'ক্যাভি'র গোলে পিএসজির হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাভানির গোলের উচ্ছ্বাস। পরশু প্যারিসে তাঁর এই গোলই চেলসির বিপক্ষে ২-১ ব্যবধানে জিতিয়েছে পিএসজিকে l এএফপি
কাভানির গোলের উচ্ছ্বাস। পরশু প্যারিসে তাঁর এই গোলই চেলসির বিপক্ষে ২-১ ব্যবধানে জিতিয়েছে পিএসজিকে l এএফপি

ফর্মটা খারাপ যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই। আগের ১০ ম্যাচে মাত্র ১ গোল। স্ট্রাইকারের যদি এমন অবস্থা হয়, তাঁর ওপর কত দিন আস্থা রাখা যায়? লরাঁ ব্লাঁও কি একটু একটু করে আস্থা হারাচ্ছিলেন এডিনসন কাভানির ওপর? নইলে একাদশে জায়গা হারাবেনই বা কেন!
পরশু প্যারিসেও বেশির ভাগ সময় বেঞ্চে বসে থাকতে হলো। ৭৪ মিনিটে যখন বদলি হিসেবে মাঠে নামেন, ম্যাচে ১-১ সমতা। কিন্তু অ্যাওয়ে গোল পেয়ে যাওয়ায় চেলসিই বেশি স্বস্তিতে। প্রতিপক্ষের স্বস্তিটা উড়িয়ে দিয়ে প্যারিস সেন্ট-জার্মেই সমর্থকদের মুখে হাসি ফোটাতে কাভানি সময় নিলেন ৪ মিনিট। অ্যাঙ্গেল ডি মারিয়ার চিপ করে বাড়ানো বলে বেশ দুরূহ কোণ থেকে শট নিলেন কাভানি। গোল!
চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর প্রথম লেগটা শেষ পর্যন্ত পিএসজি জিতল ২-১ গোলেই। যে জয়ের পর কোচ লরাঁ ব্লাঁ এখন উচ্ছ্বসিত তাঁর স্ট্রাইকারকে নিয়ে, ‘ক্যাভির (কাভানি) জন্য আমি খুবই আনন্দিত। আমি তো সব সময়ই বলি, সে দুর্দান্ত প্রতিভা। মাঝে ওর কিছু কঠিন সময় গেছে। আশা করছি, এই গোলটা তাকে আত্মবিশ্বাস দেবে।’
নিজেদের মাঠে ইব্রাহিমোভিচের গোলে ৩৬ মিনিটেই এগিয়ে গিয়েছিল পিএসজি। প্রায় ২০ গজ দূর থেকে নেওয়া তাঁর গোলার মতো ফ্রি-কিকটি চেলসির মানবদেয়ালে দাঁড়ানো ওবি মিকেলের পায়ে লেগে জড়িয়ে যায় জালে। চ্যাম্পিয়নস লিগে সর্বশেষ তিন ম্যাচে এটি ইব্রার তৃতীয় গোল। কিন্তু লিডটা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ফরাসি চ্যাম্পিয়নরা। প্রথমার্ধের একেবারে শেষ দিকে ডিয়েগো কস্তার পাসে ওবি মিকেলই ম্যাচে ফেরান চেলসিকে। ড্রয়ের দিকে এগোতে থাকা ম্যাচের রং শেষে এসে বদলে যায় কাভানির গোলে। দুই দফায় চেলসির দায়িত্ব পাওয়া গাস হিডিঙ্ক এ নিয়ে দ্বিতীয়বার হারলেন। আগের দফায় হারের স্বাদ পেয়েছিলেন হ্যারি রেডন্যাপের টটেনহামের কাছে।
জয়ের আনন্দ তো আছেই। তবে এর মধ্যেও লরাঁ ব্লাঁর মনে একটু খচখচানি রয়ে গেল নিজের মাঠে একটা গোল খাওয়ায়। এ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে নিজেদের মাঠে এই প্রথম গোল খেল পিএসজি। স্টামফোর্ড ব্রিজে ফিরতি লেগে অ্যাওয়ে গোলের সুবিধাটা পাবে চেলসি। ব্লাঁও মেনে নিলেন, ‘এই গোলটা খাওয়া ঠিক হয়নি। পরের লেগে এটাই বড় হয়ে উঠতে পারে।’
ব্লাঁর যেটা অস্বস্তি, সেটাই চেলসি কোচ গাস হিডিঙ্কের জন্য কিছুটা স্বস্তির ব্যাপার। এখানে হারলেও তাই ফিরতি ম্যাচে ঘরের মাঠে ঘুরে দাঁড়িয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার আশা করতেই পারে তাঁর দল। হিডিঙ্ক তাই এখনো বেশ আশাবাদী, ‘আমি তো মনে করি এখনো দুই দলের সমান সম্ভাবনা। আমাদের প্রতিপক্ষ খুবই কঠিন ছিল। আবেগটা বাদ দিয়ে যদি দেখি, এমন প্রতিপক্ষের সঙ্গে এই ফল খারাপ কিছু নয়।’
পরশু রাতে চ্যাম্পিয়নস লিগের অন্য ম্যাচটাও রং বদলেছে একেবারে শেষ দিকে। যোগ করা সময়ে হোনাসের একমাত্র গোলে জেনিত সেন্ট পিটার্সবার্গকে হারিয়েছে স্বাগতিক বেনফিকা। এএফপি।

এক নজরে
বেনফিকা ১ : ০ জেনিত
পিএসজি ২ : ১ চেলসি
* প্রথমে স্বাগতিক দল