'ক্লান্ত' এনরিকের বিদায়ের ঘোষণা

ড্রেসিংরুমে মেসি-নেইমারদের উৎসবটা তখনো চলছিল। স্পোর্টিং গিজনকে ৬-১ গোলে হারানোর সেই উৎসব হঠাৎই থামিয়ে দিলেন লুইস এনরিকে। সবাইকে অবাক করে দিয়ে বললেন, ‘আমার বিশ্রাম প্রয়োজন। ক্লান্তি পেয়ে বসেছে আমাকে।’ বার্সেলোনার খেলোয়াড়েরা কিছু বুঝে ওঠার আগেই ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে ঘোষণা করলেন, বার্সায় এটাই তাঁর শেষ মৌসুম।
কোচ হিসেবে দায়িত্ব নিয়ে প্রথম মৌসুমেই বার্সেলোনাকে ‘ট্রেবল’ জিতিয়েছিলেন। গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জিততে না পারলেও দলকে এনে দিয়েছেন স্প্যানিশ লিগ ও কোপা দেল রে। চলতি মৌসুমে অবশ্য অনেকটাই বিবর্ণ কাতালান ক্লাবটি। পিএসজির কাছে প্রথম লেগে ৪-০ গোলে হেরে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকেই ছিটকে পড়ার শঙ্কা জেগেছে। সব মিলিয়ে এনরিকের ভবিষ্যৎ নিয়ে কানাঘুষা একটা ছিলই। সেই কানাঘুষা বন্ধ করে দিলেন নিজেই।
বার্সার সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে আগামী জুনে। এটা আর নবায়ন করবেন না বলে জানিয়ে দিয়েছেন এনরিকে, ‘এই মৌসুম শেষে আমি বার্সেলোনার কোচের পদে আর থাকছি না। সত্যি এটা কঠিন এক সিদ্ধান্ত। তবে সিদ্ধান্তটি আমি অনেক ভেবেচিন্তেই নিয়েছি।’
স্পেনের সাবেক মিডফিল্ডার ১৯৯৬ থেকে ২০০৪ সাল পর্যন্ত বার্সেলোনার হয়ে খেলেছেন। খেলোয়াড়ি জীবন শেষে ২০০৮ থেকে ২০১১ পর্যন্ত কোচিং করিয়েছেন বার্সেলোনা ‘বি’ দলকে। ২০১৪ সালে বার্সেলোনার মূল দলের দায়িত্ব নেওয়ার আগে রোমা ও সেল্টা ভিগোর কোচ হিসেবেও কাজ করেছেন। বার্সেলোনার সাবেক কোচ পেপ গার্দিওলা প্রতিক্রিয়ায় বলেছেন, ‘তাঁর ব্যক্তিত্ব আর চরিত্র মিলিয়ে আমি বলব, বার্সেলোনার জন্য উপযুক্ত একজন ট্রেনারকে মিস করব আমরা।’ গোল, ইএসপিএন, মার্কা।