'ঘরে থাকুন, কাপ জিতুন'

সবকিছু ঠিক থাকলে এই সময়ে হয়তো মাঠের ফুটবল নিয়েই ব্যস্ত থাকতেন মেসি, রোনালদোরা। কিন্তু করোনাভাইরাসে থমকে গেছে সব কিছু। ঘরে বসেই সময় কাটাতে হচ্ছে ফুটবলারদের। গৃহবন্দী এই ফুটবলারদের জন্য দারুণ একটা খেলার সুযোগ নিয়ে এসেছে ভিডিও গেমিং প্রতিষ্ঠান ইলেকট্রনিক আর্টস স্পোর্টস (ইএ স্পোর্টস)।
খেলার নাম ফিফা-২০। অনলাইনে এটা খেলা যাবে। এই খেলা থেকে পাওয়া ১০ লাখ ইউএস ডলার করোনাভাইরাসের তহবিলে দান করবে ইএ স্পোর্টস। এরই মধ্যে এই গেম খেলতে নিশ্চিত করেছে আয়াক্স, রোমা, চেলসি, এফসি কোপেনহেগেন, লিভারপুল, পোর্তো, রিয়াল মাদ্রিদসহ অনেক ক্লাব। ইভেন্ট শুরু হবে ১৫ এপ্রিল। শেষ হবে ১৯ এপ্রিল। এই ভিডিও গেম সরাসরি সম্প্রচার করা হবে ইএ স্পোর্টস ফিফার চ্যানেলে।
ভিন্নধর্মী এই ইভেন্টের একটাই স্লোগান, ‘ঘরে থাকুন এবং কাপ জিতুন।’ ইএ স্পোর্টসের প্রধান নির্বাহী অ্যান্ড্রু উইলসন আশাবাদী এই গেমের মাধ্যমে পাওয়া অর্থ কঠিন সময়ে কাজে আসবে, ‘বিশ্বের ফুটবল কমিউনিটিকে ইএ স্পোর্টস ফিফা-২০ গেমের মাধ্যমে এক করতে চাই। যাতে সারা বিশ্বের কোটি ভক্তরা দূরে থেকেও তাদের প্রিয় ক্লাবের ফুটবলারদের দেখতে পারে। আশা করি আমাদের সম্মিলিত এই ত্রাণ মানুষের কঠিন সময়ে কাজে আসবে।’
এর আগে ফিফা-২০ আলটিমেট কোয়ারান টিম টুর্নামেন্ট আয়োজন করে ইংলিশ লিগের দ্বিতীয় সারির ক্লাব লেটন ওরিয়েন্ট। যেখানে অংশ নেয় ১২৮টি পেশাদার ফুটবল ক্লাব। অনেক ফুটবলার এবং পেশাদার গেমারও অংশ নেয় এই টুর্নামেন্টে। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল ইংলিশ ক্লাব উলভস।