প্রেসিডেন্টের স্ত্রী কোনো দেশের ‘ফার্স্ট লেডি’। বিশ্বের সেরা ফুটবলারের স্ত্রী তাহলে কী হবেন? লিওনেল মেসি কাল আনুষ্ঠানিকভাবে বিয়ে করলেন জীবনসঙ্গী আন্তোনেল্লা রোকুজ্জোকে। এই মুহূর্তে বিশ্বের দুই সেরা খেলোয়াড়ের একজনের স্ত্রী রোকুজ্জো। বিশ্বজোড়া সেলিব্রিটি ম্যাগাজিনগুলো তাঁকে বলছে ফুটবলের ‘ফার্স্ট লেডি’।
মেসি-রোকুজ্জোর বিয়ের নিমন্ত্রণ রক্ষা করতে বিভিন্ন দেশ থেকে উড়ে এসেছেন ক্রীড়া আর বিনোদন জগতের বহু তারকা। ধনাঢ্য আর তারকা অতিথি যেমন ছিলেন এই দুজনের বিয়েতে, তেমনি ছিলেন মেসির শহরের খেটে খাওয়া কিছু মানুষও। যাঁরা মেসির সুখ-দুঃখের বন্ধু। বিয়েতে আমন্ত্রিত অতিথিদের অনেকের মুখেই একটা কথা ঘুরছিল—এত ওপরে উঠেছেন, কিন্তু মেসি আর রোকুজ্জো কেউই তাঁদের অতীত বা শিকড় ভোলেননি।
মেসি সত্যিই এমন। রোকুজ্জো আর তাঁর প্রেমকাহিনি শুনলেও মেসিকে সবাই ধন্য ধন্য করবেন। মেসি বা রোকুজ্জো তো বটেই, কাল সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেননি তাঁদের পরিবারের কেউই। এএফপিকে দুজনের প্রেমের গল্প শুনিয়েছেন তাঁদের বন্ধুরা। বেলা ভিস্তার এক মধ্যবিত্ত পরিবারে জন্ম রোকুজ্জোর। সেখানকার একটি বেসরকারি বিদ্যালয়ে পড়ার সময়েই মেসির সঙ্গে পরিচয়। দুজনেরই বয়স তখন ৯ বছর। প্রথম দেখাতেই রোকুজ্জোর প্রেমে পড়েছিলেন মেসি।
১৩ বছর বয়সে মেসি পাড়ি জমান স্পেনে। নাম লেখান বার্সেলোনার যুব প্রকল্পে। কিন্তু রোকুজ্জোর সঙ্গে যোগাযোগটা কখনোই বন্ধ করেননি। দুজনের যোগাযোগ হতো টেলিফোন আর চিঠিতে। ফ্রাঙ্কো লেনতিনি নামের মেসির এক বন্ধু বলেন, ‘আমরা আন্তোনেল্লাকে সব সময়ই এভাবে দেখতাম যে আমাদের প্রতিবেশী আর মেসির প্রেমিকা।’ আরেক বন্ধু ভায়েহস তো দুজনকে দেখেন জনম জনমের সঙ্গী হিসেবে, ‘ওরা একে অপরের জীবনের সবচেয়ে বড় ভালোবাসা।’ এএফপি।