'ছেলে' চাও তো ট্রাক্টর দাও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলবদলের সময় ক্লাবগুলোর কাছে অনেক অদ্ভুত আবদার করেন কেউ কেউ। কারও চাই নিজস্ব সৈকত, কেউ দাবি করেন ব্যক্তিগত বিমান। কারও চাহিদা বিলাসবহুল বাড়ি l ফাইল ছবি
দলবদলের সময় ক্লাবগুলোর কাছে অনেক অদ্ভুত আবদার করেন কেউ কেউ। কারও চাই নিজস্ব সৈকত, কেউ দাবি করেন ব্যক্তিগত বিমান। কারও চাহিদা বিলাসবহুল বাড়ি l ফাইল ছবি

পাত্রকে পেতে হলে সাইকেল বা রেডিও একটা দিতেই হবে! আগে গ্রামে বিবাহযোগ্য মেয়ের বাবাকে এমন কথা প্রায়ই শুনতে হতো। বাংলাদেশের গ্রাম থেকে পুরোনো এই প্রথা এখন বিলুপ্তপ্রায়। কিন্তু ইউরোপ-আমেরিকায় ফুটবলে দলবদলের সময় এমন অনেক উদ্ভট দাবির কথাই শুনতে হয় বড় ক্লাবগুলোকে! কোনো কোনো ক্লাব সেই দাবি মিটিয়েই পছন্দের ফুটবলারটিকে নিজেদের করে নেয়। কেউ আবার দাবি মেটাতে না পেরে ‘পাত্র’ পাওয়ার আশা ছেড়ে দেয়।

তুরিনোর যুবদল থেকে ময়সে কিনকে নিতে চেয়েছিল জুভেন্টাস। মওকা বুঝে অদ্ভুত একটা দাবি জানিয়ে বসেন তাঁর বাবা বিয়েরো কিন, ‘তুরিনোকে যত ইউরো দাও সেটা অন্য ব্যাপার, আমাকে কিন্তু একটা ট্রাক্টর আর চাষাবাদের কিছু যন্ত্রপাতি দিতে হবে!’ কী আর করা! ২০১০ সালে প্রতিভাবান এই ফুটবলারকে পেতে বিয়েরোর দাবি মেটানোর প্রতিশ্রুতি দিয়েছিল ‘তুরিনোর ওল্ড লেডি’রা।

যুবদল থেকে গত বছরের নভেম্বরে জুভেন্টাসের মূল দলে জায়গা করে নিয়েছেন ময়সে কিন। সিরি ‘আ’তে প্রথম মৌসুমেই সবার নজর কেড়েছেন ইতালিতে জন্ম নেওয়া আইভরিয়ান ফুটবলার। গত মাসে দারুণ একটি কীর্তিও গড়েছেন। ২০০০ সালের পর জন্ম নেওয়া প্রথম খেলোয়াড় হিসেবে সিরি ‘আ’তে গোল করেছেন ১৭ বছর বয়সী ফরোয়ার্ড। কিন্তু জুভেন্টাসে তাঁর থাকা নিয়ে একটি শঙ্কা তৈরি হয়েছে। জুভেন্টাস যে এখনো বিয়েরোকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেনি। সংবাদমাধ্যমে এ নিয়ে ঝড়ও তুলেছেন তিনি।

বিয়েরো মূলত একজন কৃষি উদ্যোক্তা। আইভরিকোস্টে প্রচুর জমি আছে তাঁর। সেই জমিতে কৃষিখামার গড়ে তুলেছেন। সেই খামারের জন্যই ট্রাক্টর আর কৃষিকাজের নানা যন্ত্রপাতি চেয়েছিলেন। তা বিয়েরো যা-ই করুন আর যে কারণেই এগুলো চেয়ে থাকুন, দলবদলে ট্রাক্টর ‘উপঢৌকন’ দেওয়া একটু অদ্ভুতই। তবে দলবদলে এমন অদ্ভুত কিছু চেয়ে বসা এটাই একমাত্র নয়। আরও অনেক গল্প আছে।

রোনালদিনহো

২০১৪ সালে অ্যাটলেটিকো মিনেইরো থেকে মেক্সিকোর ক্লাব কেরেতারোতে নাম লিখিয়েছিলেন ব্রাজিলের সাবেক তারকা রোনালদিনহো। চুক্তি করার আগে বার্সেলোনা ও এসি মিলানের সাবেক মিডফিল্ডার কেরেতারো কর্তৃপক্ষকে অবাক করে দিয়েছিলেন অদ্ভুত দাবি জানিয়ে।  তাঁকে দিতে হবে সুইমিংপুলসহ একটি বাড়ি, বিচ ফুটবল খেলার একটি মাঠ। প্রতি দলে সাতজন খেলতে পারে এমন একটি মাঠ আর বাড়িতে কাজ করার জন্য চারজন লোক—এই ছিল রোনালদিনহোর চাওয়া। কেরেতারোর হয়ে ২৯ ম্যাচ খেলে ৮ গোল করেছেন। তবে কোনো শিরোপা জিততে পারেননি ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী দলের সদস্য।

জারভিনহো

আইভরিকোস্টের এই ফরোয়ার্ড এখন খেলছেন চীনের সুপার লিগের ক্লাব হেবেই চায়না ফরচুনে। তবে চীনের বেশ কয়েকটি ক্লাব থেকেই প্রস্তাব পেয়েছিলেন এএস রোমার সাবেক ফুটবলার। এর মধ্যে একটি চুক্তি হতে হতেও হয়নি জারভিনহোর অদ্ভুত দাবির কারণে। ব্যক্তিগত একটি সৈকত, পুরো পরিবারের বসবাসের জন্য একটি ম্যানশন, একটি হেলিকপ্টার আর যখন ইচ্ছে বাড়ি যাওয়ার জন্য বছরব্যাপী বিমান টিকিট চেয়েছিলেন তিনি।

ম্যারাডোনা

আর্জেন্টিনার সাবেক অধিনায়ক ও কোচের বিষয়টি সরাসরি দলবদলের নয়। দুবাইয়ের ক্লাব আল ওয়াসল তাঁকে একজন পরিচালক হিসেবে চেয়েছিল। আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক সে জন্য দাবি জানিয়েছিলেন তাঁকে একটি ব্যক্তিগত বিমান দিতে হবে।

নেইমার

সান্তোস থেকে ২০১৩ সালে বার্সেলোনায় নাম লেখানো ব্রাজিলের তারকা ফরোয়ার্ডকে ইউরোপের বড় অনেক ক্লাবই গত মৌসুমে পেতে চেয়েছিল। পিএসজি তো গত বছরও তাঁকে পেতে উঠেপড়েই লেগেছিল। কিন্তু তাঁর বাবা নেইমার সিনিয়রের কিছু দাবির কারণে পিছিয়ে যায় ফরাসি ক্লাবটি। বাবা ছেলের বার্ষিক বেতন চেয়েছিলেন ২৫ মিলিয়ন ইউরো, সঙ্গে যাবতীয় কর ক্লাবকেই মেটানো এবং ছেলের নামে চেইন হোটেলের অংশীদারি।

আদেবায়োর

আর্সেনালের সাবেক টোগোলিজ তারকার একবার ফ্রান্সের ক্লাব অলিম্পিক লিওঁতে যাওয়ার সম্ভাবনা জেগেছিল। খুব কাছে গিয়েও চুক্তিটি না হওয়ার কারণ আদেবায়োরের উচ্চাভিলাষী কিছু দাবি—ভূমধ্যসাগরের পাশ ঘেঁষে একটি ম্যানশন, একটি হেলিকপ্টার, একজন ব্যক্তিগত রাঁধুনি আর আলেজান্দ্রে লাকাজেত্তের ১০ নম্বর জার্সি।

মার্কা অবলম্বনে