'চাপে ছিলাম, তাই জয়ের আনন্দই আলাদা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন শেষ। তৃতীয় মেয়াদের সভাপতি কাজী সালাউদ্দিন তখন তাঁর নির্বাচনী পরিষদের সদস্য, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের ফুলেল শুভেচ্ছায় ভাসছেন। আবেগাপ্লুত সালাউদ্দিন। কণ্ঠ দিয়ে যেন কথা বের হচ্ছে না। সারা দিনের নাটকীয়তা শেষে তবু বিজয়ের হাসি লেগে ছিল তাঁর চোখে-মুখে।
জয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সালাউদ্দিন সবার আগে কৃতজ্ঞতা জানালেন ভোটারদের, ‘আমি সবার কাছে কৃতজ্ঞ। কাউন্সিলররা এত নাটকের পরও আমাকেই ভোট দিয়েছেন। এই বিজয়ে তাঁরা প্রমাণ করে দিয়েছেন যে আসলে ফুটবলই সবার চেয়ে বড় শক্তি। এর ওপরে আর কোনো শক্তি নেই। এই নির্বাচনে জিততে পেরে আমি খুব খুশি।’
অতীতের ভুলত্রুটি কাটিয়ে এবার আরও বড় চ্যালেঞ্জ নিতে প্রস্তুত সালাউদ্দিন, ‘আমাকে ভোটাররা যে দায়িত্ব দিয়েছেন সেটা অনেক চাপের, অনেক চ্যালেঞ্জের। আমি জানি এটা আমার শেষ নির্বাচন। আমি যত দূর পারি সবকিছু গুছিয়ে যাব। আমার যেটুকু কাজ বাকি আছে, সেটা ভালোভাবেই শেষ করব।’
নির্বাচন নিয়ে বেশ দুশ্চিন্তায় ছিলেন কাজী সালাউদ্দিন। কাল নির্বাচন শেষে তাই যেন হাঁফ ছেড়েই বাঁচলেন, ‘এটা সত্যি, নির্বাচন নিয়ে আমি অনেক চাপে ছিলাম। এখন আমি চাপমুক্ত। তাই জয়ের আনন্দই আলাদা।’
কালকের রাতটা হয়তো নির্ঘুমই কেটেছে বাফুফে সভাপতির। চাপমুক্তির আনন্দে, জয়ের উচ্ছ্বাসে!