'ক্রসবার চ্যালেঞ্জে' নেইমারের জাদু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুগ্ধতা ছড়িয়েই যাচ্ছেন নেইমার। ছবি: এএফপি।
মুগ্ধতা ছড়িয়েই যাচ্ছেন নেইমার। ছবি: এএফপি।

ফিফা বর্ষসেরার পুরস্কার অনুষ্ঠানে মজা করে বলেছিলেন, সুযোগ পেলে ক্রিস্টিয়ানো রোনালদোর ডান আর লিওনেল মেসির বাঁ পা নিজের করে নিতে চাইতেন। কিন্তু নেইমার নিজেই কি কোনো অংশে কম? ডান, বাঁ—দুই পায়েই নিয়মিত ভেলকি দেখিয়ে চলছেন মাঠে।

অবশ্য শুধু মাঠে বললে নেইমার মনঃক্ষুণ্ন হতে পারেন। মাঠের বাইরেও তো সমানতালে চলে নেইমারের ভেলকি। এবার যেমন দেখালেন ফুটবলের গেম ‘পেস ২০১৬’—এর প্রচারণার জন্য বানানো ভিডিওটিতে।
ভিডিওতে প্রথমে দেখা গেল, দুজন ফ্রি-স্টাইলার নেইমারকে চ্যালেঞ্জ জানাচ্ছেন ‘ক্রসবার চ্যালেঞ্জে’। বল মেরে ক্রসবারে লাগাতে হবে।

নেইমার হয়তো মনে মনে তখন ভাবছিলেন, ‘এটা কোনো ব্যাপার হলো!’ অন্তত পারফরম্যান্সে তো তা-ই প্রমাণ করলেন। পাঁচটি শট মেরেছেন, চারটিই গিয়ে লেগেছে বারে! লেটার মার্কস!
এতটুকু দেখেই আশ্চর্য হওয়ার ক্ষমতার সবটুকু শেষ করে ফেলবেন না যেন! এরপরের অংশটুকু তো আরও চমক জাগানিয়া। পাশে থাকা দুই ফ্রি-স্টাইলার নতুন ধরনের চ্যালেঞ্জে আমন্ত্রণ জানালেন, যার নাম ছিল ‘স্পেকট্যাকুলার ক্রসবার’।

চ্যালেঞ্জ একই—বল বারে লাগাতে হবে। তবে এবারে কাজটা আরও একটু কঠিন। দুই ফ্রি-স্টাইলার নিজেদের কসরত দেখানোর পর বল বাড়িয়ে দেবেন নেইমারকে। ব্রাজিল অধিনায়কের কাজ হবে যে অবস্থায় বল পাবেন, ওখান থেকেই শট করে বল বারে লাগাতে হবে। তা-ই করলেন নেইমার। তবে করলেন এমন আশ্চর্য সহজ ভঙ্গিতে যে, দেখে মনে হলো এটি তাঁর কাছে সকাল-বিকাল পার্কে ঘুরতে যাওয়ার মতোই ব্যাপার।
এমনিতেই মাঠে একের পর এক কীর্তিতে মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন। মেসি-রোনালদোর পর ফুটবল বিশ্বের শাসন করবেন, এমন একটা বার্তাও দিয়ে যাচ্ছেন নিয়মিত। মাঠের অর্জনের সঙ্গে এই কীর্তি মিলিয়ে দিনে দিনে যেন অবিশ্বাস্য শব্দটাকে নতুন করে সংজ্ঞায়িত করে যাচ্ছেন নেইমার।

অবশ্য একটা সমস্যা হতে পারে ভিডিওটি দেখার পর। এখন থেকে ম্যাচে নেইমারের কোনো শট বারে লেগে ফেরত এলে কেউ যদি ভেবে বসেন, নিছকই দুষ্টুমি করে শটটা বারে লাগিয়েছেন এই বার্সেলোনা ফরোয়ার্ড, তাহলে দোষ দেওয়ার কিছু থাকবে না।

ভিডিওটি দেখুন এখানে: