'চীনা মিলান ডার্বি'র শেষে এমন নাটক!

অতিরিক্ত সময় ছিল পাঁচ মিনিট। কিন্তু ফাউল আর খেলোয়াড় বদলের কারণে বারবার দেরি হওয়ায় ম্যাচটা চলে গেল ৯৭ মিনিটে। তখনো ২-১ গোলে পিছিয়ে এসি মিলান। রেফারির শেষ বাঁশিও বাজল বলে! তাহলে হার দিয়েই শুরু হচ্ছে নতুন চীনা মালিকের অধীনে মিলানের যাত্রা? সেটিও আবার চিরপ্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানের কাছে? তখন ভাবনাটা হয়তো ছিল এমনই।
কে জানত, শেষে এসে সব বদলে যাবে এমন অতি-নাটকীয়তায়!
৯৭ মিনিটে কর্নার পেল মিলান। ক্রসটা ম্যানুয়েল লোকাতেলির মাথা ছুঁয়ে আসে মিলান ডিফেন্ডার ক্রিস্টিয়ান জাপাতার কাছে। কলম্বিয়ান ডিফেন্ডারের শট...বারের নিচের দিকে লেগে মাটিতে পড়ল ঠিকই, কিন্তু গোললাইন পেরিয়েছে কি না তা নিয়ে তখনো অনিশ্চয়তা! এক সেকেন্ড সময় তখন যেন মহাকাল! অবশেষে বাজল রেফারির বাঁশি—গোল! ইন্টার খেলোয়াড়েরা রেফারির দিকে দৌড়ে এসে কিছু বলবেন ভেবেছিলেন, কিন্তু রেফারি তার আগেই হাতে রাখা ঘড়িটা দেখিয়ে দিলেন, গোললাইন প্রযুক্তিই বলছে, বল গোললাইন পেরিয়েছে।
ইন্টার হতাশ, মিলান ছাড়ল স্বস্তির নিশ্বাস। ২-২! নাটকীয় ড্র দিয়েই নতুন অধ্যায় শুরু হলো এসি মিলানের।
৪৮ ঘণ্টাও হয়নি সিলভিও বেরলুসকোনির হাত থেকে মিলানের মালিকানা কিনে নিয়েছে চীনের বিনিয়োগকারী কোম্পানি রোজোনেরি স্পোর্ট ইনভেস্টমেন্ট লাক্স। তাতে আজকের মিলান ডার্বিটা হয়ে গেল চীনা ডার্বি। নয় মাস আগে যে ইন্টার মিলানকেও কিনে নিয়েছিল চীনের কোম্পানি সুনিং কমার্স গ্রুপ।
দুই চীনা মালিকের হাতে দুটি ক্লাব, চীনের দর্শকদের সুবিধা করে দিতেই ম্যাচের সময়সূচীতেও এসেছে বদল। ২৮৯তম মিলান ডার্বিতে এসে প্রথমবার ইতালিয়ান সময় এই ভরদুপুরে দুটি দল খেলতে নামল সান সিরোতে। কেন? ইতালিতে দুপুর ১২টায় ম্যাচ, কিন্তু চীনে তো তখন সন্ধ্যা ৬টা। খেলা দেখার জন্য আদর্শ সময়!
ম্যাচটাও অবশ্য আদর্শ ডার্বির মতোই হয়েছে। মানে হয়তো ধ্রুপদি ফুটবল দেখা যায়নি, কিন্তু দুই পক্ষের হার না মানা মানসিকতা, প্রতিপক্ষকে একটুও ছাড় না দেওয়া, পাল্টাপাল্টি আক্রমণ...ম্যাচে আকর্ষণের কমতি ছিল না। শুরু থেকে শেষ পর্যন্ত তাতে মিলানেরই দাপট বেশি ছিল। কিন্তু প্রতিপক্ষ গোলপোস্টের সামনে দক্ষতাটা কাজে লাগাতে না পারার মূল্যই দিতে হলো তাদের।
জেরার্ড দিউলোফিউ দুর্দান্ত খেলেছেন মিলানের জার্সিতে, মিলানও শুরু থেকেই আক্রমণ করেছে, কিন্তু খেলার ধারার বিপরীতে ৩৬ মিনিটে এগিয়ে যায় ইন্টার মিলান। জানুয়ারিতেই ইন্টারে আসা ডিফেন্সিভ মিডফিল্ডার গ্যালিয়ার্দিনি মাঝমাঠ থেকে লম্বা পাস দিলেন কান্দ্রেভার উদ্দেশে, বক্সে ঢুকে প্রথম স্পর্শেই সেটিকে জালে পাঠিয়ে দেন ইন্টার উইঙ্গার। ৮ মিনিট পর আবারও ইন্টারের গোল! এবার গোলদাতা মাউরো ইকার্দি, কিন্তু অবদানটা সবচেয়ে বেশি উইঙ্গার ইভান পেরিসিচেরই। বাঁ পাশে দুর্দান্ত এক টাচে মিলানের দুই ডিফেন্ডারকে ছিটকে ফেলে ক্রস ফেলেন বক্সে, ইকার্দির কাজ ছিল তাতে শুধু পা ছুঁইয়ে দেওয়া। ব্যস, গোল!
দ্বিতীয়ার্ধেও মিলানই বেশি আক্রমণাত্মক ছিল। কিন্তু ওই যে, গল্প একই! কখনো ইন্টার গোলকিপার হান্দানোভিচের দুর্দান্ত দক্ষতা, কখনো নিজেদের স্ট্রাইকারদের ব্যর্থতায় গোল আর হচ্ছিল না। অচলায়তনটা ভাঙে ৮৩ মিনিটে, কর্নার থেকে ডিফেন্ডার অ্যালেসিও রোমানিওলির গোলে। ম্যাচে ফেরার আশাও জাগে মিলানের। কিন্তু সেটি যে এত অতি-নাটকীয়ভাবে হবে, তখন কে জানত! সূত্র: টেন ওয়ান।