'ছয় মাস? ছয় বছরের নিষেধাজ্ঞা চাচ্ছে না কেন?'

নেইমারকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করা হোক। ফিফার কাছে এমনই আবেদন করেছে ব্রাজিলীয় তারকার সাবেক ক্লাব সান্তোস। এ নিয়ে প্রথম মুখ খুললেন লুইস এনরিকে। বার্সেলোনা কোচ আরও একবার নিজের রসবোধের পরিচয় দিয়ে বললেন, ‘ছয় মাস? চাচ্ছেই যখন ছয় বছরেরই চাক। চাইতে তো আর দোষ নেই।’
নেইমারের সঙ্গে বার্সার চুক্তির আসল দর নিয়ে ধোঁয়াশা ছিলই। পরে জানা গেছে, বার্সেলোনার পক্ষ থেকে একটা বড় অঙ্কের টাকা নেইমারের ফাউন্ডেশনে দেওয়া হয়েছে। সান্তোস মনে করে, এভাবে সরাসরি নেইমারকে টাকা দিয়ে নেইমারের আসল দর কমিয়ে দিয়েছে বার্সা। এতে করে দল-বদলের বাজারে নেইমারকে বিক্রি করে যত পাওয়ার কথা ছিল, সান্তোসের ধারণা, তার চেয়ে ঢের কম মিলেছে। এ নিয়েই ফিফার দ্বারস্থ হয়েছে ব্রাজিলের ক্লাবটি। এ নিয়েই কাল সংবাদ সম্মেলনে মুখ খুললেন এনরিকে।
আরও অনেক কিছু নিয়েই কথা বলতে হলো প্রথম মৌসুমেই বার্সাকে ট্রেবল এ দেওয়া এই কোচ। বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার পরের তিনটা ম্যাচই রীতিমতো অগ্নিপরীক্ষা। ব্রাজিল, কলম্বিয়া আর চিলির মুখোমুখি হবে প্রথম দুই ম্যাচে ৫ পয়েন্ট হারানো আর্জেন্টিনা। মেসিকে তাই যত দ্রুত সম্ভব মাঠে ফেরাতে নাকি মরিয়া তারা। কিন্তু তাড়াহুড়ো করে ফেরালে মেসির জন্য দীর্ঘ মেয়াদে ক্ষতি হয়ে যাবে। এ ব্যাপারে বার্সাও নাকি তাদের উদ্বেগ আর ক্ষোভের কথা আর্জেন্টিনা ফুটবল সংস্থাকে (এএফএ) জানিয়েছে।
কিন্তু এনরিকে বলছেন, ‘অনেক গুজবই আছে, যেগুলোর কোনোটাই সত্যি বলে প্রমাণ নেই। আমি নিশ্চিত এএফএ আর বার্সা দুই পক্ষই চায় মেসি আগে শতভাগ ফিট হয়ে উঠুক। আমি যেমন এটা চাই, আমি নিশ্চিত টাটা মার্টিনোও তা-ই চান।’ মেসিকে আগামী এল ক্লাসিকোতে রিয়ালের বিপক্ষে খেলাতেই হবে, এমনও চাপ তৈরি করতে রাজি নন এনরিকে, ‘আমার একমাত্র চিন্তা ওর পুরো সেরে ওঠা নিয়ে। ও কোনো একটা নির্দিষ্ট ম্যাচের আগে ফিরল কিনা এটি মুখ্য নয়।’ সূত্র: মার্কা।