'কড়া হেডমাস্টার' এনরিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লুইস এনরিকে
লুইস এনরিকে

পরীক্ষার ফল ভালো হয়নি? তার মানে ছেলের পড়াশোনায় মনোযোগ নেই।
কী করা যায় তাহলে? অনেকে অনেক উপায় বলবেন। তবে স্কুলের প্রধান শিক্ষক যদি জাঁদরেল কেউ হন তাহলে দাওয়াইটা আন্দাজ করা কঠিন কিছু নয়। নিয়মশৃঙ্খলার কড়াকড়ি। কড়া শাসনে রাখলে তবেই না সব বাদ দিয়ে লেখাপড়ায় মনোযোগী হবে ছেলে! লুইস এনরিকে যেন বার্সেলোনার সেই কড়া ‘হেডমাস্টার’।

গত মৌসুমে ফল মোটেই ভালো হয়নি বার্সেলোনার। ছয় বছর পর বড় কোনো শিরোপা ছাড়া একটা মৌসুম গেছে জাভি-ইনিয়েস্তা-মেসিদের। ব্যর্থতার দায় নিয়ে সরে যেতে হয়েছে আগের কোচ জেরার্ডো মার্টিনোকে। নতুন কোচ এনরিকেকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই ব্যর্থতা ভুলিয়ে ক্লাবকে আবার সাফল্যের পথে ফেরানোর জন্য। সেই দায়িত্ব পালন করতে গিয়ে নতুন বার্সা কোচ যে বিন্দুমাত্র আপস করতে রাজি নন সেটা বোঝা যাচ্ছে তাঁর পদক্ষেপ দেখেই। শুরুতেই ছাত্রদের কঠোর সব নিয়ম বেঁধে দিয়েছেন তিনি। এর অনেকগুলো নিয়ম অবশ্য সাবেক কোচ পেপ গার্দিওলার সময়েই ছিল। তবে মাঝে মার্টিনো সেসব নিয়মের ক্ষেত্রে অনেকটাই ছাড় দিয়েছিলেন। এনরিকে ছাড় দেওয়া তো দূরের কথা বরং সেসব নিয়ম ভঙ্গের জন্য রেখেছেন কড়া শাস্তির ব্যবস্থাও।

কী রকম নিয়ম? দলের সব খেলোয়াড়কে অন্তত অনুশীলনের এক ঘণ্টা আগে মাঠে চলে আসতে হবে। এরই মধ্যে নাকি এনরিকের চাহিদামতো বার্সার অনুশীলন কমপ্লেক্সে আসা-যাওয়ার সময় সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। শুধু তা-ই নয়, ম্যাচের দুই দিন আগে থেকে মাঝরাতের মধ্যেই ঘরে ফিরতে হবে। দেরি করা যাবে না একসঙ্গে খাওয়ার সময়গুলোতেও। 

সময়ানুবর্তিতার পাশাপাশি খেলোয়াড়দের খাদ্যাভ্যাসেও কড়া নজর এনরিকের। খাওয়ার সঙ্গে মদজাতীয় পানীয় সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছেন বার্সা কোচ। যদিও কম মাত্রার অ্যালকোহলসহ পানীয়তে কখনো আপত্তি করেননি ক্লাব ইতিহাসের সবচেয়ে সফল কোচ পেপ গার্দিওলা। তবে এ ব্যাপারে কড়া অবস্থানই নিয়েছেন এনরিকে।

খেলোয়াড়দের টুইটার, ফেসবুক কিংবা ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে আপত্তি নেই বার্সা কোচের। তবে এ বিষয়েও ছাত্রদের যথেষ্ট সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি। ক্লাবের সম্মানহানি হয় কিংবা গোপনীয়তা ভঙ্গ হয় এমন কিছু সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে শাস্তি পেতে হবে। এমনকি সতর্ক থাকতে হবে সংবাদমাধ্যমের সামনে কথা বলতে গেলেও। বোঝাই যাচ্ছে, সেস্ক ফ্যাব্রিগাসের বার্সা ছাড়ার খবরটা যে অসাবধানতার জন্য আগেই সংবাদমাধ্যমে ছড়িয়ে দিয়েছিলেন জেরার্ড পিকে, সেটা মোটেও পছন্দ হয়নি এনরিকের।

এ ছাড়া বড় ধরনের চোটের ঝুঁকি থাকে এমন সব ‘অ্যাডভেঞ্চার’ একেবারেই নিষিদ্ধ করে দিয়েছেন এনরিকে। মোটরসাইকেল চালানো, পাহাড়ে চড়া অথবা ডাইভিংয়ের অভ্যাস থাকলে সেটা বাদ দিতে হবে বার্সা খেলোয়াড়দের। যেকোনো নিয়ম ভঙ্গ করলে অন্তত ১ হাজার ইউরো থেকে সর্বোচ্চ ৬ হাজার ইউরো পর্যন্ত জরিমানা গুনতে হবে খেলোয়াড়দের। এ ছাড়া অপরাধের গুরুত্ব বিবেচনা করে জরিমানার পাশাপাশি অন্য শাস্তি দিতে পারবে ক্লাব কর্তৃপক্ষ। এমনকি একই অপরাধ একাধিকবার করলে যে কেউ ক্লাব থেকে বহিষ্কৃত পর্যন্ত হতে পারেন!

অবশ্য লুইস সুয়ারেজের মতো যাঁদের কামড়ে দেওয়ার অভ্যাস আছে তাঁদের জন্য কী শাস্তি, সেটা কোথাও পরিষ্কার করে বলেননি বার্সা কোচ। ডেইলি মেইল।