'চীনা' মিলান ডার্বিতে মহানাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিনি ডিফেন্ডার, কিন্তু কাল এসি মিলানের ক্রিস্টিয়ান জাপাতা নায়ক বনে গেলেন গোল করে। শেষ মুহূর্তের অতিনাটকীয় সেই গোলে ইন্টার মিলানের সঙ্গে ড্র (২-২) করেছে মিলান l এএফপি
তিনি ডিফেন্ডার, কিন্তু কাল এসি মিলানের ক্রিস্টিয়ান জাপাতা নায়ক বনে গেলেন গোল করে। শেষ মুহূর্তের অতিনাটকীয় সেই গোলে ইন্টার মিলানের সঙ্গে ড্র (২-২) করেছে মিলান l এএফপি

প্রভাত যদি দিনের আভাস ঠিকঠাক দিয়ে থাকে, তবে এসি মিলানের নতুন অধ্যায়ে আর কিছু হোক না হোক, নাটকীয়তার কমতি থাকবে না!
বৃহস্পতিবারই সিলভিও বেরলুসকোনির ৩১ বছরের রাজত্ব শেষে মিলানে শুরু হলো চীনা অধ্যায়। সাবেক ইতালিয়ান প্রেসিডেন্টের কাছ থেকে ইউরোপের অন্যতম সফল ক্লাবটি কিনে নিয়েছে চীনের কোম্পানি রোজোনেরি স্পোর্ট ইনভেস্টমেন্ট লাক্স। নতুন অধ্যায়ের শুরুটা জয়ে হয়নি ঠিকই। কিন্তু যা হলো, তা-ই বা কম কী! চিরপ্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানের বিপক্ষে প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়েও রেফারির শেষ বাঁশির ঠিক আগে অতিনাটকীয় গোলে ড্র...জয়ের চেয়ে কম নাকি!
‘অতিনাটকীয়’ বলেও যেন সব বোঝানো যাচ্ছে না! যোগ করা সময় ছিল পাঁচ মিনিট। কিন্তু ফাউল আর খেলোয়াড় বদলের কারণে দেরি হওয়ায় ম্যাচ গেল ৯৭তম মিনিটে। তখনো ২-১ গোলে পিছিয়ে এসি মিলান। রেফারির শেষ বাঁশি বাজল বলে! তখনই কর্নার থেকে মিলান ডিফেন্ডার ক্রিস্টিয়ান জাপাতার শট বারের নিচের দিকে লেগে মাটিতে পড়ে বেরিয়ে এল, ইন্টার ডিফেন্ডার গ্যারি মেদেল সেটি ফিরিয়েও দিলেন। দুই দলই তখন হাত তুলে রেফারির কাছে দাবি পেশ করছে। মিলানের দাবি, বল গোললাইন পেরিয়েছে। ইন্টার সেটি মানবে কেন! অবশেষে বাজল রেফারির বাঁশি—গোল! ইন্টার হতাশ, মিলান ছাড়ল স্বস্তির নিশ্বাস। ২-২! চেনা মিলান না হোক, ‘চীনা মিলানে’র শুরুটা হলো দুর্দান্ত।
ইউরোপের কুলীন দুটি ক্লাব, কিন্তু কয়েক বছর ধরে ইন্টার ও এসি মিলানের পরিচয় ‘ঘুমন্ত দৈত্য’। ২০১১ সালের পর লিগ শিরোপা জেতেনি কোনো দলই, ইউরোপেও অনিয়মিত। এবারও দুই দলেরই চ্যাম্পিয়নস লিগ স্বপ্ন প্রায় শেষ। কালকের ম্যাচের পর ৫৮ পয়েন্ট নিয়ে মিলান ছয়ে, ইন্টার ২ পয়েন্ট কম নিয়ে সাতে।
চীনের অর্থের ছোঁয়ায় ‘ঘুমন্ত দুই দৈত্য’ জাগবে কি না কে জানে, তবে আশার কমতি নেই। নয় মাস আগে ইন্টারকেও কিনে নিয়েছে চীনের কোম্পানি সুনিং কমার্স গ্রুপ। কালকের ম্যাচটি সেই হিসেবে ছিল ‘চীনা মিলান’ ডার্বিই! চীনের বাজার ধরতেই এত দিনের ইতিহাসে ব্যতিক্রম ঘটিয়ে ম্যাচটা হয়েছে ইতালির সময় দুপুর সাড়ে ১২টায়, চীনে যা সন্ধ্যা সাড়ে ৬টা। চীনাদের জন্য খেলা দেখার জন্য আদর্শ সময়!
তাতে শুরু থেকেই মিলানের দাপট। প্রতিপক্ষ গোলপোস্টের সামনে বারবার খেই হারিয়ে ফেলাও। উল্টো আন্তোনিও কান্দ্রেভা ও মাউরো ইকার্দির গোলে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় ইন্টার। দ্বিতীয়ার্ধের শুরুতে মিলানের গল্পটা ছিল একই—আক্রমণ আছে, গোল নেই! অবশেষে গোল এল ৮৩ মিনিটে, কর্নার থেকে যা করলেন ডিফেন্ডার অ্যালেসিও রোমানিওলি। শেষে তো ওই মহানাটক! সূত্র: টেন ওয়ান।