'গোলরক্ষক ৯০ মিনিট ছুটি কাটিয়েছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুতিনহোর দুর্দান্ত শটটি তার চেয়েও দারুণভাবে ঠেকিয়ে দিলেন ইউনাইটেড গোলকিপার ডেভিড ডি গেয়া। ড্র ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্ত l রয়টার্স।
কুতিনহোর দুর্দান্ত শটটি তার চেয়েও দারুণভাবে ঠেকিয়ে দিলেন ইউনাইটেড গোলকিপার ডেভিড ডি গেয়া। ড্র ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্ত l রয়টার্স।

বলা হচ্ছিল, এই ম্যাচটা শুধুই তিন পয়েন্টের নয়। তা লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচে কবেই বা শুধু পয়েন্টের হিসাব বড় হয়ে উঠেছিল? পরশু ম্যাচ শেষেও হিসাবটা আর তিন পয়েন্টের ছিল না, কেউই যে জিততে পারেনি। ফুটবলপ্রেমীদের জন্য বরং বড় আক্ষেপ, প্রিমিয়ার লিগের ম্যাচটা হয়ে রইল ম্যাড়মেড়ে গোলশূন্য ড্রয়ের প্রদর্শনী!
অথচ উত্তেজনায় ঠাসা ম্যাচের জন্য মঞ্চ তৈরিই ছিল। বিশ্বের প্রায় ৭০ কোটি মানুষ চোখ রাখে টিভি পর্দায়। নতুন সংস্কারের পর অ্যানফিল্ডে এটিই ফ্লাডলাইটে প্রথম ম্যাচ। অথচ হলো কি? পুরো ম্যাচে আলোচিত মুহূর্ত এল হাতে গোনা কয়েকটি। ৭১ মিনিটে ফিলিপে কুতিনহোর দুর্দান্ত শটটা দারুণভাবে সেভ করেছেন ডেভিড ডি গেয়া।
দুই দলই একে অন্যকে একটু বেশিই সম্মান দেখানোয় ম্যাচে মনে রাখার মতো মুহূর্ত কম এসেছে। ইউনাইটেড রক্ষণে নামলেই গোলরক্ষকের সামনে ছয়জন খেলোয়াড় দাঁড়িয়ে গেছেন সমান্তরালে। প্রতি-আক্রমণনির্ভর রক্ষণাত্মক কৌশলে খেলে হোসে মরিনহোর দল বলের দখল পেয়েছে মাত্র ৩৫ শতাংশ, ২০০৩ সালে বল দখলের হিসাব শুরু হওয়ার পর যা ক্লাবটির সর্বনিম্ন। যদিও মরিনহোর দাবি, ‘এটা আসলে ৪২ শতাংশ, ৩৫ নয়!’
৬৫ শতাংশ বলের দখল রাখা লিভারপুল কাজের কাজটা অবশ্য করতে পারেনি। প্রথমার্ধে তাদের সাদামাটাই লেগেছে, ছিল না তেমন কোনো আক্রমণ। দ্বিতীয়ার্ধে অ্যাডাম লালানা মাঠে নামার পর একটু আড়মোড়া ভাঙার চেষ্টা অবশ্য দেখা গেছে। দ্বিতীয়ার্ধেও বলার মতো ঘটনা—ইউনাইটেডের ইব্রাহিমোভিচ সুবিধাজনক জায়গায় বল পেয়ে হেডে গোল করতে পারেননি। আরেকবার লিভারপুলের এমরে চানের পর কুতিনহোর শট রুখে দিলেন ইউনাইটেড গোলরক্ষক ডি গেয়া।

লিভারপুলের মাঠে এসে তাদেরই এমন ‘নখদন্তহীন’ করে রাখা তৃপ্তিই দিচ্ছে মরিনহোকে, ‘আমাদের গোলরক্ষক ৯০ মিনিটের ছুটি কাটিয়েছে। শুধু দুটি ভালো সেভ করার দরকার পড়েছে, সেটি সে করেছেও।’ ম্যাচের আগেই ব্রিটিশ সংবাদমাধ্যমের বিশ্লেষণে এগিয়ে ছিল আগের ৭ ম্যাচে ১৮ গোল করা লিভারপুল। তাই ইউনাইটেড কোচের খোঁচা থেকে বাদ পড়েনি সংবাদমাধ্যমও, ‘ওরা দুনিয়ার সর্বশেষ আশ্চর্য নয়, যেমনটা আপনারা বলছিলেন। তবে ওরা অনেক ভালো দল, আমরাও সেভাবেই ওদের সঙ্গে খেলেছি।’

প্রথম ২৫ মিনিটে রেড ডেভিলদেরই দাপটের পর নিয়ন্ত্রণটা নিজেদের হাতে তুলে নেয় লিভারপুল। কিন্তু আগের ম্যাচগুলোর মতো অত ‘হিংস্র-সুন্দর’ আর হতে পারল কই ইয়ুর্গেন ক্লপের দল? এর পেছনে নিজেদেরই দায় দেখেন জার্মান কোচ, ‘আমরা খুব দ্রুতই ধৈর্য হারিয়ে ফেলেছি। আমাদের পাসিংও ভালো হয়নি।’ ম্যাচে ৬৫ শতাংশ বলের দখল রেখেও মাত্র দু-তিনটি শট—আক্ষেপটা ঝরল ক্লপের কণ্ঠেও, ‘আমরা ১০-১৫টি সুযোগ তৈরি করব, তেমন তো ভাবিনি। দ্বিতীয়ার্ধে আমরা সুযোগ পেয়েছি, শেষ পর্যন্ত ডেভিড ডি গেয়াকে বাজিয়ে দেখা গেছে, যদিও সে দুর্দান্ত সেভ করেছে। আমার দল সবকিছুই করেছে, তবে ভুল অস্ত্র দিয়ে।’ এএফপি।