
কী দুর্দান্ত ১২টি মাস কাটল ক্রিস্টিয়ানো রোনালদোর! ইউরো দিয়ে শুরু, পর্তুগালের ইতিহাসের প্রথম আন্তর্জাতিক শিরোপা সেটি। পাঁচ বছরের মধ্যে রিয়াল মাদ্রিদকে জিতিয়েছেন প্রথম স্প্যানিশ লিগও। আর পরশু নাম লেখালেন অমরত্ব এনে দেওয়ার মতো রেকর্ডে—চ্যাম্পিয়নস লিগ যুগে প্রথম দল হিসেবে শিরোপা ধরে রাখল রিয়াল। সেটির নায়ক? রোনালদো ছাড়া আর কে!
সমালোচকদের জবাব তাঁর পরিসংখ্যান। পরশু ম্যাচের পর পর্তুগিজ ফরোয়ার্ড সমালোচকদের বলে দিলেন এবার গিটারটা ব্যাগে ভরে রাখতে। ইঙ্গিত, মৌসুমজুড়ে ‘রোনালদো ফুরিয়ে গেছেন’ বলে যাঁরা সুর তুলেছেন, তাঁরা এবার মুখে কুলুপ আঁটতে পারেন।
ম্যাচের গুরুত্ব যত বেশি, রোনালদোর পারফরম্যান্সও যেন ততই ভালো! পরশু ফাইনালে দুই গোল নিয়ে এবার চ্যাম্পিয়নস লিগে তাঁর গোল হলো ১২টি, টুর্নামেন্টে সর্বোচ্চ। অথচ কোয়ার্টার ফাইনালের আগেও তাঁর গোল ছিল মাত্র দুটি! এ নিয়ে টানা পাঁচ মৌসুমে টুর্নামেন্টটির সর্বোচ্চ গোলদাতা হলেন তিনি। রেকর্ডগুলোর জন্যই রোনালদো গর্বভরে বলতে পারেন, ‘জবাব যা দেওয়ার আমি পিচেই দিয়েছি। যারা আমার সমালোচনা করেছেন, তাঁরা এখন গিটারটা ব্যাগে ভরে রাখতে পারেন। আরেকবার। আমার মনে হয় না সমালোচকদের বলার আর কিছু আছে। রেকর্ড কখনো মিথ্যা বলে না।’ কৃতিত্ব দিলেন উইং ছেড়ে নির্ভেজাল স্ট্রাইকার হওয়ার সিদ্ধান্তকেও, ‘এটা আসলে আমার ও কোচের খুব ভালো একটা সিদ্ধান্ত ছিল। যেভাবে সবকিছু শেষ হলো, তাতে আমি খুশি।’
এত এত অর্জনের পরও অবশ্য ক্ষুধা একটুও কমেনি রোনালদোর। পরশু ফাইনাল জয়ের উৎসব শুরু হয়েছে কি হয়নি, তার মধ্যেই জানিয়ে দিলেন, ‘বয়স একটা সংখ্যাই। নিজেকে আমার তরুণই মনে হয়। এখন আমাদের চ্যালেঞ্জ আগামী মৌসুমেও এই ট্রফিটা জেতার। যেকোনো কিছুই সম্ভব।’
রোনালদো এমন ফর্মে থাকলে চ্যাম্পিয়নস লিগের ‘হ্যাটট্রিকের’ আশাও করতেই পারে রিয়াল! এএফপি, গোলডটকম।