'গুপ্তচরবৃত্তি' করেছেন ব্ল্যাটার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক দিনেই সভাপতির পদ থেকে সরে দাঁড়ান লুইস ফিগো ও মাইকেল ফন প্রাগ। ফিফা সভাপতি নির্বাচনে তোলপাড় পড়ে যাওয়ার মতো আরেকটা ঘটনা ঘটেছে পরশু। ফিফা সভাপতি সেপ ব্ল্যাটারের বিরুদ্ধে অভিযোগ এসেছে, তিনি নাকি এখন তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রিন্স আলি বিন আল হুসেইন ও মাইকেল ফন প্রাগের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি করেছেন। আল হুসেইন ও ফন প্রাগের কাছে সেই তথ্য সরবরাহের জন্য টাকাও চেয়েছিলেন কেনিয়া নিবাসী এক তদন্ত কর্মকর্তা। পরে অবশ্য দেখা গেছে, অভিযোগটা অমূলক।
আল হুসেইন ও ফন প্রাগের কাছে অজ্ঞাতনামা এক ব্যক্তি কদিন আগে ই-মেইলে জানান, তাঁর কাছে এই দুজনের কিছু স্পর্শকাতর তথ্য আছে। সেগুলো ব্ল্যাটারের মেয়ে কোরিন ব্ল্যাটারের নির্দেশেই সংগ্রহ করেছেন। চাহিদামতো অর্থ পেলে সেই তথ্য দিতে পারেন বলেও দুজনকে প্রস্তাব করেন ওই ব্যক্তি। হুসেইন ও ফন প্রাগ সেসব পুলিশকে জানান। তবে পুরো ঘটনাটি প্রচারের আলোয় এনেছে সিঙ্গাপুরভিত্তিক পত্রিকা দ্য নিউ পেপার।
মজার ব্যাপার, যে তদন্ত কর্মকর্তার নাম ব্যবহার করে মেইল করা হয়েছে তিনি ভারতভিত্তিক একটা নিরাপত্তাপ্রতিষ্ঠানের কর্মকর্তা। তবে মেইল আইডি বা ফোন নম্বরগুলো ভুয়া। পরে কোরিনও দাবি করেছেন, তিনি কিছুই জানেন না, ‘আমি জানি না এসবের পেছনে কে আছে। যে-ই হোক, বাবার মর্যাদা ক্ষুণ্ণ করাই তার উদ্দেশ্য।’ নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তাও জানিয়েছেন, ‘আমি জানি না কে আমাকে ফাঁসানোর চেষ্টা করেছে, বিশেষ করে এ রকম একটা ব্যাপারে। আমি তো কখনো কোরিন ব্ল্যাটারের সঙ্গে কাজই করিনি।’ এএফপি।