'গ্যারেথ বেল? ভয় করি না তাঁকে!'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যারেথ বেলকে আটকে রাখার ছক কষছেন উত্তর আয়ারল্যান্ড কোচ মিচেল ও’নিল। ছবি: রয়টার্স।
গ্যারেথ বেলকে আটকে রাখার ছক কষছেন উত্তর আয়ারল্যান্ড কোচ মিচেল ও’নিল। ছবি: রয়টার্স।

প্রতিপক্ষ যখন ওয়েলস, সবচেয়ে বড় দুশ্চিন্তা তো গ্যারেথ বেলকে নিয়েই। তবে ইউরোর শেষ ষোলোতে আজকের ম্যাচ নিয়ে খুব বেশি চিন্তিত নন উত্তর আয়ারল্যান্ড কোচ মিচেল ও’নিল। পর্তুগালের বিপক্ষে ম্যাচে তো এমন দুশ্চিন্তা ছিল ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়েও। তাঁকে যেহেতু আটকে দিতে পেরেছেন, বেলকে নিয়ে এত ভয় পাওয়ার কী আছে! এমন মন্ত্রেই নিজের খেলোয়াড়দের উদ্বুদ্ধ করছেন ও’নিল। 

‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলোতে এসেছে বেলের ওয়েলস। গ্রুপের তিনটি ম্যাচেই দারুণ খেলেছেন বেল। তিন ম্যাচে তিনটি গোলও আছে রিয়াল মাদ্রিদ উইঙ্গারের। সব মিলিয়ে ‘ব্যাটেল অব ব্রিটেন’-এর মূল চরিত্রও যেন তিনিই!
তবে অতীতে ও’নিলের দল দারুণভাবে সামলেছে রোনালদোর মতো মহাতারকাকে। ২০১৪ বিশ্বকাপের বাছাইপর্বে উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে পরপর দুটো ম্যাচে রোনালদো ছিলেন নিষ্ক্রিয়। সেই অভিজ্ঞতা থেকেই ও’নিলের দাবি, বেলকে আটকে দেওয়ার মন্ত্রও তাঁর জানা। আর বেলকে আটকে রাখার মধ্যেই যে নিজ দলের সাফল্য নিহিত, সেটাও খুব ভালোই বোঝেন উত্তর আয়ারল্যান্ড কোচ, ‘নিজের অভিজ্ঞতা থেকেই জানি, বেলকে ম্যাচের একটা বড় অংশজুড়েই পাহারায় রাখতে হবে। আগে রোনালদোর ক্ষেত্রে যা করেছি, বেলের ক্ষেত্রেও তা-ই করতে হবে।’
তবে বেলকে আটকে দেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী হলেও ওয়েলস তারকার সামর্থ্যের ব্যাপারে কোনো সংশয় নেই ও’নিলের, ‘ওয়েলসের প্রাণ বেল। সে ওয়েলসের জন্য কতটা গুরুত্বপূর্ণ, সেটা ইউরোর বাছাইপর্বে তো দেখা গেছেই, দেখা গেছে ইউরোর গ্রুপ পর্বেও।’
সূত্র: গোল ডটকম।