'গরমে' ফুটবল খেলতেই পারে না ঢাকার ক্লাবগুলো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গরমের অজুহাতে ফুটবল লিগ পেছাল  ৪৭ দিন! ফাইল ছবি, প্রথম আলো
গরমের অজুহাতে ফুটবল লিগ পেছাল ৪৭ দিন! ফাইল ছবি, প্রথম আলো

চোখে রোদচশমা। মোহামেডান ক্লাবের বারান্দায় চেয়ারে পরিপাটি বসে কোচ সৈয়দ নইমুদ্দিন। মাঝে মাঝে হাঁক দিচ্ছেন, ‘টাইগার..টাইগার।’ এই নামেই মিডফিল্ডার শরিফকে অন্য অনেকের মতো ভারতীয় কোচও ডাকেন। সাদাকালোর ফুটবলার শরিফ, কোমল, ফয়সাল মাহমুদরা ক্লাব চত্বরে বিকেলে হালকা ওয়ার্মআপে যাবেন। এই ফাঁকে শরিফের সঙ্গে একটু মজা করলেন নইমুদ্দিন। কিন্তু এরপরও মোহামেডান টেন্টটাকে জমাটি মনে হচ্ছিল না। খালি খালিই লাগছিল গত শুক্রবার। মতিঝিল ক্লাব চত্বরে গিয়ে মনে হলো, হঠাৎ ক্লাবটা যেন ভাঙা হাট।
অপ্রত্যাশিত ছুটি পেয়ে বেশির ভাগ ফুটবলার বাড়ি চলে গেছেন। ঈদের পর ক্যাম্প শুরু হলে ফিরবেন। কোচ নইমুদ্দিনও শনিবার কলকাতায় চলে গেছেন। ঢাকায় এসে মাত্র সপ্তাহ তিনেক কাটিয়ে পড়েছেন অনির্ধারিত ছুটির ফাঁদে।
অথচ এখন নইমুদ্দিনের ব্যস্ত থাকার কথা ঢাকায়। প্রিমিয়ার লিগ নিয়ে নিজের স্ট্র্যাটেজি বোর্ডে রণপরিকল্পনা সাজানোর কথা ছিল তাঁর। কিন্তু হঠাৎ প্রিমিয়ার লিগ গেল পিছিয়ে! এমনিতেই বাকি বিশ্বে যখন মৌসুম শেষের ঘণ্টা বাজে, ঢাকায় তখন মৌসুম শুরু হয়। মে’র দ্বিতীয় সপ্তাহে মৌসুমের প্রথম টুর্নামেন্ট ফেডারেশন কাপ শুরু হয়ে শেষ হয়েছে গত ৬ জুন। ১২ জুন থেকে মাঠে গড়ানোর কথা ছিল প্রিমিয়ার লিগ। কিন্তু অবিশ্বাস্যভাবে ৪৭ দিন পিছিয়ে গেল লিগটা। পৃথিবীর আর কোনো লিগ এক লাফে এভাবে ৪৭ দিন পেছায় না। বাংলাদেশেই বুঝি এটা সম্ভব।
প্রাকৃতিক দুর্যোগ এলে ভিন্ন কথা। কিন্তু বাংলাদেশের ফুটবল লিগ পেছায় গরমের অজুহাতে। গরমের দেশে গরমের অজুহাত! ১২টি ক্লাবে ৭টির কর্তাব্যক্তিদের সুখের শরীর। এরা বলে দিলেন গরমের মধ্যে খেলতে পারবেন না। গরমে খেলবেন ফুটবলাররা, কিন্তু তাঁরা তো ধর্মঘট করেনি গরমে খেলবেন না বলে। কোনো দাবিও তোলেননি। তা ছাড়া গরমে হাঁসফাঁস অবস্থাটা তো কেটে গেছে। এখন সেভাবে অসহনীয় গরম নেই। অতীতে এই সময়ে গরমে খেলা হয়েছে। কিন্তু এবার ক্লাব কর্তারা গো ধরে খেলাটা পিছিয়ে নিয়ে গেলেন সবাইকে অবাক করে।
মোহামেডান, শেখ জামাল, শেখ রাসেল, মুক্তিযোদ্ধা, বিজেএমসি, আরামবাগ, ফরাশগঞ্জ লিগ পেছানোর দাবিতে আরেকটি যুক্তি পেশ করেছিল— চিকুনগুনিয়া! হঠাৎ এই শারীরিক অসুস্থতা নাগরিক জীবনে হানা দিয়েছে এটা সত্য। বেশ কয়েকজন ফুটবলাররাও আক্রান্ত হয়েছেন। মোহামেডানের ছয়-সাতজন খেলোয়াড় আছেন এই তালিকায়। অন্য ক্লাবেও চিকুনগুনিয়া হয়েছে কয়েকজন ফুটবলারের। কিন্তু এটিকে কারণ দেখিয়ে ‘ঈদের পর ছাড়া লিগ খেলব না’ যুক্তি গ্রহণযোগ্য নয় কোনোভাবেই।
এসব ব্যাপারে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভূমিকা সত্যিই হাস্যকর। একেবারে রাবার স্ট্যাম্পের মতো। কোনো বক্তব্য নেই। কঠোরতা নেই। নেই স্বকীয়তা। কোনো বিষয়েই জোরালো কোনো অবস্থান নেই। ক্লাবগুলো যা বলে তা-ই তারা মেনে নেয় নীরবে। ঈদের পরেও তো খেলা শুরু হচ্ছে না। ১৯ জুলাই থেকে ফিলিস্তিনে এএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবল প্রতিযোগিতার প্রস্তুতির জন্য ঈদের পরেও কিছুদিন বন্ধ থাকবে লিগ। অনূর্ধ্ব-২৩ দল বিদেশে খেলতে যাবে বলে দেশের পেশাদার লিগ বন্ধ থাকবে—এটা অবিশ্বাস্য।
এই অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টে বাংলাদেশের আশা তেমন নেই। নতুন কোচ অ্যান্ড্রু ওর্ডের অধীনে অংশ নেওয়ার জন্যই নেওয়া। তবু লিগটা বন্ধ করার পথেই হাঁটল বাফুফে। যা দেখে ফুটবল মহলে বলাবলি হচ্ছে, ক্রিকেট যখন চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে পা রেখে গোটা দেশকে আনন্দে ভাসাচ্ছে, ফুটবল তখন গরম আর চিকুনগুনিয়ার অজুহাতে লিগ বন্ধ করে ঘুমাচ্ছে।
ফুটবলে আসলে কোনো পেশাদারিই গড়ে ওঠেনি। সূচির কোনো ঠিক নেই। সকাল-বিকেল বদলায়। ঠুনকো কারণেও খেলা বন্ধ। পাড়া-মহল্লার টুর্নামেন্টের মতো এখানে যখন খুশি ঘরোয়া লিগ শুরু হয়, যখন খুশি আবার তা বন্ধও রাখা হয়। ক্রীড়া সাংবাদিক মহলে রসিকতা চালু আছে, বাংলাদেশের ফুটবলের অবস্থা এমনই, এখানে কেউ যদি নিজের সন্তানের জন্মদিনের অজুহাতও দেন, অনুরোধ করেন খেলা বন্ধ রাখতে, তাহলে খেলা বন্ধ হয়ে যাবে। প্রতি বছর একই অবস্থা। একটা লিগ অন্তত আট-দশবার না পেছালে যেন চলেই না।
কয়েকটি ক্লাবের শীর্ষ স্তরের কর্তারা ব্যক্তিগত সফরে বিদেশে গেছেন। তাঁরা থাকবেন না বলেই তাঁদের চাওয়া পূরণ করতে লিগ বন্ধ রাখার দাবি ওঠার ঘটনাও নাকি আছে। সেই দাবিও শিরোধার্য মনে করেছে বাফুফে। এভাবে ক্লাবের কাছে বরাবরই জিম্মি থেকেছে ফুটবল। মেরুদণ্ড সোজা করে আজও দাঁড়াতে পারেনি ফুটবল ফেডারেশন। পারবে কীভাবে, ক্লাব কর্তারাই তো বাফুফের মসনদে থাকেন। বাফুফে যেন ক্লাবের হাতের পুতুল।
মজার ব্যাপার, ১২ ক্লাবের যে পাঁচটি লিগ পেছানোর কথা বলেনি, ৪৭ দিন খেলা পেছানোয় তাদেরও কোনো ক্রিয়া-প্রতিক্রিয়া নেই। প্রতিবাদ নেই। এসব যেন সবার যেন গা সওয়া হয়ে গেছে। অপসংস্কৃতির চর্চাটা চলছে সকলের অংশগ্রহণেই। এতে ক্ষতি হয় কোচের, খেলোয়াড়দের। ফেডারেশন কাপ খেলে দল গুছিয়ে এনেছিলেন কোচেরা। ঠিক তখনই দেড় মাসের বেশি খেলা বন্ধ হওয়া মানে কোচ-খেলোয়াড়কে আবার শুরু করতে হবে নতুন করেই।
অথচ বারবার খেলা পেছানোয় ক্লাবের ক্যাম্প খরচ বাড়ে। কোচ ও বিদেশি ফুটবলারদের অতিরিক্ত বেতন গুনতে হয়। তাতেও যেন আপত্তি নেই ক্লাবের! এসব করতে করতেই বাংলাদেশের ফিফা র‌্যাঙ্কিং ১৯৩ ঠেকেছে! ডাবল সেঞ্চুরি চোখ রাঙাচ্ছে! জাতীয় দল ভুটানের কাছে হেরে লজ্জায় ডুবে। মালদ্বীপের কাছে পাঁচ গোলে উড়ে যায়। ক্লাব-বাফুফের যৌথ প্রযোজনারই কুফল এসব। যা সর্বগ্রাসী রূপ নিয়ে ফুটবলকে ঠেলে দিচ্ছে আরও পেছনে, আরও গভীর খাদে।