'ঘুষ'কেলেঙ্কারিতে এফবিআইয়ের জালে ব্ল্যাটার

১০ কোটি মার্কিন ডলার ঘুষ নিয়েছিলেন ফিফা কর্মকর্তারা। আর সেটি জানতেন সেপ ব্ল্যাটার! যুক্তরাষ্ট্রের ফেডারেল ইনভেস্টিগেটিং ব্যুরোর (এফবিআই) কাছে এমনই তথ্য আছে বলে জানিয়েছে বিবিসি।
ঘটনাটা নব্বইয়ের দশকের। ক্রীড়া বিপণন সংস্থা আইএসএল তখন বিশ্ব ফুটবলের বিভিন্ন আয়োজনের টেলিভিশন সত্ত্ব পেতে মরিয়া। এটি নিশ্চিত করতেই সেসময়ের ফিফা সভাপতি জোয়াও হ্যাভেলাঞ্জ ও সংস্থার নির্বাহী কমিটির সদস্য রিকার্ডো টিসেইরাকে প্রায় ১০ কোটি মার্কিন ডলারের মতো ঘুষ প্রদান করে। এতে কাজ হয়। আইএসএল খুব সহজেই পেয়ে যায় টেলিভিশন সত্ত্ব।
এফবিআইয়ের ভাষ্য অনুযায়ী এই আর্থিক লেনদেনের বিষয়টি পুরোপুরিই জানতেন সেপ ব্ল্যাটার। তখন তিনি ছিলেন ফিফার মহাসচিব। ১৯৯৮ সালে ফিফা সভাপতি হওয়ার আগে থেকেই পূর্বসূরি হ্যাভেলাঞ্জের খুব কাছের লোক ছিলেন ব্ল্যাটার।
এফবিআই তাদের দাবির প্রমাণ হিসেবে জোয়াও হ্যাভেলাঞ্জের একটি চিঠির কথাও জানিয়েছে। বিবিসির প্যানারোমা অনুষ্ঠানের উপস্থাপক অ্যান্ড্রু জেনিংসের কাছেও সেই চিঠির একটি কপি আছে। যাতে হ্যাভেলাঞ্জ লিখেছেন আইএসএলের সঙ্গে কোনো লেনদেনই ব্ল্যাটারের অজ্ঞাতসারে হয়নি। ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত হ্যাভেলাঞ্জের সঙ্গে ছিলেন ব্ল্যাটার!
এই অভিযোগ নিয়ে বিবিসি ব্ল্যাটারের সঙ্গে কথা বলতে চাইলে ব্ল্যাটার তাতে রাজি হননি। গত অক্টোবরে বিভিন্ন কেলেঙ্কারি তদন্তের স্বার্থে ফিফার নৈতিকতা কমিটি ব্ল্যাটারকে ৯০ দিনের জন্য সব ধরনের ফুটবল কার্যক্রম থেকে বহিষ্কার করে। আগামী ফেব্রুয়ারিতে ফিফার সভাপতি পদে নতুন নির্বাচন হওয়ার কথা। সূত্র: এএফপি।