>

প্রথম ম্যাচেই আফগানিস্তানের জালে বাংলাদেশের দেওয়া ৬ গোলের ৫টিই ছিল তাঁর। সেমিফাইনালে করেছেন দুই গোল। সব মিলিয়ে এবারের মেয়েদের সাফ চ্যাম্পিয়নটা ভালোই কাটালেন সাবিনা খাতুন। ঢাকায় ফিরে আরও ভালো করার স্বপ্নের কথা বললেন বাংলাদেশ অধিনায়ক
* শিলিগুড়িতে সবাই আপনাদের প্রশংসা করেছেন। ঢাকায়ও সবাই খুশি। সাফে এই প্রথম রানার্সআপ হয়ে এসে আপনার নিজের কেমন লাগছে?
সাবিনা খাতুন: খুবই ভালো লাগছে। সেমিফাইনাল খেলার লক্ষ্য পেরিয়ে ফাইনালে খেলাটা অবশ্যই বড় ব্যাপার। তবে ফাইনালে আমরা জিতেও যেতে পারতাম। যা-ই হোক, সেটা হয়নি। তবে ওটা নিয়ে মন খারাপ করছি না।
* সবাই একটা কথা বলছেন, বাংলাদেশের মেয়েরা আরও ভালো করতে পারবে। আপনার নিজের কী মনে হয়?
সাবিনা: আমারও মনে হয়, সামনে আরও ভালো কিছু করতে পারব। এই সাফ থেকে মেয়েদের ভালো অভিজ্ঞতা হয়েছে। আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা আগে থাকলেও সবাই আরও কিছু দেখল, জানল, বুঝল। এটাও একটা পাওয়া আমাদের জন্য।
* ওখানে অন্য দলগুলোর কোচ-খেলোয়াড়দের সঙ্গে কথাবার্তা হয়েছে আপনাদের?
সাবিনা: না, তেমন কোনো কথাবার্তা হয়নি। দেখা হলে হাই-হ্যালোর বাইরে কিছু নয়। আমরা আসলে আমাদের খেলা নিয়েই ব্যস্ত ছিলাম।
* তার মানে শিলিগুড়ির মতো নতুন জায়গা...একটু আশপাশ দেখা...কোনোটাই হয়নি?
সাবিনা: না, চারপাশে তাকানোর সময় কই! খেলা আর হোটেল...এর মধ্যেই সব সীমাবদ্ধ ছিল।
* খেলা নিয়ে সিরিয়াস থাকার ফল আপনারা পেয়েছেন। তো এখন ফেডারেশনের কাছে আপনাদের প্রত্যাশা কী?
সাবিনা: ফেডারেশন তো যখন যা প্রয়োজন সবই করছে। ভালো ট্রেনিং হচ্ছে, যেটা সবচেয়ে বেশি দরকার। আর ধারাবাহিক ট্রেনিং পাওয়ার কারণেই আমরা ভালো ফুটবল খেলছি। সামনে অনূর্ধ্ব-১৬ দলের এএফসি কাপের চূড়ান্ত পর্ব আছে। ওই টুর্নামেন্টে ভালো করতে ফেডারেশন সব উদ্যোগই নিয়েছে।
* আপনি তো দেশে অনেক ম্যাচেই ১৫-১৬টি গোল করেন। এবার সাফে আফগানিস্তানের সঙ্গে ৫ গোল দিয়ে শুরু। সব মিলিয়ে ৭ গোল। নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট?
সাবিনা: সন্তুষ্ট না হওয়ার কারণ নেই। আমি নিজের সেরাটা দিতে চেয়েছি। সেটা কিছুটা হলে পেরেছি মনে হয়। তবে একটু খারাপ লেগেছে, সাফের খেলাগুলো টিভিতে না দেখানোয় বাড়িতে কেউ দেখতে পারেনি। বাড়িতে বাবা-মা এ জন্য আফসোস করেছেন। কারণ, ম্যাচের দিন তাঁরা তাকিয়ে থাকেন ভালো কোনো খবর শুনতে। আমি গোল করছি, এমন দৃশ্য দেখতে উদ্গ্রীব থাকেন বাবা-মা।
* আপনি তো মালদ্বীপ লিগে খেলেছেন এর আগে। সামনে তেমন কোনো সুযোগ আসতে পারে আবার?
সাবিনা: এখন পর্যন্ত এ ব্যাপারে কিছু বলতে পারছি না। তেমন কোনো প্রস্তাব এখন হাতে নেই।