'ঘুমিয়ে পড়া' বায়ার্নের কষ্টের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোলের পর লেভানডফস্কিকে নিয়ে সতীর্থদের উল্লাস। ছবি: এএফপি।
গোলের পর লেভানডফস্কিকে নিয়ে সতীর্থদের উল্লাস। ছবি: এএফপি।

বছরের প্রথম ম্যাচ। প্রায় এক মাসেরও বেশি বিরতির পর। তাতে ২-১ গোলের জয়। লিগের দ্বিতীয় স্থানে থাকা বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে পয়েন্টের ব্যবধানটাও এই জয়ে বেড়ে হয়েছে ১১ (ডর্টমুন্ড এক ম্যাচ কম খেলেছে)। তবু ঠিক খুশি হতে পারছে না বায়ার্ন মিউনিখ!

খুশি হবে কীভাবে? হামবুর্গের মাঠে গতকালের জয়টা যে ঠিক বায়ার্ন-সুলভ ছিল না। এটা ঠিক, বিরতির পর ফিরে এসে জয় দিয়ে শুরু করতে পারাই বড় ব্যাপার, তবুও বায়ার্ন নিজেদের পারফরম্যান্সে খুশি হতে পারছে না, কারণ পেপ গার্দিওলার দলের খেলায় যে কাল ‘প্রতিপক্ষকে ছিন্নভিন্ন করে ফেলা’ ভাবটা ছিল না। দুই গোল করে দলকে জয় এনে দেওয়া স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি যেটাকে দেখছেন বায়ার্নের ‘ঘুমিয়ে পড়া’র ফল হিসেবে।

প্রথমার্ধ শেষ হওয়ার মিনিট দশেক আগে টমাস মুলারের পাওয়া পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন লেভা। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই ফ্রি কিক থেকে অ্যারন হান্টের গোলে খেলায় সমতা নিয়ে আসে হামবুর্গ। অবশ্য সেটিকে জাবি আলোনসোর আত্মঘাতী গোল হিসেবেও দেখা হতে পারে। বায়ার্নের জালে ঢোকার আগে যে বলটা এই স্প্যানিশ মিডফিল্ডারের গায়ে লেগে গিয়েছিল। তবে সমতায় নেমে এলেও, বায়ার্নকে দ্বিতীয়বার এগিয়ে নিতেও খুব বেশি সময় নেননি লেভানডফস্কি। ৬১ মিনিটে ম্যাচের দ্বিতীয় ও লিগে নিজের ১৭তম গোলটি করে বাভারিয়ানদের জয় নিশ্চিত করেন এই পোলিশ স্ট্রাইকার। অবশ্য তাতেও মুলার তাঁর অবদান দাবি করতে পারেন। জার্মান মিডফিল্ডারের শটটাই যে লেভানডফস্কির গায়ে লেগে দিক বদলে ঢুকে গেছে জালে। ম্যাচের শেষ দিকে ফ্রি কিক থেকে ডেভিড আলাবার শট পোস্টে লেগে ফিরে না এলে বায়ার্নের জয়টা আরেকটু বড় হতে পারত।

তাঁর দুই গোলেই বিরতি থেকে ফিরে এসে দল জয় পেয়েছে। এটা স্বস্তি দিচ্ছে ঠিকই, তবে লেভা ঠিক খুশি হতে পারছেন না দলের পারফরম্যান্সে। ম্যাচের পর বায়ার্নের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে বললেন, ‘প্রথমার্ধে সব কিছুই নিয়ন্ত্রণে ছিল। কিন্তু যখন হামবুর্গ ফ্রি কিক পেল আমরা যেন একটু ঘুমিয়ে পড়েছিলাম। ভাগ্যবশত আমরা জিতেছি। বুঝতে পারছি শীতকালীন বিরতির পর আমাদের খানিকটা সময় লাগবে। তবে নতুন বছরে প্রথম ম্যাচেই তিন পয়েন্ট পাওয়াটা গুরুত্বপূর্ণ ছিল।’

দুই গোলেই ‘প্রত্যক্ষ’ অবদান রাখা মুলারের কণ্ঠেও ছিল একই সূর, ‘এখানে খেলতে আসা কখনোই সহজ নয়। হামবুর্গ অন্য দলগুলোরও এমন ঘাম ছুটিয়েছে। জানি এখনো আমরা সর্বোচ্চ অবস্থায় যেতে পারিনি, তবে আমি সন্তুষ্ট। প্রতি ম্যাচেই আমাদের খেলার মান আরও বাড়িয়ে নিতে চাই।’