা কেমন হবে? কোনো নতুন কিছু করার আগ্রহ পাচ্ছেন?
দেল বস্ক: এখনো এ নিয়ে ভাবিনি। তবে আমি অতীতের স্মৃতি নিয়ে পড়ে থাকার মানুষ না। যতটা সম্ভব ভালোভাবে বেঁচে থাকতে চেষ্টা করব। আর যত কম দায়িত্ব, তত আরামে থাকা যায়। আপাতত পরিবারের সঙ্গে সময় কাটাব। স্বাস্থ্যের দিকে নজর দেব কারণ ওটাই বেশি গুরুত্বপূর্ণ।
* বিদায়বেলায় এমন কোনো বার্তা পেয়েছেন, যেটি আপনাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে?
দেল বস্ক: অনেক, অনেক। বন্ধু, খেলোয়াড়, ফুটবল-সংশ্লিষ্ট মানুষ, নাম না জানা ভক্ত—সবার কাছ থেকেই পেয়েছি। সবগুলোই ছিল খুব আবেগপ্রবণ। তাই কৃতজ্ঞচিত্তেই আমি বিদায় নিচ্ছি।